হঠাৎ কেন বিচ্ছেদের সিদ্ধান্ত? জানালেন মানসী সেনগুপ্ত

বিচ্ছেদের এই কঠিন সময়ে সবথেকে বেশি গুরুত্ব পাচ্ছে তাঁদের দুই সন্তান। বড় মেয়ে এখনও বাবা মায়ের বিচ্ছেদের বিষয়ে কিছু জানে না। মানসী জানান, বর্তমানে তাঁরা আলাদা থাকলেও সন্তানদের প্রয়োজনে সবসময় একে অপরের পাশে থাকছেন। এমনকি ছেলে মেয়ের সব দায়িত্ব পালন করছেন তার স্বামী।

হঠাৎ কেন বিচ্ছেদের সিদ্ধান্ত? জানালেন মানসী সেনগুপ্ত

Mar 20, 2026 | 11:16 AM

টলি-পাড়ায় ফের বিচ্ছেদের সুর। বেশ কিছু দিন ধরেই টলিউড অভিনেত্রী মানসী সেনগুপ্তের ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন চলছিল। বিশেষ করে ছেলের অন্নপ্রাশন থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন অনুষ্ঠানে তাঁর স্বামীকে পাশে না দেখতে পেয়ে নেটিজেনদের মনে দানা বেঁধেছিল হাজার প্রশ্ন। অবশেষে সেই জল্পনায় শিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই। কেন এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী? টিভি ৯ বাংলাকে জানালেন নিজেই।

মানসী জানিয়েছেন, এই সিদ্ধান্ত হঠাত্‍ করে নেওয়া হয়নি। বরং দীর্ঘদিনের পরিকল্পনা আর আলাপ-আলোচনার পরেই এই পথে হেঁটেছেন তাঁরা। অভিনেত্রীর কথায়, “বাচ্চাদের কথা ভেবে আমরা আরও একবার সুযোগ দিয়েছিলাম আমাদের সম্পর্কটাকে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, স্বামী-স্ত্রী হিসেবে আমাদের রসায়নটা আর ঠিকঠাক কাজ করছে না।” তবে সম্পর্কের তিক্ততা নিয়ে নয়, বরং একরাশ পরিণত বোধ ফুটে উঠেছে তাঁর গলায়। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, তাঁদের মধ্যে কোনও ব্যক্তিগত বিবাদ নেই এবং তাঁরা এখনও খুব ভালো বন্ধু। এমনকি বিচ্ছেদের আবহেও ছেলের জন্মদিনে দুজনকে একসঙ্গেই দেখা গিয়েছে।

বিচ্ছেদের এই কঠিন সময়ে সবথেকে বেশি গুরুত্ব পাচ্ছে তাঁদের দুই সন্তান। বড় মেয়ে এখনও বাবা মায়ের বিচ্ছেদের বিষয়ে কিছু জানে না। মানসী জানান, বর্তমানে তাঁরা আলাদা থাকলেও সন্তানদের প্রয়োজনে সবসময় একে অপরের পাশে থাকছেন। এমনকি ছেলে মেয়ের সব দায়িত্ব পালন করছেন তাঁর স্বামী। অভিনেত্রী বলেন, “স্বামী-স্ত্রী হিসেবে বিচ্ছেদ হলেও, অভিভাবক হিসেবে আমরা সারাজীবন একসঙ্গেই থাকব। বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে সব দায়িত্ব আমরা ভাগ করে নিয়েছি।”

বর্তমানে নিজের কাজ আর সন্তানদের নিয়েই ব্যস্ত থাকতে চাইছেন মানসী। স্টার জলসার ‘গঙ্গা’ সিরিয়াল সহ আরও বেশ কিছু প্রজেক্টে এই মুহূর্তে কাজ করছেন তিনি। জীবনের এই নতুন অধ্যায়ে সন্তানদের ভবিষ্যৎকেই বেশি গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী। নেটিজেনদের কৌতূহল মেটাতেই এই গোপনীয়তা বজায় না রেখে সরাসরি সত্যটা সামনে এনেছেন বলে জানিয়েছেন তিনি।

Follow Us