AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

First Ramayana movie: যিনি রাম, তিনিই সীতা! ১০৯ বছর আগে এই ‘রামায়ণ’ কাঁপিয়েছিল বক্স অফিস

Ramayana: রণবীর কাপুরের ৪০০০ কোটির রামায়ণ নিয়ে এখন চারদিকে জোর চর্চা। কিন্তু ১০৯ বছর আগে পর্দায় এসেছিল প্রথম রামায়ণ। আশ্চর্যের বিষয় হল, সেই নির্বাক ছবিতে যিনি রাম সেজেছিলেন, তিনিই আবার নিখুঁতভাবে সীতা হয়েছিলেন! কেন তাঁকেই করতে হয় দুটি চরিত্র? কত আয় করেছিল সেই ছবি?

First Ramayana movie: যিনি রাম, তিনিই সীতা! ১০৯ বছর আগে এই 'রামায়ণ' কাঁপিয়েছিল বক্স অফিস
কত টাকা আয় করেছিল সেই ছবি?Image Credit: social media
| Updated on: Nov 05, 2026 | 9:00 AM
Share

রণবীর কাপুরের (Ranbir Kapoor) ৪০০০ কোটি টাকা বাজেটের ‘রামায়ণ’ ছবিটি ঘিরে উন্মাদনার শেষ নেই। বড় পর্দায় তাঁকে রামের রূপে দেখতে মুখিয়ে আছেন সবাই। কিন্তু সিনেমার ইতিহাস ঘাটলে একটা দারুণ তথ্য সামনে আসে। আজ থেকে ঠিক ১০৯ বছর আগে পর্দায় প্রথমবার রামায়ণ ফুটে উঠেছিল। তখন ভিএফএ্যাক্স তো দূর, সিনেমায় কোনও শব্দই ছিল না! আর সবচেয়ে বড় চমক হল, সেই ছবিতে যিনি রাম সেজেছিলেন, তিনিই নিখুঁতভাবে সীতার অভিনয় করেছিলেন!

সালটা ছিল ১৯১৭। তখন সিনেমায় কোনও সংলাপ বা গান থাকত না। ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকে (Dadasaheb Phalke) তৈরি করলেন একটি সিনেমা। নাম রাখলেন ‘লঙ্কা দহন’। রাবণ ছলনা করে সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছে। তাঁকে উদ্ধার করতে রামের লড়াই, হনুমানের লঙ্কায় পা রাখা, সীতার সঙ্গে দেখা করা আর সবশেষে রাবণের লঙ্কায় আগুন লাগিয়ে দেওয়া, গোটা গল্পটাই পর্দায় দেখানো হয়। কোনও সংলাপ ছাড়া কেবল অভিনেতাদের চোখের চাউনি আর মুখের ভাব দেখেই গল্পের গভীরে ঢুকে গিয়েছিলেন দর্শকরা। এই ছবি পরিচালনার পাশাপাশি গল্প লেখা আর সিনেমা তৈরির পুরো দায়িত্ব দাদাসাহেব একাই সামলেছিলেন।

একই অঙ্গে রাম ও সীতা! এই ছবির সবচেয়ে অবাক করা দিক লুকিয়ে আছে এর চরিত্র বাছাইয়ে। এখন তো রাম আর সীতার জন্য আলাদা আলাদা বড় তারকা থাকেন। কিন্তু সে যুগে মেয়েদের সিনেমায় অভিনয় করা একদমই ভালো চোখে দেখা হত না। সম্ভ্রান্ত বাড়ির মেয়েরা তো ক্যামেরার সামনে আসতেনই না। তাই বাধ্য হয়ে রাম আর সীতা, এই দুই চরিত্রেই অভিনয় করেছিলেন এক পুরুষ। তাঁর নাম আন্না সালুঙ্কে (Anna Salunke)। একজন পুরুষ হয়েও নিখুঁতভাবে সীতার কষ্ট আর রামের তেজ পর্দায় ফুটিয়ে তুলেছিলেন তিনি। আন্না সালুঙ্কের এই জোড়া চরিত্রে অভিনয় করাকে ভারতীয় সিনেমার ইতিহাসে এক বড় সাফল্য হিসেবে ধরা হয়। পাশাপাশি, হনুমানের চরিত্রে গণপত জি শিন্ডে আর রাবণের চরিত্রে অভিনয় করেছিলেন ডি ডি দাবকে।

কত টাকা আয় করেছিল ছবিটি?

১০৯ বছর আগের সেই নির্বাক ছবি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। তখনকার দিনে ভগবানকে এভাবে জীবন্ত রূপে পর্দায় দেখাটা একটা বড় ব্যাপার ছিল। মুম্বইয়ের (তখনকার বোম্বে) ওয়েস্ট এন্ড সিনেমায় ছবিটি মুক্তি পায়। আর রিলিজ করার সঙ্গে সঙ্গেই সুপারহিট! দর্শকরা ছবিটিকে এতটা ভালোবেসেছিলেন যে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত টানা শো চলত। টিকিট কাটার জন্য রীতিমতো কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। একটা নির্বাক ছবি যে এতটা জনপ্রিয় হতে পারে, তা কেউ ভাবতেও পারেননি। শুনলে অবাক হতে হয়, প্রথম ১০ দিনেই ছবিটি সে যুগে আয় করেছিল প্রায় ৩২,০০০ টাকা! ১৯১৭ সালে এই টাকার অঙ্কটা ছিল রীতিমতো কল্পনার বাইরে। আজকের যুগে হাজার কোটির বাজেট থাকলেও, ১০৯ বছর আগের সেই সাদাকালো নির্বাক ছবি আজও সিনেমার ইতিহাসে এক অমর সৃষ্টি হয়ে রয়ে গিয়েছে।

Follow Us