Narendra Modi: ‘মোদীজির পা ধুয়ে সেই জল খেতে চাই!’ প্রধানমন্ত্রীকে বিষ্ণুর অবতার আখ্যা অভিনেতা সুদেশ বেরির
Narendra Modi : একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভগবান বিষ্ণুর অবতার বলে অভিহিত করে তিনি জানান, সুযোগ পেলে তিনি প্রধানমন্ত্রীর পা ধুইয়ে সেই জল পান করতে চান। সিজেপি-কে কটাক্ষ করে তিনি বলেন, এদের কর্মকাণ্ড দেশকে কেবল পেছনের দিকে ঠেলে দিচ্ছে।

যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র সাম্প্রতিক প্রতিবাদ কর্মসূচিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রবীণ অভিনেতা সুদেশ বেরি। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভগবান বিষ্ণুর অবতার বলে অভিহিত করে তিনি জানান, সুযোগ পেলে তিনি প্রধানমন্ত্রীর পা ধুইয়ে সেই জল পান করতে চান। সিজেপি-কে কটাক্ষ করে তিনি বলেন, এদের কর্মকাণ্ড দেশকে কেবল পেছনের দিকে ঠেলে দিচ্ছে।
সম্প্রতি ‘একম্পানি আক্কি’ (Accompany Akki) পডকাস্টে কথা বলার সময় সুদেশ বেরি বলেন, “আমি কোনও এজিপি, সিজেপি বুঝি না… এদের আমি চিনিও না। আমি শুধু জানি, এরা দেশকে পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এরা সবাই অকর্মণ্য, দেশের জন্য এদের কোনও কাজ নেই।”
জনস্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও যোগ করেন, “আপনারা যদি সত্যি সমাজের সেবা করতে চান, তবে শিশুদের জন্য পার্ক বানান, বয়স্কদের জন্য বৃদ্ধাশ্রম তৈরি করুন কিংবা অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করুন। শুধু যন্তর মন্তরে বসে ধরনা দিলে কোনও লাভ হবে না।”
সাক্ষাৎকারে যখন তাঁকে মনে করিয়ে দেওয়া হয় যে, তিনি একসময় শ্রদ্ধার প্রতীক হিসেবে নিজের মায়ের পা ধুয়ে সেই জল পান করেছিলেন, জবাবে অভিনেতা বলেন, “এখন আমি মোদীজির পা ধুয়ে সেই জল পান করতে চাই, যদি আপনারা ওঁর সঙ্গে আমার একটা সাক্ষাতের ব্যবস্থা করে দিতে পারেন। আমি ওঁর সঙ্গে কখনও দেখা করিনি, ব্যক্তিগতভাবে চিনিও না। ঠিক যেভাবে আমরা ঈশ্বরকে না দেখেও পূজা করি, আমিও মোদীজিকে সেভাবেই শ্রদ্ধা করি।”
নিজের এই অনুভূতির পক্ষে যুক্তি দিয়ে সুদেশ বেরি বলেন, “এতে ভুলের তো কিছু নেই, তাই না? আমি কোনও দল বা রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন মানুষ হিসেবে তাঁকে শ্রদ্ধা করি।” দেশে এখন ‘রাম রাজ্য’ প্রতিষ্ঠিত হয়েছে দাবি করে তিনি আরও জানান, সমালোচকরা যাই বলুন না কেন, প্রধানমন্ত্রীর বলয় বা তেজ স্পর্শ করার ক্ষমতা কারও নেই।
