AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Bachchan: ‘দাদা হিসেবে আমার পুরো দায়িত্ব নিয়েছেন…’, শাহরুখের কোন উপকারের কথা সামনে আনলেন অভিষেক বচ্চন?

Abhishek Bachchan on Shahrukh Khan: শাহরুখ খানকে নিজের 'দাদার' মতো উল্লেখ করে অভিষেক জানিয়েছেন, তাঁর কেরিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত প্রতি পদক্ষেপে শাহরুখ তাঁকে আগলে রেখেছেন এবং ব্যক্তিগত দায়িত্বের মতো পাশে থেকেছেন। আসন্ন ছবি ‘কিং’ (King)-এর শুটিং ও তাঁদের পুরনো দিনের স্মৃতিচারণা করতে গিয়েই এমন আবেগঘন মন্তব্য করেন জুনিয়র বচ্চন।

Abhishek Bachchan: ‘দাদা হিসেবে আমার পুরো দায়িত্ব নিয়েছেন...’, শাহরুখের কোন উপকারের কথা সামনে আনলেন অভিষেক বচ্চন?
| Updated on: Oct 07, 2026 | 12:54 PM
Share

বলিউড ইন্ডাস্ট্রিতে তারকাদের সমীকরণ নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। তবে এর মাঝেও কিছু সম্পর্ক এমনভাবে টিকে থাকে, যার পেছনে থাকে নিখাদ শ্রদ্ধা ও ভরসা। সম্প্রতি তেমনই এক সম্পর্কের কথা অকপটে প্রকাশ করলেন অভিনেতা অভিষেক বচ্চন। শাহরুখ খানকে নিজের ‘দাদার’ মতো উল্লেখ করে অভিষেক জানিয়েছেন, তাঁর কেরিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত প্রতি পদক্ষেপে শাহরুখ তাঁকে আগলে রেখেছেন এবং ব্যক্তিগত দায়িত্বের মতো পাশে থেকেছেন। আসন্ন ছবি ‘কিং’ (King)-এর শুটিং ও তাঁদের পুরনো দিনের স্মৃতিচারণা করতে গিয়েই এমন আবেগঘন মন্তব্য করেন জুনিয়র বচ্চন।

সম্প্রতি ‘বিবিসি এশিয়ান নেটওয়ার্ক’ (BBC Asian Network)-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন জানিয়েছেন তাঁর অভিনয়ে আসার আগের দিনগুলোর কথা। অভিনেতা জানান, বলিউডে পা রাখার আগে তাঁরা সচরাসচর উদয় চোপড়ার বাড়িতে রবিবারগুলো কাটাতেন। সেই আড্ডায় অভিষেক ছাড়াও উপস্থিত থাকতেন উদয় চোপড়া, সিকান্দার খের এবং হৃত্বিক রোশন। তাঁরা একসঙ্গে রবিবার মানেই ক্রিকেট খেলায় মেতে উঠতেন। আর সেই আড্ডায় মাঝেমধ্যেই যোগ দিতেন খোদ শাহরুখ খানও!

শাহরুখের সঙ্গে নিজের গভীর সম্পর্কের কথা বলতে গিয়ে অভিষেক জানান, সুপারস্টার শাহরুখ খানের প্রতি তাঁর মনে চিরকাল ‘অসীম ভালোবাসা ও শ্রদ্ধা’ রয়েছে। ছোট থেকেই তিনি শাহরুখকে বড় ভাইয়ের চোখেই দেখে এসেছেন।

শাহরুখের এই সমর্থ কেবল মুখের কথায় সীমাবদ্ধ ছিল না বলেই জানান অভিষেক। তাঁর কথায়, কেরিয়ারের জন্য শাহরুখ বহুবার আক্ষরিক অর্থেই ‘ব্যক্তিগত দায়িত্ব’ কাঁধে তুলে নিয়েছেন। এমনকি তাঁদের আসন্ন সিনেমা ‘কিং’ (King)-এর ক্ষেত্রেও এই বড় দাদার মতো সমর্থন বজায় রেখেছেন বাদশাহ। অভিষেক বলেন, “আমার কাজ এবং আমার কেরিয়ারের প্রতি উনি সবসময় অত্যন্ত সহায়ক ছিলেন। শুধু তাই নয়, অতীতে বহুবার উনি আমার ব্যক্তিগত দায়িত্ব নিয়েছেন এবং বর্তমানে আসন্ন ‘কিং’ সিনেমাতেও সেই সমর্থন বজায় রেখেছেন।”

ক্রিকেট খেলার পর সেই আড্ডার আসরেই চলত অভিনয় ও সিনেমার দুনিয়া নিয়ে নানা আলোচনা। যেহেতু অভিষেক ও তাঁর বন্ধুরা তখন সবেমাত্র কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন, তাই শাহরুখের কাছে তাঁরা অভিনয়ের নানা খুঁটিনাটি জানতে চাইতেন। একবার অভিষেক সরাসরি শাহরুখকে প্রশ্ন করেছিলেন যে, তাঁর নিজের কেরিয়ারের সেরা বা পছন্দের ছবি কোনটা?

উত্তরে শাহরুখ এমন একটি দর্শন তুলে ধরেন, যা আজও অভিষেকের মনে গেঁথে রয়েছে। শাহরুখ বলেছিলেন, তাঁর সেই মুহূর্তে করা কাজটিই তাঁর সবচেয়ে প্রিয় ছবি। অভিষেক অবাক হয়ে জানতে চান, তিনি কোন ছবির কথা বলছেন? শাহরুখ বুঝিয়ে বলেন, এই মুহূর্তে তিনি যে সিনেমাটিতে কাজ করছেন, সেটাই তাঁর কাছে সেরা। কারণ, যে ছবি তিনি এখন করছেন, সেটাই যদি তাঁর সবচেয়ে পছন্দের না হয়, তবে তিনি কেন সেই কাজটা করতে যাবেন?

শাহরুখের এই দৃষ্টিভঙ্গি আজও অভিষেকের কাজের ধরণকে পরিচালনা করে। অভিষেক জানান, অতীতের সাফল্য বা ব্যর্থতা ফেলে রেখে বর্তমানে যে কাজটা তিনি করছেন, সেটাই তাঁর কাছে সবচেয়ে সেরা হওয়া উচিত—এই মন্ত্রই তাঁকে সবসময় এগিয়ে চলতে সাহায্য করেছে। প্রসঙ্গত, এর আগে ‘কভি আলবিদা না কেহনা’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ ও অভিষেক। এবার পরিচালক সিদ্ধার্থ আনন্দের আসন্ন বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’ (King)-এ আবারও এক পর্দায় ম্যাজিক দেখাতে চলেছেন এই দুই তারকা। আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিনেমার।

Follow Us