
কলকাতা: আগামী দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়াকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে তৎপর প্রশাসন। এই লক্ষ্যেই কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দা। বৈঠকে কলকাতার দুই জেলা নির্বাচনী আধিকারিক (DEO) এবং দুই ২৪ পরগনার ডিইও-রা উপস্থিত ছিলেন। এছাড়া সিভিল ও পুলিশ সেক্টর অফিসার এবং জেনারেল ও স্পেশ্যাল পর্যবেক্ষকরাও এই বৈঠকে অংশ নেন।
নিরাপত্তায় বিশেষ জোর
ভোটের দিন নিরাপত্তার কোনো ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের দিন কোথায়, কীভাবে এবং কত পুলিশ মোতায়েন থাকবে, তা নিয়ে এই বৈঠকে বিস্তারিত পরিকল্পনা করা হয়েছে। এছাড়া কুইক রেসপন্স টিম (ORT), এইচআরএফএস (HRFS) এবং কন্ট্রোল রুমের ব্যবস্থাপনা নিয়েও বিশদ আলোচনা করা হয়েছে।
সিপি-র নির্দেশ ও পরিকল্পনা
পুলিশ কমিশনার অজয় নন্দা জানান, কেন্দ্রীয় বাহিনীর (CRPF) ভূমিকা কী হবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার মোকাবিলা কীভাবে করা হবে, তা নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করা হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় তথ্য ও নির্দেশনা সম্বলিত একটি ‘পুলিশ অ্যারেঞ্জমেন্ট বুকলেট’ বা নির্দেশিকা প্রত্যেক পুলিশ কর্মী ও অফিসারকে প্রদান করা হয়েছে, যাতে ভোটের দিন কাজের ক্ষেত্রে কোনো বিভ্রান্তি না থাকে।
বাইক মিছিলের ওপর নিষেধাজ্ঞা
নির্বাচন কমিশনের বাইক মিছিল সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রসঙ্গে সিপি স্পষ্ট করে দিয়েছেন যে, এই বিষয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দিষ্ট নির্দেশ দিয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। উল্লেখ্য ভোটের ৭২ ঘণ্টা আগে বাইক ব্যানের নির্দেশ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
দ্বিতীয় দফায় শান্তি বজায় রাখাই এখন প্রশাসনের সামনে প্রধান চ্যালেঞ্জ। কমিশনের এই উচ্চপর্যায়ের বৈঠক থেকে স্পষ্ট যে, ভোটের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।