Bus Fare: বাস ভাড়া নিয়ে বড় খবর দিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং
Arjun Singh: সংগঠনের বক্তব্য, গত ৪৯ বছর ধরে বেসরকারি যাত্রী পরিবহন ক্ষেত্র অবহেলার শিকার। বিভিন্ন সময়ে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে জ্বালানির মূল্যবৃদ্ধি ও পরিচালন খরচের সঙ্গে আয়ের সামঞ্জস্য রাখা হয়নি। সর্বশেষ বাসভাড়া সংশোধন হয়েছিল ২০১৮ সালে। সেই সময় ডিজেলের দাম ছিল লিটারপ্রতি ৬৮ টাকা।

সৌরভ গুহ ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট
কলকাতা: মধ্যবিত্ত, নিম্নবিত্তের খরচ বাড়তে পারে আরও। বাড়তে পারে বাস ভাড়া। ইতিমধ্যেই পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের কাছে বাসের ভাড়া বৃদ্ধির আর্জি জানিয়েছে বেসরকারি বাস মালিক সংগঠন। মন্ত্রী জানিয়েছেন, ক্যাবিনেটে এই বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে।
বাস মালিকদের দাবি, ডিজেলের দাম বেড়েছে, যন্ত্রাংশ ও অন্যান্য খরচও বেড়েছে অনেকটাই। সেই তুলনায় বাস ভাড়া বাড়েনি। এরফলে বাস পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত যারা, তাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে। সেই কারণেই তারা এবার বাস ভাড়া বৃদ্ধির দাবি করেছেন। এই নিয়ে পরিবহন মন্ত্রীর কাছেও আর্জি জানিয়েছেন।
পরিবহন মন্ত্রী অর্জুন সিং বলেছেন, “ভালো পরিষেবা পেতে গেলে বাস ভাড়া বাড়ানো উচিত। বেসরকারি বাসের অবস্থা খুব খারাপ। টোটো বাজার খেয়ে ফেলেছে। বাস মালিকরা প্রস্তাব দিয়েছে ভাড়া বাড়ানোর। ক্যাবিনেটে এই বিষয়ে আলোচনা হবে।”
এদিকে, প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “দেখ কেমন লাগে তো বলতে পারব না, তবে দেখুন কেমন লাগে!”
কী বলছে বাস মালিক সংগঠন?
সংগঠনের জমা দেওয়া হিসাব অনুযায়ী, বাস পরিবহন ব্যবসায় গড়ে প্রায় ৬৯ শতাংশ ক্ষতি হচ্ছে। একটি বাস পরিবহন ব্যবসা শুরু করতে ন্যূনতম ৮০ লক্ষ টাকা বিনিয়োগের প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বাস মালিক ও তাঁদের পরিবারের জীবনযাত্রার খরচ মেটাতে ন্যূনতম ১৫ শতাংশ পারিশ্রমিক বা মুনাফা প্রয়োজন বলে দাবি করা হয়েছে। সাধারণ যাত্রী, পরিবহনকর্মী এবং বাস মালিকদের স্বার্থের কথা বিবেচনা করে দ্রুত উপযুক্ত বাসভাড়া বৃদ্ধির ব্যবস্থা করার জন্য পরিবহণমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে সংগঠন।
বাস ও মিনিবাস পরিচালনার খরচ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় যাত্রী ভাড়া পুনর্বিবেচনা করে বৃদ্ধির দাবি জানিয়েছে অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতিও। এই দাবিতে রাজ্যের পরিবহনমন্ত্রী তথা পরিবহন দফতরের মন্ত্রী-ইন-চার্জের কাছে লিখিত আবেদন জমা দিয়েছে সংগঠন।
সংগঠনের বক্তব্য, গত ৪৯ বছর ধরে বেসরকারি যাত্রী পরিবহন ক্ষেত্র অবহেলার শিকার। বিভিন্ন সময়ে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে জ্বালানির মূল্যবৃদ্ধি ও পরিচালন খরচের সঙ্গে আয়ের সামঞ্জস্য রাখা হয়নি। সর্বশেষ বাসভাড়া সংশোধন হয়েছিল ২০১৮ সালে। সেই সময় ডিজেলের দাম ছিল লিটারপ্রতি ৬৮ টাকা। বর্তমানে ডিজেলের দাম বেড়ে লিটারপ্রতি ১০০ টাকা হয়ে গিয়েছে। ডিজেলের পাশাপাশি বাসের যন্ত্রাংশ, অটোমোবাইল সামগ্রী এবং লুব্রিক্যান্টের দামও বেড়েছে।
এছাড়া নতুন ইউরো-৬ বাসের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ডিজেল এক্সহস্ট ফ্লুইড (DEF) ব্যবহারের কারণে পরিচালন খরচ আরও বাড়ছে। বাসের দৈনন্দিন রক্ষণাবেক্ষণ করাও মালিকদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। ফলে অনেক বাসের ন্যূনতম রক্ষণাবেক্ষণও সম্ভব হচ্ছে না।
অন্যদিকে, রোড পারমিট, বিভিন্ন সরকারি ফি, পুলিশি জরিমানা এবং জাতীয় সড়কের টোলের খরচ ক্রমাগত বাড়ছে। পরিবহন থেকে আয় না বাড়লেও বিমা, রোড ট্যাক্স, অন্যান্য খরচ এবং ব্যাঙ্কের ঋণের কিস্তি মেটাতে হিমশিম খাচ্ছেন বাস মালিকরা। সংগঠনের দাবি, বর্তমান পরিস্থিতিতে বেসরকারি বাস ও মিনিবাস পরিবহন শিল্প কার্যত ধসের মুখে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে বাস পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে রাজ্য সরকারকে পরিবহন শিল্পের আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছে সংগঠন।
গোটা রাজ্যের পরিসংখ্যান অনুযায়ী:
- ২০২০-২১ সালে বেসরকারি রুটের বাস ছিল ১১,৫০০ মতো।
- ২০২৬-২৭ সালে বেসরকারি রুটের বাস রয়েছে ৭০০০ মতো।
বৃহত্তর কলকাতার পরিসংখ্যান :
- ২০২০-২১ সালে বেসরকারি রুটের বাস ছিল ৬৭০০ মতো।
- ২০২৬-২৭ সালে বেসরকারি রুটের বাস রয়েছে ৩৫০০ মতো।
সাধারণ মানুষ কী বলছে?
সাধারণ মানুষ, যারা নিয়মিত বাসে যাতায়াত করেন, বাসের উপর নির্ভরশীল, তাদের বক্তব্য, বাস ভাড়া বাড়ালে, তারা অসুবিধায় পড়বে। পরিষেবা তো একে ভালো না, তার উপর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু আয় বাড়েনি। সেক্ষেত্রে যদি বাসের ভাড়া বাড়ানো হয়, তাহলে সাধারণ মানুষ যারা বাসের উপর নির্ভরশীল, তারা অসুবিধার মধ্যে পড়বে।
