West Bengal News Today Live: প্রতীক উরকে নিয়ে আজ সিদ্ধান্ত নেবে CPM? যুব সাথীর জন্য জেলায় জেলায় লম্বা লাইন

Breaking News in Bengali Live Updates: আসানসোলে মাকে গুলি করে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ছেলেও আত্মঘাতী হয়েছেন। শুক্রবার সকালে হুগলিতে যুব সাথীর ফর্ম পূরণের লাইনে দেখা গেল বিজেপি নেত্রীকে। চিংড়িঘাটা সুকান্তনগর ব্রিজে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ভবঘুরের। রাজ্যের প্রতি মুহূর্তের সব খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

West Bengal News Today Live: প্রতীক উরকে নিয়ে আজ সিদ্ধান্ত নেবে CPM? যুব সাথীর জন্য জেলায় জেলায় লম্বা লাইন
রাজ্যের সব খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়Image Credit source: TV9 Bangla

Feb 20, 2026 | 12:12 PM

LIVE NEWS & UPDATES

  • 20 Feb 2026 12:12 PM (IST)

    TMC: তৃণমূলের প্রার্থী তালিকায় এবার কি বড় চমক? কারা টিকিট পাবেন?

    মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে কী আলোচনা হল? (ফাইল ফোটো)

    • বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা কেমন হবে? গুরুত্ব বাড়বে যুব নেতাদের? চুলচেরা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে।
    • এরই মধ্যে চতুর্থবার ক্ষমতায় আসতে রণকৌশল তৈরিতে ব্যস্ত রাজ্যের শাসকদল। কালীঘাটে বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনও।
    • আর সেই বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

    বিস্তারিত: একাধিক হেভিওয়েট মন্ত্রীর আসন বদলানোর সম্ভাবনা, তৃণমূলের প্রার্থী তালিকায় কি যুবদের আধিপত্য বাড়ছে?

  • 20 Feb 2026 11:19 AM (IST)

    Yuva Sathi: হুগলিতে যুব সাথীর লাইনে বিজেপি নেত্রী

    • গত ১৫ ফেব্রুয়ারি থেকে যুব সাথী প্রকল্পের ফর্ম পূরণ শুরু হয়েছে। এদিনও সকাল থেকে জেলায় জেলায় যুব সাথীর ফর্ম পূরণে লম্বা লাইন দেখা গেল।
    • হুগলিতে এদিন রাজ্য সরকারের নতুন প্রকল্প যুব সাথীর ফর্ম ফিলাপের লাইনে দেখা গেল বিজেপি নেত্রীকে। গোঘাট-২ ব্লক অফিসে দেখা গেল এমনই ছবি। আরামবাগ টাউন মহিলা মোর্চার কনভেনার সুদেষ্ণা অধিকারী মোহান্ত যুবসাথীর ফর্ম ফিলাপ করে জমা দিয়েছেন।
    • বিজেপি নেত্রী দাবি করেন, তাঁর ছেলের জন্য তিনি এই ফর্ম ফিলাপ করেছেন। ফর্ম জমা দেওয়ার পর তিনি স্পষ্ট জানান, এই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাতেই হবে। পাশাপাশি রাজ্যে এত বেকারের সংখ্যা বাড়াটাও কাম্য নয় বলে তিনি দাবি করেন।
    • ওই বিজেপি নেত্রী আরও বলেন, এটা তৃণমূল দিচ্ছে না। সরকার দিচ্ছে। তাই এটা সকলের প্রাপ্য।
    • এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। গোঘাট-২ ব্লক তৃণমূলের সভাপতি সৌমেন দিগারের দাবি, এটাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য। উনি সবস্তরের সাধারণ মানুষের জন্য ভাবেন, এটাই তার প্রমাণ।
  • 20 Feb 2026 11:13 AM (IST)

    Kolkata: চিংড়িঘাটায় সুকান্তনগর ব্রিজে গাড়ির ধাক্কায় মৃত্যু ভবঘুরের

    • শুক্রবার সকালে চিংড়িঘাটায় সুকান্তনগর ব্রিজে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ভবঘুরের।
    • পুলিশ জানিয়েছে, আনুমানিক সকাল সাতটা নাগাদ চিংড়িঘাটা থেকে এক ভবঘুরে ব্রিজ ধরে সুকান্তনগরের দিকে হেঁটে যাচ্ছিল, ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা একটি গাড়ি পেছন থেকে ধাক্কা মারে। ওই ভবঘুরে ছিটকে গিয়ে পড়েন। তখন গাড়িটি তাঁর পায়ের উপর দিয়ে চলে যায়।
    • ঘটনাস্থলেই মৃত্যু হয় ভবঘুরের। খবর যায় দক্ষিণ বিধাননগর থানায়। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হবে।
    • ঘাতক গাড়িটিকে চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
  • 20 Feb 2026 11:10 AM (IST)

    Asansol: মাকে গুলি করে ঘরে আগুন লাগিয়ে আত্মঘাতী ছেলে

    • পারিবারিক অশান্তির জেরে মাকে গুলি করে ঘরে আগুন লাগিয়ে তারপর নিজেকে গুলি করে আত্মঘাতী হল ছেলে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার কলেজ রোডের রামকৃষ্ণ সরণিতে।
    • পরিবারের কর্তা দয়াময় মুখোপাধ্যায় জানান, কিছুটা মানসিক অসুস্থ ছিলেন তাঁর ছেলে রাজা। প্রায় ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হত।
    • বেসরকারি সংস্থায় বেসরকারি নিরাপত্তারক্ষীর কাজ করতেন বছর পঞ্চাশের রাজা। বুধবার পারিবারিক বিবাদের কারণে রাজা তাঁর বয়স্ক বাবা দয়াময়কে মারধর করেন। প্রাণে বাঁচতে দয়াময় পালিয়ে যান তাঁর মেয়ের বাড়ি পুরুলিয়ার কাশীপুরে।
    • বৃহস্পতিবার আবার অশান্তি শুরু হয় রাজা ও তাঁর মা সন্ধ্যা মুখোপাধ্যায়ের মধ্যে। তারপরই ঘটে এই ঘটনা। আগুনের খবর পেয়ে ছুটে আসে কুলটি থানার পুলিশ ও দমকল। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরেই গুলিবিদ্ধ ও অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় সন্ধ্যার। আশঙ্কাজনক অবস্থায় রাজাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
  • 20 Feb 2026 11:04 AM (IST)

    CPIM: প্রতীক উরকে নিয়ে সিপিএমের রাজ্য কমিটিতে আজ আলোচনার সম্ভাবনা

    • সিপিএম ছাড়ার কথা ঘোষণা করেছেন প্রতীক উর রহমান। গত কয়েকদিন ধরে তাঁর দলবদল নিয়ে নানা আলোচনা চলছে।
    • বৃহস্পতিবার থেকে সিপিএমের ২ দিনের রাজ্য কমিটির বৈঠক শুরু হয়েছে। প্রথম দিন বৈঠকে প্রতীক উরকে নিয়ে তেমন আলোচনা হয়নি।
    • আজ (শুক্রবার) প্রতীক উরকে নিয়ে রাজ্য কমিটির বৈঠকে আলোচনা হওয়ার কথা।
    • বৃহস্পতিবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছিলেন, রাজ্য কমিটির বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে প্রতীক উরকে নিয়ে মন্তব্য করবেন।

কলকাতা: গত কয়েকদিন ধরেই সিপিএমের তরুণ নেতা প্রতীক উর রহমানের দলবদল নিয়ে জল্পনা চলছে। শুক্রবার সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে প্রতীক উরকে নিয়ে আলোচনা হতে পারে। আবার যুব সাথী প্রকল্পের ফর্ম পূরণের জন্য এদিন সকাল থেকে জেলায় জেলায় লম্বা লাইন দেখা গিয়েছে। এসআইআর প্রক্রিয়ায় স্ক্রুটিনির কাজ চলছে। ভোটমুখী বাংলায় ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।