AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh Khan: ‘ঘৃণাকে ভালোবাসায় বদলাব কী করে?’ ছোট ছেলের প্রশ্নে কী জবাব দেন বাবা শাহরুখ?

Indian soldiers tribute: মুম্বইয়ে 'গ্লোবাল পিস অনার্স'-এর মঞ্চে একদম অন্য মেজাজে ধরা দিলেন শাহরুখ খান। ২৬/১১ থেকে পহেলগাঁও ও দিল্লি বিস্ফোরণের শহিদদের স্মরণ করার পাশাপাশি শোনালেন ছোট ছেলের সঙ্গে হওয়া এক মন ছুঁয়ে যাওয়া গল্প। ছেলের সেই কঠিন প্রশ্নের কী জবাব দিয়েছিলেন বাদশা?

Shah Rukh Khan: ‘ঘৃণাকে ভালোবাসায় বদলাব কী করে?’ ছোট ছেলের প্রশ্নে কী জবাব দেন বাবা শাহরুখ?
কী বলেছেন তিনি?
| Updated on: Nov 22, 2026 | 12:36 PM
Share

শাহরুখ খান (Shah Rukh Khan) কথা বলবেন, আর ভক্তরা হাঁ করে শুনবে না, তাও কি হয়! পর্দায় দু’হাত ছড়ালে যেমন ঝড় ওঠে, তেমনই শনিবার মুম্বইয়ের মঞ্চে তাঁর কথায় বুঁদ হয়ে রইল গোটা হল। তবে এবার কোনও সিনেমার ডায়লগ নয়। দেশের বীর জওয়ানদের নিয়ে শোনালেন এমন চারটে লাইন, যে হাততালি আর থামতেই চাইল না! ২৬/১১-এর মুম্বই হামলা হোক, পহেলগাঁওয়ের জঙ্গি হানা বা সদ্য ঘটে যাওয়া দিল্লি বিস্ফোরণ, শহিদদের স্মরণে এদিন একদম অন্য মেজাজে ধরা দিলেন বাদশা।

ছোট ছেলের প্রশ্নে কী জবাব দিলেন বাবা শাহরুখ?

শনিবার মুম্বইয়ে ‘গ্লোবাল পিস অনার্স’-এর মঞ্চে হাজির ছিলেন শাহরুখ। সেখানেই গল্পের ছলে শোনালেন ছোট ছেলের সঙ্গে হওয়া এক মিষ্টি অভিজ্ঞতার কথা। একদিন ছেলে এসে সোজা প্রশ্ন করেছিল, ‘ঘৃণাকে কীভাবে ভালোবাসায় বদলে ফেলা যায়?’ উত্তরে বাবা শাহরুখ কিন্তু কোনও ভারী জ্ঞান দেননি। খুব সহজ করে বুঝিয়েছিলেন, মারামারি-হিংসার বদলে কথা বলা শুরু করলে আর ভয়ের জায়গায় বিশ্বাস রাখলেই সব মিটে যায়। সবাই মিলেমিশে থাকলে শেষমেশ জিত হয় ভালোবাসারই।

শাহরুখের সাফ কথা, শান্তি কোনও বড় বড় ভাষণের জিনিস নয়। এর শুরু আমাদের নিজের মনের ভেতর থেকেই। শান্তি মানে রোজকার একটা দায়িত্ব, একটা প্রতিজ্ঞা। আমরা সবাই সাধারণ মানুষ, আর সাধারণ মানুষের ক্ষমতাটা কিন্তু ভুলে গেলে চলবে না। সব কথায় সবার সঙ্গে একমত হতে হবে, এমন কোনও মানে নেই। তবে অন্যের দিকটাও একটু মন দিয়ে বোঝা দরকার। মানুষ মাত্রই অনেক বোকামি করে ঠিকই, কিন্তু আমাদের জন্য যেন কারও কোনও বিপদ বা কষ্ট না হয়। ভারত তো বরাবরই শান্তি আর মিলেমিশে থাকার উদাহরণ।

২৬/১১, পহেলগাঁও আর দিল্লি বিস্ফোরণে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানান শাহরুখ। কুর্নিশ জানান দেশের বীর নিরাপত্তারক্ষীদেরও। আর তারপরই জওয়ানদের উদ্দেশে শোনান সেই চারটে লাইন। বলেন, “কেউ যদি জিজ্ঞাসা করে কী কাজ করো, বুক ফুলিয়ে বলো দেশ পাহারা দিই। কত রোজগার করো জানতে চাইলে একটু হেসে বলো, ১৪০ কোটি মানুষের আশীর্বাদ কামাই। আর যদি পাল্টা প্রশ্ন করে, কখনও ভয় লাগে না? তবে চোখে চোখ রেখে বলে দিও, ভয় তো তাদের লাগে, যারা আমাদের ওপর হামলা করে!”

সবশেষে শাহরুখের একটাই ডাক, চারপাশের জাতপাত আর ভেদাভেদ ভুলে চলুন মানবতার পথে হাঁটি। তবেই তো দেশের শান্তির জন্য আমাদের বীর শহিদদের বলিদান সার্থক হবে। অমৃতা ফড়নবীশের ‘দিব্যজ ফাউন্ডেশন’-এর এই অনুষ্ঠানে হাজির ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও। সঙ্গে চাঁদের হাট বসিয়েছিলেন সচিন তেন্ডুলকর, রণবীর সিং, সুনীল শেট্টি আর বিক্রান্ত মাসি।

Follow Us