AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: ‘দু’বছরও টিকবে না এই প্রেম!’ জীতু উঠতেই ‘আই লাভ ইউ’ বলা সৃজলাকে রাত সাড়ে ৩টেয় কী চ্যালেঞ্জ ছুড়লেন নায়ক?

Jeetu Srijla: জীতু উঠে যেতেই চুপিচুপি ‘আই লাভ ইউ’ বললেন সৃজলা! কিন্তু কার উদ্দেশে? এই রহস্যের মাঝেই রাত সাড়ে ৩টেয় সৃজলার বর্তমান সম্পর্ক ভাঙার ভবিষ্যদ্বাণী করে দিলেন জীতু। কী কী বলেছেন তিনি?

Bigg Boss Bangla: ‘দু’বছরও টিকবে না এই প্রেম!’ জীতু উঠতেই ‘আই লাভ ইউ’ বলা সৃজলাকে রাত সাড়ে ৩টেয় কী চ্যালেঞ্জ ছুড়লেন নায়ক?
কী ঘটেছে বিগ বসের ঘরে?
| Updated on: Nov 25, 2026 | 8:45 AM
Share

একদিকে চুপিচুপি বলা ‘আই লাভ ইউ’, আর তার ঠিক পরেই রাত সাড়ে ৩টেয় সম্পর্ক ভাঙার ভবিষ্যদ্বাণী! বিগ বসের অন্দরমহলে জীতু কমল (Jeetu Kamal) এবং সৃজলা গুহ (Srijla Guha)-র সমীকরণ এখন তুঙ্গে। জীতু চলে যেতেই ফিসফিস করে ভালোবাসার কথা বললেন সৃজলা। কিন্তু সেই কথা কার উদ্দেশে? জীতু নাকি তাঁর বর্তমান প্রেমিক? এই ঘটনার পর গভীর রাতে শুরু হল সম্পর্কের চুলচেরা হিসাব।

কী ঘটেছে বিগ বসের ঘরে?

গভীর রাতের ঘটনার কিছুক্ষণ আগেই সৃজলার হাত ধরে নাছোড়বান্দা আবদার করছিলেন জীতু। আঙুলে আঙুল জড়িয়ে বারবার জানতে চাইছিলেন মনের আসল কথা। জীতুর সামনে তখন একটি শব্দও খরচ করেননি সৃজলা। কিন্তু জীতু সেখান থেকে উঠে যেতেই বদলে গেল ছবিটা। মনে মনে ‘আই লাভ ইউ’ বলে ওঠেন অভিনেত্রী। তবে তিনি জীতুকে ভালোবেসে একথা বললেন, নাকি নিজের বর্তমান সঙ্গীকে মনে করে, তা এখনও স্পষ্ট নয়।

এই ঘটনার পর ঘড়ির কাঁটায় তখন রাত সাড়ে ৩টে। ঘুম উড়েছে দু’জনেরই। সৃজলাকে সরাসরি জীতু প্রশ্ন করেন, তিনি কি সত্যিই বর্তমান সঙ্গীর সঙ্গে সারাজীবন থাকতে পারবেন? জবাবে সৃজলা জানান, সেটাই তাঁর কাছে সবচেয়ে বাস্তব সিদ্ধান্ত বলে মনে হয়। সৃজলার যুক্তি, জীবনে শুধু নিজের কথা ভাবার সুযোগ তাঁর নেই। কাঁধে অনেক দায়িত্ব। সঙ্গে পুরনো দিনের টানাপোড়েন তো আছেই। তাই বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভেবেই তাঁকে পা ফেলতে হবে।

সৃজলার এই যুক্তি মানতে নারাজ জীতু। তাঁর মতে, সৃজলা খুব স্বাধীনচেতা মানুষ। তাই অন্য কারও সঙ্গে মানিয়ে নিয়ে বেশিদিন সংসার করা তাঁর পক্ষে সহজ হবে না। জীতুর আশঙ্কা, দু’বছর প্রাণপণ চেষ্টা করার পরও হয়তো সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন সৃজলা।

এখানেই থামেননি অভিনেতা। সৃজলা চোট পাওয়ার পর তাঁর বর্তমান সঙ্গীর একটি ভিডিয়ো দেখেছিলেন জীতু। অভিনেতার দাবি, সেই ভিডিয়োতে ওই ব্যক্তির চোখে কোনও আবেগ ছিল না। জীতু অকপটে জানান, সৃজলাকে ছেড়ে থাকা তাঁর পক্ষে অসম্ভব। ভুল মানুষকে বিয়ে করলে রোজ অশান্তি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

জীতুর কথায়, সৃজলাকে সামলাতে গেলে পরিণত মনের মানুষ দরকার। সম্পর্কের খাতিরে জীতু নিজেও নিজের স্বভাব বদলে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে একতরফা চেষ্টায় যে সম্পর্ক এগোয় না, তা স্পষ্ট করে দেন। কথার শেষে ফাইনালের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দেন জীতু। ক্রিকেটের ভাষায় বলেন, “আমি একা ব্যাট করলে তো হবে না, তোমাকেও বল করতে হবে, খেলতে হবে। দেখা যাক।” হাতে আর মাত্র ১২ দিন সময়। কোন দিকে মোড় দেবে তাঁদের সম্পর্কের সমীকরণ? উত্তর সময় বলবে।

Follow Us