Pradeep Rawat: প্রয়াত ‘গজনি’ প্রদীপ রাওয়াত
Pradeep Rawat death: বলিপাড়ার অভিনেতা যশপাল শর্মা সামাজিক মাধ্যমে প্রদীপের প্রয়াণের খবরটি প্রকাশ্যে আনেন। কেবল হিন্দি সিনেমাই নয়, দক্ষিণ ভারতের একাধিক আঞ্চলিক ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। জনপ্রিয় টিভি সিরিজ বি আর চোপড়ার 'মহাভারত'-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রেখেছিলেন প্রদীপ।

প্রয়াত ‘লগান’ ও ‘গজনি’-র মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করা প্রখ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত। দীর্ঘ দিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বলিপাড়ার অভিনেতা যশপাল শর্মা সামাজিক মাধ্যমে প্রদীপের প্রয়াণের খবরটি প্রকাশ্যে আনেন। কেবল হিন্দি সিনেমাই নয়, দক্ষিণ ভারতের একাধিক আঞ্চলিক ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। জনপ্রিয় টিভি সিরিজ বি আর চোপড়ার ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রেখেছিলেন প্রদীপ।
‘লগান’ ছবিতে প্রদীপের সহ-অভিনেতা যশপাল শর্মা ইনস্টাগ্রাম স্টোরিতে শোক প্রকাশ করে লেখেন, “আমাদের গজনি, লগান-এর ‘দেবা’ প্রদীপ রাওয়াত আর আমাদের মাঝে নেই। ঈশ্বর ওঁর আত্মাকে শান্তি দিক।”
সূত্রের খবর, প্রদীপ রাওয়াত দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসারে ভুগছিলেন। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা চলার পর সম্প্রতি তাঁকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

প্রদীপ রাওয়াতকে নিয়ে পোস্ট অভিনেতা যশপাল শর্মার।
রাজ বাব্বরের ‘আইতবার’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ ঘটেছিল প্রদীপ রাওয়াতের। এরপর ‘অগ্নিপথ’, ‘পথ্থর কে ফুল’, ‘সঙ্গদিল সনম’, ‘কোয়েলা’, ‘সরফরোশ’ এবং ‘লগান’-এর মতো একাধিক হিট চলচ্চিত্রে কাজ করেন তিনি। তবে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গজনি’ ছবিতে প্রধান খলনায়কের চরিত্রই তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।
হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষার সিনেমাতেও খলনায়ক হিসেবে তাঁর অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। পাশাপাশি টেলিভিশনেও ছিল তাঁর দীর্ঘ পদচারণা। ‘মহাভারত’ ছাড়াও দূরদর্শনের জনপ্রিয় ধারাবাহিক ‘তহকীকাত’, ‘চন্দ্রকান্তা’, ‘যুগ’ এবং ‘গুল সনৌবর’-এর মতো শো-তে কাজ করেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।
