AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alka Yagnik: কতটা অসুস্থ অলকা ইয়াগনিক? পদ্মসম্মানের ভিডিয়ো ভাইরাল হতেই মুখ খুললেন গায়িকা

আসলে বছর দুয়েক আগে অলকা নিজেই ভক্তদের জানিয়েছিলেন যে, তিনি একটি বিরল স্নায়ুজনিত রোগে (Rare Sensory Neural Hearing Loss) আক্রান্ত, যার ফলে তাঁর শোনার ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে। সোমবারের ভিডিয়ো সেই আশঙ্কাকেই যেন নতুন করে উস্কে দেয়। অনুরাগীদের এই বিপুল উদ্বেগ ও কৌতুহলের পর অবশেষে আর চুপ থাকেননি অলকা। পদ্মসম্মান পাওয়ার পর সোশাল মিডিয়ায় একটি আবেগঘন ও দীর্ঘ পোস্টের মাধ্যমে নিজের বর্তমান পরিস্থিতি স্পষ্ট করেছেন তিনি।

Alka Yagnik: কতটা অসুস্থ অলকা ইয়াগনিক? পদ্মসম্মানের ভিডিয়ো ভাইরাল হতেই মুখ খুললেন গায়িকা
| Updated on: Jun 24, 2026 | 2:05 PM
Share

মঞ্চে তখন তাঁর নাম ঘোষণা করা হয়েছে। চারিদিকে করতালির শব্দ। আসন ছেড়ে ধীর পায়ে রাষ্ট্রপতির দিকে এগিয়ে গেলেন নব্বইয়ের দশকের আপামর সঙ্গীতপ্রেমীর নস্টালজিয়া— অলকা ইয়াগনিক। সোমবার রাষ্ট্রপতি ভবনে তাঁর হাতে তুলে দেওয়া হলো দেশের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘পদ্মভূষণ’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণামও করলেন প্রখ্যাত এই গায়িকা। কিন্তু এই গৌরবময় মুহূর্তের মধ্যেও অলকার শরীরী ভাষা এবং তাঁকে ঘিরে থাকা নিরাপত্তারক্ষীদের অতি-সতর্কতা এড়াতে পারল না অনুরাগীদের চোখ।

পুরস্কারের আনন্দের মাঝেই সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয় অলকা ইয়াগনিক মঞ্চে ওঠার সেই ভিডিয়ো। আর তা দেখেই উদ্বেগের ছায়া নেমে আসে অনুরাগী মহলে। ভিডিওতে দেখা যায়, অলকাকে বেশ ধীর গতিতে এবং আক্ষরিক অর্থেই ধরে ধরে মঞ্চে নিয়ে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। তা দেখেই প্রশ্ন উঠতে শুরু করে— ‘আমাদের প্রিয় গায়িকা কি সম্পূর্ণ সুস্থ?’ কেউ কেউ আবার তাঁর পুরনো অসুস্থতার কথা মনে করিয়ে দিয়ে লেখেন, ‘শ্রবণশক্তির সমস্যা কি তবে আরও গুরুতর রূপ নিল?’

আসলে বছর দুয়েক আগে অলকা নিজেই ভক্তদের জানিয়েছিলেন যে, তিনি একটি বিরল স্নায়ুজনিত রোগে (Rare Sensory Neural Hearing Loss) আক্রান্ত, যার ফলে তাঁর শোনার ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে। সোমবারের ভিডিয়ো সেই আশঙ্কাকেই যেন নতুন করে উস্কে দেয়। অনুরাগীদের এই বিপুল উদ্বেগ ও কৌতুহলের পর অবশেষে আর চুপ থাকেননি অলকা। পদ্মসম্মান পাওয়ার পর সোশাল মিডিয়ায় একটি আবেগঘন ও দীর্ঘ পোস্টের মাধ্যমে নিজের বর্তমান পরিস্থিতি স্পষ্ট করেছেন তিনি।

গায়িকা খোলাখুলি স্বীকার করেছেন যে, গত দুই বছর ধরে তিনি এক কঠিন শারীরিক ও মানসিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আর এই কারণেই নিজেকে জনসমক্ষ থেকে সম্পূর্ণ আড়ালে রেখেছিলেন। অলকা লিখেছেন, “প্রায় দুটো বছর আমি সেভাবে লাইমলাইটে আসিনি। নিজের স্বাস্থ্যজনিত সমস্যার কারণে ঘরবন্দি রেখেছিলাম নিজেকে। আমার এই ব্যক্তিগত লড়াই নিয়ে খুব বেশি কিছু কাউকে জানাইওনি। আপনারা সবাই জানেন, আমি জীবনের একটা ভীষণ কঠিন পর্বের মধ্য দিয়ে যাচ্ছি। তবে এই কঠিন সময়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা আর শুভেচ্ছাবার্তাই আমাকে প্রতিদিন লড়াই করার নতুন শক্তি জুগিয়েছে।”

এই রাষ্ট্রীয় সম্মানকে তাঁর জীবনের অন্যতম গর্বের এবং অত্যন্ত বিনম্র একটি মুহূর্ত বলে উল্লেখ করেছেন অলকা। তিনি জানান, মেডেলে হয়তো তাঁর নাম খোদাই করা আছে, কিন্তু এই সম্মানের প্রকৃত দাবিদার তাঁর কোটি কোটি শ্রোতা। যাঁরা প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর গানকে ভালোবেসেছেন এবং তাঁর জীবনের প্রতিটি চড়াই-উতরাইয়ে পাশে থেকেছেন, এই সম্মান তাঁদেরই। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, সুস্থতার এই লড়াই এখনই থামছে না, লিখেছেন— “সামনে এখনও অনেকটা পথ চলা বাকি।”

উল্লেখ্য, ২০২৪ সালে এক বিমানযাত্রার পর আচমকাই কানে তালা লেগে যাওয়ার মতো অনুভূতি হয় অলকার। তারপর থেকেই গুরুতর শ্রবণ সমস্যায় ভুগছেন তিনি। চিকিৎসকদের পরামর্শে চিকিৎসাধীন থাকায় হাতে একাধিক কাজের প্রস্তাব থাকা সত্ত্বেও আপাতত রেকর্ডিং স্টুডিও থেকে দূরে আছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ইমতিয়াজ আলির ‘চমকিলা’ ছবিতে শেষবার শোনা গিয়েছিল তাঁর কণ্ঠ। অনুরাগীদের এখন একটাই প্রার্থনা— সুরের জাদুকরী দ্রুত সুস্থ হয়ে আবার ফিরুন চেনা ছন্দে।

Follow Us