AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Singer: হিজাব ছাড়াই ইউটিউবে গান গেয়েছিলেন! শাস্তিস্বরূপ আদালতের নির্দেশে ৭৪টি বেত্রাঘাত করা হল জনপ্রিয় গায়িকাকে

Parastoo Ahmadi: বাধ্যতামূলক হিজাব না পরে ইউটিউবে গান গেয়েছিলেন ইরানের ২৯ বছরের এক জনপ্রিয় গায়িকা। সেই অপরাধে কোম শহরে তাঁকে ও তাঁর দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত করার নির্দেশ দেয় আদালত।

Singer: হিজাব ছাড়াই ইউটিউবে গান গেয়েছিলেন! শাস্তিস্বরূপ আদালতের নির্দেশে ৭৪টি বেত্রাঘাত করা হল জনপ্রিয় গায়িকাকে
কী ঘটে গায়িকার সঙ্গে?
| Updated on: Nov 25, 2026 | 9:11 AM
Share

গান গেয়েছিলেন নিজের ইউটিউব চ্যানেলে। কিন্তু মাথায় ছিল না হিজাব, পরনে ছিল হাতকাটা পোশাক। আর তাতেই নেমে এল চরম বিপদ! ইরানের জনপ্রিয় গায়িকা পরস্তু আহমাদি (Parastoo Ahmadi)-কে দেওয়া হল ভয়ঙ্কর সাজা। কোম শহরে ২৯ বছরের এই গায়িকাকে ৭৪টি বেত্রাঘাত করা হয়েছে। রেহাই পাননি তাঁর গানের দলের চার পুরুষ সদস্যও। প্রত্যেকের পিঠেই পড়েছে ৭৪টি করে বেতের ঘা।

কী ঘটে সেই শিল্পীর সঙ্গে?

ঘটনার শুরু ২০২৪ সালের ডিসেম্বরে। ইরানের শরিয়া-ভিত্তিক আইন অনুযায়ী, প্রকাশ্যে মেয়েদের গান গাওয়া নিষেধ। কিশোরী বয়স পেরোলেই চুল ঢাকতে হিজাব এবং লম্বা, ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক। কিন্তু পরস্তু সেই নিয়ম মানেননি। ইউটিউবে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে তিনি হিজাব ছাড়াই গান গান। এই নিয়েই গত জুন মাসে কোমের একটি আদালত পরস্তু ও আরও আটজনকে দোষী সাব্যস্ত করে। অভিযোগ ওঠে, তাঁরা অশ্লীল জিনিস ছড়িয়ে মানুষের রুচিতে আঘাত করেছেন। যদিও শিল্পীরা এই অভিযোগ মানেননি। আদালত তাঁদের ৭৪টি বেত্রাঘাতের সাজা দেয়। সঙ্গে দু’বছরের জন্য গান-বাজনা, ভিডিয়ো তৈরি এবং দেশ ছাড়ার উপরেও নিষেধাজ্ঞা চাপে।

আইনজীবীদের সব চেষ্টা ব্যর্থ সেপ্টেম্বরের শেষে উচ্চ আদালতে আবেদন করেও লাভ হয়নি। সাজা বহাল থাকে। আইনজীবী মুস্তফা নিলি ও তাঁর সঙ্গীরা সাজা কমানো বা অন্তত পিছিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু সাজা কার্যকর করার দফতর কোনও কথাই শোনেনি। সোমবার কোমে ওই দফতরের তৃতীয় শাখায় ডেকে পাঠানো হয় তাঁদের। সেখানেই পরস্তুর সঙ্গে তিন বাদ্যযন্ত্রী সোহেল ফাগিহ-নাসিরি, আমিন তাহেরি, আমিরালি পিরনিয়া এবং প্রযোজক মহসেন লশকরিকে ৭৪টি করে বেত্রাঘাত করা হয়। সংস্কারপন্থী দৈনিক ‘এতেমাদ’ এই নামগুলি সামনে এনেছে।

ক্ষোভে ফুঁসছে মানবাধিকার মহল একজন শিল্পীকে এভাবে বেত মারার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। ইরানের অন্য শিল্পী ও মানবাধিকার কর্মীদের মতে, এটি নিষ্ঠুর ও অমানবিক শাস্তি, যা আন্তর্জাতিক আইনেরও বিরোধী। আমেরিকার মানবাধিকার সংস্থা ‘সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান’-এর অধিকর্তা বাহার গান্দেহারি কড়া প্রতিবাদ জানিয়েছেন। তাঁর কথায়, নিজের ইচ্ছেমতো গান গাওয়া ও পোশাক পরার জন্য এই শাস্তি আসলে মেয়েদের স্বাধীনতা কেড়ে নেওয়া এবং বৈষম্যমূলক আইনের প্রতিবাদকারীদের ভয় দেখানোর চেষ্টা।

ইরানে হিজাব নিয়ে ক্ষোভ নতুন নয়। ২০২২ সালের সেপ্টেম্বরে ঠিকমতো হিজাব না পরার অভিযোগে তেহরানে পুলিশের হাতে আটক হন ২২ বছরের কুর্দি তরুণী মাহসা আমিনি। পুলিশ হেফাজতে তাঁর মৃত্যুর পর দেশ জুড়ে আগুন জ্বলে ওঠে। রাস্তায় হিজাব পুড়িয়ে প্রতিবাদ জানান মেয়েরা। সেই আন্দোলনে নিরাপত্তাবাহিনীর হাতে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছিল। এরপর থেকেই বহু মেয়ে প্রকাশ্যে হিজাব পরা বন্ধ করে দেন। প্রশাসনও পাল্টা গ্রেফতারি, হুঁশিয়ারি ও দোকানপাট বন্ধের পথে হাঁটে।

চলতি বছরের জানুয়ারিতেও আর্থিক সংকটের জেরে ইরানে বড় আন্দোলন হয়। সেখানে কয়েক হাজার মানুষ মারা যান এবং হাজার হাজার মানুষ গ্রেফতার হন। নরওয়ের সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’-এর তথ্য বলছে, গত ফেব্রুয়ারির শেষে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর মৃত্যুদণ্ডের হার আরও বেড়ে গিয়েছে। জানুয়ারির আন্দোলনে যুক্ত ৩৯ জন পুরুষ ও ২০২২-এর আন্দোলনের দু’জনের মৃত্যুদণ্ড হয়েছে। এছাড়া নিষিদ্ধ বিরোধী দলের ১৬ জন এবং গুপ্তচরবৃত্তির দায়ে ১৭ জনের ফাঁসি কার্যকর হয়েছে। শুধু তাই নয়, জানুয়ারিতে আটক হওয়া ৬ মহিলা ও ৫ কিশোর-সহ আরও ১২১ জন এখন মৃত্যুদণ্ডের মুখে দাঁড়িয়ে রয়েছেন।

Follow Us