WhatsApp Features: অ্যাকাউন্ট নেই, তবুও করা যাবে হোয়াটসঅ্যাপ কল! বড় চমক মেটার
WhatsApp Guest Calling Feature: নয়া ফিচারে বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে। অ্যাকাউন্ট ছাড়া যাঁরা কলে যোগ দেবেন, তাঁরা অন্য অংশগ্রহণকারীদের ফোন নম্বর দেখতে পারবেন না। পাশাপাশি, মেসেজ পাঠানো কিংবা সরাসরি অন্য কাউকে কলে যুক্ত করার সুবিধাও পাবেন না। এছাড়া, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে, এমন ব্যবহারকারীরাই গেস্ট কলের লিঙ্ক তৈরি করতে পারবেন।

নয়া দিল্লি: বর্তমান ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহার করেন না,এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ব্যক্তিগত কথোপকথন থেকে অফিসের গুরুত্বপূর্ণ মিটিং,সবেতেই এখন ভরসা মেটার (Meta) জনপ্রিয় মেসেজিং অ্যাপ। তবে এখনও এমন অনেকেই রয়েছেন, যাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই। এবার তাঁদের জন্যই দুর্দান্ত সুবিধা নিয়ে এল মেটা। এখন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলেও, এমনকী ফোনে অ্যাপ ইনস্টল করা না থাকলেও, হোয়াটসঅ্যাপ কল করতে পারবেন বা কোনও হোয়াটসঅ্যাপ কলে যোগ দিতে পারবেন।
সম্প্রতি নতুন ‘গেস্ট কলিং’ (Guest Calling) ফিচারের ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে যে কোনও ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ কলে আমন্ত্রণ জানানো যাবে। সম্পূর্ণ বিনামূল্যে মিলবে পরিষেবা। থাকছে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের (End-to-End Encryption) সুরক্ষাও। পাশাপাশি, কলের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময়সীমা থাকছে না। অফিসের মিটিং, অনলাইন ক্লাস কিংবা পরিচয় গোপন রেখে কোনও আলোচনায় অংশ নেওয়ার ক্ষেত্রেও এই ফিচার অত্যন্ত কার্যকর হতে পারে।
কবে থেকে মিলবে নতুন সুবিধা?
সম্প্রতি একটি পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইতিমধ্যেই নতুন গেস্ট কলিং ফিচার চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ধাপে ধাপে এই সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে ব্যবহারকারীদের কাছে। ফলে সকলের ফোনে একসঙ্গে ফিচারটি নাও আসতে পারে।
অ্যাকাউন্ট ছাড়াই কীভাবে হোয়াটসঅ্যাপ কলে যোগ দেবেন? দেখে নিন পদ্ধতি
- প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে ‘কলস’ ট্যাবে যেতে হবে।
- সেখানে প্লাস আইকনে ক্লিক করে একটি কল লিঙ্ক তৈরি করতে হবে।
- এরপর যাঁদের কলে আমন্ত্রণ জানাতে চান, তাঁদের সঙ্গে সেই লিঙ্ক শেয়ার করতে হবে।
- আমন্ত্রিত ব্যক্তি কম্পিউটারের ব্রাউজারে লিঙ্কটি খুলতে পারবেন। এর জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে হবে না।
- লিঙ্কে ক্লিক করার পর নিজের নাম লিখে কলে যোগ দেওয়ার জন্য অনুরোধ পাঠাতে হবে।
- তবে লিঙ্কে ক্লিক করলেই সরাসরি কলে যোগ দেওয়া যাবে না। প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিকে ওয়েটিং-এ থাকতে হবে। কলের হোস্ট অনুমতি দিলেই তিনি আলোচনায় যোগ দিতে পারবেন। প্রয়োজনে হোস্ট যে কোনও অতিথিকে কল থেকে সরিয়েও দিতে পারবেন।
একসঙ্গে কতজন কলে যোগ দিতে পারবেন?
নতুন গেস্ট কলিং ফিচারে ব্যক্তিগত কলের পাশাপাশি গ্রুপ কলের সুবিধাও থাকছে। একসঙ্গে সর্বোচ্চ ৩২ জন একটি কলে অংশ নিতে পারবেন। শুধু কথোপকথনই নয়, অ্যাকাউন্ট ছাড়া কলে যোগ দেওয়া ব্যক্তিরাও একাধিক গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন। যেমন, স্ক্রিন শেয়ারিং (Screen Sharing), ইমোজি রিঅ্যাকশন এবং আলোচনার মাঝে কিছু বলতে চাইলে হাত তোলার বা রেইস হ্যান্ড অপশন ব্যবহার করা যাবে। অর্থাৎ, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলেও কোনও অফিস মিটিং কিংবা অনলাইন ক্লাসে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন আমন্ত্রিত ব্যক্তিরা।
কী কী বিধিনিষেধ থাকছে?
তবে গেস্ট কলিং ফিচারে বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে। অ্যাকাউন্ট ছাড়া যাঁরা কলে যোগ দেবেন, তাঁরা অন্য অংশগ্রহণকারীদের ফোন নম্বর দেখতে পারবেন না। পাশাপাশি, মেসেজ পাঠানো কিংবা সরাসরি অন্য কাউকে কলে যুক্ত করার সুবিধাও পাবেন না। এছাড়া, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে, এমন ব্যবহারকারীরাই গেস্ট কলের লিঙ্ক তৈরি করতে পারবেন। অর্থাৎ, অ্যাকাউন্ট ছাড়া অন্যের কলে যোগ দেওয়া গেলেও নিজে থেকে নতুন কল শুরু করা যাবে না।
গুগল ক্যালেন্ডার ও আউটলুকের সঙ্গেও হোয়াটসঅ্যাপ
গেস্ট কলিংয়ের পাশাপাশি আরও একটি বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে হোয়াটসঅ্যাপ। চলতি বছরের শেষের দিকে গুগল ক্যালেন্ডার (Google Calendar) এবং মাইক্রোসফট আউটলুকের (Microsoft Outlook) সঙ্গে হোয়াটসঅ্যাপ যুক্ত করার সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার। নতুন এই ব্যবস্থায় একটি প্লাগইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্যালেন্ডারের সঙ্গে যুক্ত করা যাবে। এরপর কোনও মিটিংয়ের আমন্ত্রণপত্রে সরাসরি হোয়াটসঅ্যাপ কলের লিঙ্ক যোগ করতে পারবেন ব্যবহারকারীরা। আমন্ত্রিত ব্যক্তিরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, সেই লিঙ্ক ব্যবহার করে কলে যোগ দিতে পারবেন।
