
কলকাতা: বিনিয়োগ ও সঞ্চয় কতটা জরুরি, তা আজকের দিনে দাঁড়িয়ে আর নতুন করে বোঝানোর প্রয়োজন নেই। নিম্নবিত্ত, মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, সকলেই নিজেদের সাধ্যমতো অর্থ সঞ্চয় করেন। টাকা রাখেন বিভিন্ন বিনিয়োগ স্কিমে। তবে এখনও বিনিয়োগে অনেকেই চোখ বুজে ভরসা করেন পোস্ট অফিসকেই। আর জনপ্রিয় হবে নাই-বা কেন, পোস্ট অফিসে রয়েছে দারুণ দারুণ সব স্কিম, যেখানে বিনিয়োগ করলেই মেলে বিরাট রিটার্ন। সরকারি প্রকল্প হওয়ায়, আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও নেই।
পোস্ট অফিসে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় একটি অপশন হল রেকারিং ডিপোজিট বা আরডি। বর্তমানে রেকারিং ডিপোজিটে ৫.৮ শতাংশ থেকে ৬.৮ শতাংশ হারে বার্ষিক সুদ পাওয়া যায়। কতদিনের বিনিয়োগ করছেন, তার মেয়াদের উপরে সুদের হার নির্ভর করে।
সাধারণত রেকারিং ডিপোজিটের মেয়াদ ৫ বছরের হয়। ৫ বছর পূর্ণ হওয়ার পর বিনিয়োগকারী চাইলে আরও ৫ বছরের জন্য বিনিয়োগের মেয়াদ বাড়াতে পারেন। ধরা যাক, কোনও ব্যক্তি মাসে ৫ হাজার টাকা করে আরডি-তে রাখেন। ৫ বছরের মেয়াদে জমা অর্থের পরিমাণ হবে ৩ লক্ষ টাকা। এর উপরে সুদের হারে যোগ হবে ৫৪ হাজার ৯৫৭ টাকা।
আরও ৫ বছরের জন্য বিনিয়োগ করা হলে, ৬ লক্ষ টাকা কর্পাস বা জমা অর্থের উপরে ২ লক্ষ ৪৪ হাজার ৯৪০ টাকা জমা হবে। সব মিলিয়ে ১০ বছরে জমা অর্থের পরিমাণ হবে ৮ লক্ষ ৪৪ হাজার ৯৪০ টাকা।
যদি মিলিওনিয়ার হতে চান, তবে মাসে মাসে ৬ হাজার টাকা করে আরডি-তে রাখলেই হবে। ৬.৭ শতাংশ সুদের হারে ১০ বছরে জমা অর্থের পরিমাণ হবে ১০.২৫ লাখ টাকা।
তবে মনে রাখা দরকার, আরডি-তে বিনিয়োগের ক্ষেত্রে দেরিতে পেমেন্টের জন্য লেট ফাইন বা জরিমানা নেওয়া হয়। প্রতি ১০০ টাকায় ১ টাকা করে জরিমানা নেওয়া হয়।