SIR in Bengal: শুনানি ঘিরে কী চলছে? বিডিও অফিসে আধিকারিককে হেনস্থার ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

SIR hearing: বিডিও অফিসে বিক্ষোভের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কটাক্ষ, 'বিডিও অফিসে এসআইআর শুনানিতে তাণ্ডব চালিয়েছে তৃণমূলের শান্তি বাহিনী।' রাজ্যে আইনশৃঙ্খলার অবস্থা বেহাল বলে তোপ দেগেছেন তিনি।

SIR in Bengal: শুনানি ঘিরে কী চলছে? বিডিও অফিসে আধিকারিককে হেনস্থার ঘটনায় রিপোর্ট তলব কমিশনের
বিডিও অফিসের ভিতর আধিকারিকের উপর চড়াওয়ের ছবি সামনে এসেছেImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 07, 2026 | 4:17 PM

বাদুড়িয়া: শনিবার-ই শেষ হচ্ছে এসআইআর-এ শুনানি পর্ব। আর এই শুনানিকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় বিডিও অফিসে তাণ্ডবের ছবি সামনে এল। আধিকারিককে হেনস্থা করা হয়। ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। ঘটনায় সরব হয়েছে বিজেপি। আবার বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় কমিশন ও বিজেপিকে কাঠগড়ায় তুলল তৃণমূল।

জানা গিয়েছে, স্থানীয় এক বিজেপি নেতা ৩৩ জনকে মৃত ও ১২ জনকে ডবল এন্ট্রি দেখিয়ে মোট ৪৫ জনের বিরুদ্ধে ৭ নম্বর ফর্ম পূরণ করে জমা দেন। এরপরই বাদুড়িয়ায় বিডিও অফিসে ঢুকে পড়েন অনেকে। যে আধিকারিক ফর্ম জমা নিয়েছেন, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।

বিক্ষোভকারীদের বক্তব্য, “বাদুড়িয়ার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথে ৪৫ জনের নামে ফর্ম ৭ পূরণ করে জমা দিয়েছেন বিজেপি নেতা দীপক মণ্ডল। এই ৪৫ জনের মধ্যে ৩৩ জনকে মৃত দেখানো হয়েছে, যাঁরা সবাই জীবিত। এবং ১২ জনের নাম দু’জায়গায় আছে বলে উল্লেখ করেছেন ওই বিজেপি নেতা। যেটা সত্য নয়।”

বিডিও অফিসে বিক্ষোভের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কটাক্ষ, ‘বিডিও অফিসে এসআইআর শুনানিতে তাণ্ডব চালিয়েছে তৃণমূলের শান্তি বাহিনী।’ রাজ্যে আইনশৃঙ্খলার অবস্থা বেহাল বলে তোপ দেগেছেন তিনি।

এই ঘটনায় পাল্টা কমিশন ও বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “প্রতিটি ঘটনার পিছনে একমাত্র দায়ী নির্বাচন কমিশন ও বিজেপি। অসভ্য় নির্বাচন কমিশন মানুষকে বাধ্য করছে খাদের কিনারে দাঁড়াতে। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়ে চায় কমিশন। ফলে মানুষের ক্ষোভ সঙ্গত। তবে সাধারণ মানুষের মধ্যে দুষ্কৃতীদের ঢুকিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। বিজেপি প্ল্যান করে এটা করিয়েছে। তবে মানুষের ক্ষোভ সঙ্গত।”