Amaal Mallik Tanishk Bagchi controversy: সাইয়ারা গান নকল,চুরি করা! একাধিক অভিযোগ টেনে তনিষ্ককে নিয়ে বোমা ফাটালেন অমল
Amaal Mallik vs Tanishk Bagchi: বলিউডে গান চুরি ও রিমিক্সের লড়াইয়ে এবার সুরকার অমল মালিকের বিস্ফোরক পোস্ট। নাম না করে তনিষ্ক বাগচীকে বিঁধে ক্ষোভ উগড়ে দিলেন সোশাল মিডিয়ায়। ঠিক কী ঘটেছে?

বলিউড সঙ্গীত জগতের অন্দরে কি আবার বড়সড় গৃহযুদ্ধ শুরু হল? বি-টাউনের সুরের জগতে মৌলিক গান বনাম রিমিক্সের লড়াই বহু পুরনো। তবে এবার সেই বিতর্ককে একেবারে প্রকাশ্যে এনে চরম বিস্ফোরণ ঘটালেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক অমল মালিক (Amaal Malik)। সোশাল মিডিয়ায় কারও নাম না নিয়ে একের পর এক কড়া বাক্যবাণে বিঁধেছেন তিনি। আর এই সংঘাতের তির যে বলিউডের ‘রিমিক্স ম্যান’ তনিষ্ক বাগচীর (Tanishk Bagchi) দিকেই, তা নিয়ে নেটপাড়ায় এখন তুমুল তরজা।
এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি তীক্ষ্ণ পোস্ট শেয়ার করে অমল সরাসরি সম্বোধন করেছেন, “প্রিয় মিস্টার রিমিক্স এবং মৌলিক গানের ধ্বংসকারী”। ক্ষোভ উগড়ে দিয়ে সুরকার লিখেছেন, প্রায় ১০ বছর দেরি হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু এবার তিনি সারা দুনিয়ার সামনে সংশ্লিষ্ট ব্যক্তির আসল রূপ স্পষ্ট করে দেবেন। সামনে ভাই বলে ডেকে পিছনে অন্য কথা বলার অভিযোগও তোলেন তিনি। অমলের দাবি, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোর পর সেই ব্যক্তির নাম উচ্চারণ করার ইচ্ছাও তাঁর আর নেই। সুরকারের এই বিষোদগারের তালিকায় উঠে এসেছে একের পর এক গুরুতর অভিযোগ। অমলের দাবি, ‘সাইয়ারা’ ছবির টাইটেল ট্র্যাকের আসল স্রষ্টা ফহীম আবদুল্লা ও আরসালান নিজামির চোখের সামনে থেকেই গানটি কার্যত কেড়ে নেওয়া হয়েছে। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে জানান, ওরা ‘সইয়াঁ মেরে’ গানটি প্রকাশ করলে সবাই বুঝতে পারবে আসল কৃতিত্ব কার। শুধু তা-ই নয়, তনিষ্কের তৈরি একাধিক মৌলিক গানকে ‘নকল’ আখ্যা দিয়ে অমল বলেন, সেগুলি নাকি পাকিস্তানি গান, অন্য সুরকারের সুর, লোকসঙ্গীত কিংবা ইউটিউব কভারের সুর থেকে টোকা। এমনকি গায়িকাদের সঙ্গে তনিষ্কের আচরণ নিয়েও ইঙ্গিতপূর্ণ বিস্ফোরক প্রশ্ন তুলেছেন অমল।
Dear Mr Remix & Destroyer of Originals 🤭
10 years too late but I will show the world your aukaad 🙂
You don’t deserve my mention also after all that has gone down, so please mera 2017-18 ka photos leke articles likhwana bandh kar Lala…
Paid PR ka paisa tum label se kama… pic.twitter.com/3ihxcQeYYo
— Amaal Mallik (@AmaalMallik) July 23, 2026
পাশাপাশি, পেইড পিআর (Paid PR) ও ছবি ব্যবহারের অভিযোগেও তোপ দেগেছেন তিনি। অমলের কড়া বার্তা, মিউজিক লেবেল থেকে পাওয়া টাকা দিয়ে এ ধরনের ভুয়ো প্রচার চালানো বন্ধ হোক। তাঁর ২০১৭-১৮ সালের পুরনো ছবি ব্যবহার করে খবর বা আর্টিক্যাল বানানো অবিলম্বে বন্ধ করার হুঙ্কার দিয়েছেন সুরকার। পোস্টের শেষে নিজের জমি বুঝিয়ে হুঁশিয়ারি দিয়ে লেখেন, “আমার সঙ্গে লাগতে এস না। এটা আমার জঙ্গল, আর এখানে সিংহ যখন শিকার করে তখন কিছুই অবশিষ্ট রাখে না”।
নিজের লেখায় অমল সরাসরি নাম মুখে না আনলেও তাঁর তির যে তনিষ্কের দিকেই, তা স্পষ্ট। তবে এই চাঞ্চল্যকর অভিযোগ ও জলঘোলার মাঝেও তনিষ্ক বাগচীর তরফ থেকে প্রকাশ্যে কোনও পাল্টা প্রতিক্রিয়া মেলেনি, তিনি সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছেন। হঠাৎ কেন অমল এতটা ক্ষুব্ধ হলেন, তা নিয়ে এখন তোলপাড় বি-টাউন।
