অডিশন দেওয়ার পরও আমিরকে ছবি থেকে বাদ দেন কিরণ, কেন?
Aamir Khan: 'লাপাতা লেডিস'-কেই নিজের পরবর্তী ছবি বলে দাবি করেন আমির খান, তাঁর কথায়, তিনি যখন কোনও ছবি করেন, সম্পূর্ণ রূপে সেই ছবির সঙ্গে জড়িয়ে পড়েন। আর সেটাই তাঁর ছবি হয়ে যায়। আমির খান প্রযোজনা সংস্থার অন্যতম সেরা ছবি হতে চলেছে 'লাপাতা লেডিস' বলেই দাবি করেন অভিনেতা।

আমির খান ও কিরণ রাও। বর্তমানে তাঁরা বৈবাহিক বন্ধন থেকে বেরিয়ে এসেছেন। তবে কর্মসূত্রের বন্ধন এখনও মজবুত। একে অন্যের হাতে হাত রেখে প্রযোজনার কাজ চালিয়ে যাচ্ছেন। অনে অন্যের প্রশংসায় পঞ্চমুখ বারবার। আর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরবর্তী ফসল হল ‘লাপাতা লেডিস’। TV9 নেটওয়ার্কের গ্লোবাল সামিটের তৃতীয় দিনে এই জুটি যে ফ্রেমে ধরা দিলেন, তা দেখে বোঝাই দায়, যে তাঁদের মধ্যে কোনও আইনি সম্পর্ক আর বর্তমান নয়। এখন তাঁরা হাতে হাত রেখে স্বপ্নপূরণে ব্যস্ত। একের পর এক ছবি পাইপলাইনে।
তবে আমির খানকে নিয়ে একটা প্রশ্ন এখন তুঙ্গে, কবে তিনি দাপটের সঙ্গে আবারও ফিরবেন পর্দায়। শেষ মুক্তি পাওয়া তিন ছবি ফ্লপ। সুপারস্টারের সেই স্পার্ক কোথায়? কবে আবার বড় পর্দায় ফিরবেন আমির খান? এই প্রসঙ্গে কোনও রাখ ঢাক না করেই আমির খান এদিন (২৭.২.২০২৪) জানিয়ে দিলেন, তিনি পরবর্তী ছবির শুটিং শুরু করে দিয়েছেন, ছবির নাম ‘সিতারে জমিন পার’। তবে তার আগেও দর্শকেরা তাঁকে দেখতে পাবেন। বেশ কয়েকটি আলাদা আলাদা বিষয় নিজেকে যুক্ত করেছেন তিনি। তবে কী সেই বিষয়গুলো, তা রহস্যই রাখলেন সিস্টার পারফেকশনিস্ট। যদিও ‘লাপাতা লেডিস’-কেই নিজের পরবর্তী ছবি বলে দাবি করেন আমির খান, তাঁর কথায়, তিনি যখন কোনও ছবি করেন, সম্পূর্ণ রূপে সেই ছবির সঙ্গে জড়িয়ে পড়েন। আর সেটাই তাঁর ছবি হয়ে যায়। আমির খান প্রযোজনা সংস্থার অন্যতম সেরা ছবি হতে চলেছে ‘লাপাতা লেডিস’ বলেই দাবি করেন অভিনেতা। যা কিরণ বানিয়েছেন। আমির একগাল হাসি নিয়ে কিরণের প্রতি এদিন কৃতজ্ঞতাও স্বীকার করেন।
এই ছবিতেই রবি কৃষণের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন আমির খান। তবে সেই চরিত্রে তাঁকে অভিনয় করতে দেননি কিরণ। অডিশন দিয়েও বাতিল হতে হয় আমিরকে। কেন জানেন? ঠিক কী ঘটেছিল? উত্তরে আমির খান বলেন, ” আমি কিরনওকে জানিয়েছিলাম, পুলিশের ওই চরিত্র আমি করতে চাই। তখন কিরণ আমায় বলেছিল, একটা ছোট্ট চরিত্রে তুমি আসবে, আর সবটাই কেমন যেন হয়ে যাবে। আমি তখন কিরণকে বুঝিয়ে ছিলাম, আমি এমন মেকআপ নিয়ে আসব কেউ আমায় চিনতে পারবে না, কিরণ হেসে উত্তর দিয়েছিল, আমির খানকে যদি কেউ চিনতে না পারে, তবে আমির খানকে ছবিতে নেওয়ার কী প্রয়োজন?” যদিও পরবর্তীতে এই জুটি জানান, তাঁরা স্থির করেছিলেন এই ছবিতে কোনও স্টার তকমা রাখবেন না তাঁরা। বরং এমন চরিত্রদের বাছাই করা হবে, যাঁরা এই চরিত্রের জন্যই। আর তেমনটাই করা হয়।
