Akshay Kumar: ‘টুইঙ্কল যে কোনও সময় আমাকে খুন করতে পারে!’ বিস্ফোরক অক্ষয় কুমার
Akshay Kumar on Twinkle Khanna: হঠাৎ এমন কী হল, যার জন্য খিলাড়ি কুমারকে প্রকাশ্যেই দাবি করতে হল যে স্ত্রী টুইঙ্কল নাকি তাঁকে যে কোনও মুহূর্তে মেরে ফেলতে পারেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতার এমন মন্তব্যকে কেন্দ্র করেই শোরগোল পড়ে গিয়েছে টিনসেল টাউনে।

দেখতে দেখতে পার হয়ে গিয়েছে আড়াই দশক। বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসেবেই পরিচিত অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্না। দুই দশকেরও বেশি সময় ধরে একদিকে যেমন তাঁদের ‘খুল্লমখুল্লা’ রসায়ন ও ভালোবাসা নজর কেড়েছে নেটপাড়ার, তেমনই আবার একে অপরকে নিয়ে করা মজার সব পোস্ট দেখে হেসে খুন হয়েছেন অনুরাগীরা। কিন্তু হঠাৎ এমন কী হল, যার জন্য খিলাড়ি কুমারকে প্রকাশ্যেই দাবি করতে হল যে স্ত্রী টুইঙ্কল নাকি তাঁকে যে কোনও মুহূর্তে মেরে ফেলতে পারেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতার এমন মন্তব্যকে কেন্দ্র করেই শোরগোল পড়ে গিয়েছে টিনসেল টাউনে।
২৬ জুন, শুক্রবার মুক্তি পাচ্ছে অক্ষয়ের বহু প্রতীক্ষিত ছবি ‘ওয়েলকাম টু জঙ্গল’। আর সেই ছবির প্রচারের মাঠেই এক সাক্ষাৎকারে এমন মারাত্মক বোমা ফাটালেন অভিনেতা। রসিকতার ছলে স্ত্রীর আদুরে নাম টেনে অক্ষয় বলেন, “টিনা আমাকে যেকোনও দিন মেরে ফেলতে পারে!”
বলিউড মহলে অবশ্য টুইঙ্কলের ধারালো কলম এবং চাঁছাছোলা স্বভাবের কথা কারও অজানা নয়। তাঁর ‘শব্দবাণে’র ভয়ে রীতিমতো সিঁটিয়ে থাকেন মায়ানগরীর তারকারা। হাস্যরসের মোড়কে কখন কাকে যে তিনি কোণঠাসা করে ফেলবেন, তা আগে থেকে আন্দাজ করা মুশকিল। আর এই তালিকায় খোদ স্বামী অক্ষয় কুমারও বাদ পড়েন না। এর আগে অক্ষয়ের সিনেমা নির্বাচন থেকে শুরু করে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বহুল চর্চিত সাক্ষাৎকার— সব কিছু নিয়েই প্রকাশ্যে স্বামীকে ট্রোল করতে ছাড়েননি টুইঙ্কল।
সম্প্রতি এক আলাপচারিতায় অক্ষয়কে প্রশ্ন করা হয়েছিল, তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় সমালোচক কে? কোনও রকম দ্বিধা না রেখে অভিনেতা চটপট স্ত্রী টুইঙ্কলেরই নাম নেন। হাসিমুখেই খিলাড়ি স্বীকার করেন, “আমার ছবির সমালোচনা করার সময় ও কোনও রাখঢাক রাখে না। টিনা ভীষণ কঠোর। ওর জন্য ‘কঠোর’ শব্দটাও বোধহয় কম পড়ে যায়! ও যেকোনও সময় আমাকে মেরে ফেলতে পারে, তখন আর কিছু বলার থাকে না। অক্ষয়ের মতে, টুইঙ্কলের ভাবনাচিন্তার বিরোধিতা করলেই, টুইঙ্কল রেগে লাল হয়ে যায়। আর সেই রাগ আমি ভয় পাই।”
তবে সবসময় যে টুইঙ্কল কেবল খামতিই খোঁজেন, তা কিন্তু নয়। অক্ষয় জানান, কিছুদিন আগে মুক্তি পাওয়া তাঁর ‘ভূত বাংলা’ ছবির ট্রেলার দেখে দরাজ প্রশংসা করেছিলেন লেখিকা-অভিনেত্রী। স্ত্রীর কাছ থেকে এমন বিরল প্রশংসা পেয়ে এতটাই আপ্লুত ছিলেন অক্ষয় যে, তড়িঘড়ি ফোন করেছিলেন ছবির পরিচালক প্রিয়দর্শনকে। সেই স্মৃতি হাতড়ে অভিনেতা বলেন, “আমি স্যরকে (প্রিয়দর্শন) ফোন করে বললাম, আজ আমি ভীষণ খুশি। উনি কারণ জানতে চাইলে আমি জানাই— আমার স্ত্রী মেসেজ করে বলেছে ট্রেলারটা ওর দারুণ লেগেছে!” অক্ষয়ের মতে, টুইঙ্কলের কাছ থেকে এমন সার্টিফিকেট পাওয়া সত্যিই এক বিরল প্রাপ্তি।
