PM Narendra Modi: ‘পেপার মাফিয়াদের ছাড়ব না’, নতুন রিলে কড়া বার্তা মোদীর
Anti Paper Leak: প্রধানমন্ত্রী মোদী জানান যে এই আইন দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বলেন, "এটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার পথে একটি বড় পদক্ষেপ। এই সংস্কারের কাজ ভবিষ্যতেও চলবে এবং প্রশ্নফাঁসের মতো ঘটনা দীর্ঘদিন চলতে দেওয়া হবে না।"

নয়া দিল্লি: সংসদের দুই কক্ষেই পাশ হল প্রশ্নপত্র ফাঁস বিরোধী সংশোধনী বিল (Anti Paper Leak Bill)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে। সংসদে এই সংশোধনী বিল পাশ হতেই বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তিনি সাফ বললেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে যারা খেলবে, তাদের ছাড়ব না।”
লোকসভার পর বৃহস্পতিবার রাজ্যসভায় পাশ হয়েছে পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬ বা অ্যান্টি-পেপার লিক বিল। এই বিল পাশ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্সটাগ্রামে নতুন রিল পোস্ট করেন এবং বলেন, “দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য করতে কেন্দ্র একের পর এক পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় সংস্কারের মাধ্যমে পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করার চেষ্টা চলছে।”
‘দশকের পর দশক ধরে প্রশ্নফাঁসের সমস্যা’-
প্রধানমন্ত্রী বলেন, “গত কয়েক দশক ধরে প্রতিটি রাজ্য এবং কেন্দ্র সরকার প্রশ্নফাঁসের সমস্যার সম্মুখীন হয়েছে। এর ফলে দেশের সন্তানদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে।”
প্রধানমন্ত্রী জানান, পরীক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ফাস্ট-ট্র্যাক ব্যবস্থা, টাস্ক ফোর্স গঠন এবং বিভিন্ন পক্ষের মতামত নেওয়ার মতো একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্যগুলির সঙ্গে সমন্বয় বাড়িয়েও কাজ করছে কেন্দ্র।
Parliament passes a Bill that makes our examination system more robust! pic.twitter.com/OEvLKXoUaf
— Narendra Modi (@narendramodi) July 30, 2026
তিনি বলেন, “বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। ফাস্ট-ট্র্যাক ব্যবস্থা চালু করা হচ্ছে এবং বিভিন্ন মহলের পরামর্শও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এখন সময়ের দাবি। শুধু কেন্দ্র নয়, সব রাজ্যেই প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে আধুনিক পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।”
‘পেপার মাফিয়াদের কাউকে ছাড়া হবে না’-
প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “কোনও পেপার মাফিয়া, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত কোনও চক্র কিংবা দেশের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলে, তাদের কাউকেই ছাড়া হবে না।”
কী রয়েছে নতুন বিলে?
নতুন সংশোধনী আইনের মাধ্যমে প্রশ্নফাঁস ও সংগঠিত পরীক্ষায় জালিয়াতি রুখতে আরও কঠোর শাস্তির ব্যবস্থা, দ্রুত তদন্ত এবং ফাস্ট-ট্র্যাক বিচারের ব্যবস্থা করা হবে।
প্রধানমন্ত্রী মোদী জানান যে এই আইন দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বলেন, “এটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার পথে একটি বড় পদক্ষেপ। এই সংস্কারের কাজ ভবিষ্যতেও চলবে এবং প্রশ্নফাঁসের মতো ঘটনা দীর্ঘদিন চলতে দেওয়া হবে না।”
