কেন ‘ধুরন্ধর ২’ দেখেননি আমির খান? অভিনেতা বললেন…
টানটান উত্তেজনা, হাড়হিম করা অ্যাকশন আর দুর্দান্ত চিত্রনাট্যের জেরে এই ছবি এখন টক অফ দ্য টাউন। ছবির হিংস্রতা এবং হাই-ভোল্টেজ ড্রামা দর্শকদের মনে যেমন গেঁথে গিয়েছে, তেমনই রণবীর সিংয়ের অনবদ্য অভিনয় আর আদিত্য ধরের সাহসিকতার প্রশংসায় মেতেছেন দক্ষিণী থেকে বলিপাড়ার একঝাঁক মহাতারকা।

বক্স অফিসে ঝড় তুলেছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar 2: The Revenge)। টানটান উত্তেজনা, হাড়হিম করা অ্যাকশন আর দুর্দান্ত চিত্রনাট্যের জেরে এই ছবি এখন টক অফ দ্য টাউন। ছবির হিংস্রতা এবং হাই-ভোল্টেজ ড্রামা দর্শকদের মনে যেমন গেঁথে গিয়েছে, তেমনই রণবীর সিংয়ের অনবদ্য অভিনয় আর আদিত্য ধরের সাহসিকতার প্রশংসায় মেতেছেন দক্ষিণী থেকে বলিপাড়ার একঝাঁক মহাতারকা।
এস এস রাজামৌলি, রাম চরণ, মহেশ বাবু, বিজয় দেবেরাকোন্ডা থেকে শুরু করে অল্লু অর্জুন কিংবা রাকেশ রোশন তালিকাটা বেশ লম্বা। এবার সেই তালিকায় যুক্ত হলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ছবির অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত আমির পুরো টিমের জন্য পাঠালেন বিশেষ বার্তা।
সম্প্রতি দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFD) ২০২৬-এ উপস্থিত হয়েছিলেন আমির খান। গত ১৯শে মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ব্লকবাস্টার ছবি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অভিনেতা। আমির জানান, চারদিকে তিনি কেবল এই ছবির জয়গানই শুনছেন। যদিও তিনি স্বীকার করেছেন যে, কর্মব্যস্ততার কারণে ‘ধুরন্ধর’-এর এই দ্বিতীয় কিস্তিটি এখনও দেখে উঠতে পারেননি তিনি।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে আমিরকে বলতে শোনা যায়, “আমি যতদূর জানি, ছবিটি দারুণ ব্যবসা করছে। ব্যক্তিগতভাবে আমি এখনও ছবিটি দেখার সুযোগ পাইনি, তবে চারদিকে শুধু প্রশংসাই শুনছি। ধুরন্ধর-১ এবং এখন ধুরন্ধর-২— দু’টি ছবিই অসাধারণ সাফল্য পেয়েছে। পুরো টিমের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল।”
উল্লেখ্য, ‘ধুরন্ধর ২’ ইতিমধ্যেই বক্স অফিসে ৪০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে। রণবীর সিংয়ের কেরিয়ারের এই ছবি অন্যতম মাইলফলক হয়ে থাকবে বলেই মনে করছেন চলচ্চিত্র সমালোচকরা।
