
হাসি যার মুখে লেগে থাকে, তাকে কি আর আইনি মারপ্যাঁচে আটকে রাখা যায়? বলিউডের ‘ছোটা ডন’ রাজপাল যাদবের বিগত কয়েকদিন ধরে পর্দায় নয়, বরং আদালতের চক্কর কেটেই কাটছিল সময়। ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় গত মাসেই জেলে যেতে হয়েছিল তাঁকে। কিন্তু জামিন পেয়েই দমে না গিয়ে একেবারে ছক্কা হাঁকালেন রাজপাল। কোনও সিনেমার ঘোষণা নয়, অভিনেতা এবার নিজেই হয়ে গেলেন ‘কন্টেন্ট ক্রিয়েটর’! ডিজিটাল দুনিয়ায় নিজের রাজত্ব গড়তে ধুমধাম করে লঞ্চ করলেন নিজস্ব ইউটিউব চ্যানেল।
নতুন শুরু, নামও খাস সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে অভিনেতা এই বড় খবরটি ভক্তদের জানান। অভিনেতা বলেন, “অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম। এবার সময় এসেছে নতুন একটা অধ্যায় শুরু করার।”
নিজের চ্যানেলের নামও রেখেছেন বেশ মানানসই ‘রাজপাল নওরং যাদব’। সেখানে কোনও গুরুগম্ভীর বিষয় নয়, বরং কচিকাঁচা থেকে বুড়ো- সবার মুখে হাসি ফোটাবেন তিনি।
কেন হঠাৎ এই সিদ্ধান্ত?
গত ৫ ফেব্রুয়ারি দিল্লির হাইকোর্ট রাজপালের সময় চাওয়ার আবেদন খারিজ করার পর তিনি আত্মসমর্পণ করেছিলেন। তবে ১৭ ফেব্রুয়ারি জামিন পান তিনি। আপাতত আগামী ১৮ মার্চ পর্যন্ত তাঁর সাজা স্থগিত রাখা হয়েছে। হাতে যেটুকু সময় আছে, সেটাকেই বোধহয় কাজে লাগাতে চাইছেন অভিনেতা। ভিডিয়ো বার্তায় তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এখানে শুধু কমেডি নয়, থাকবে তাঁর জীবনের নানা মুহূর্ত, ভ্লগ, ছোট সিরিজ এবং পর্দার পেছনের হাজারও না জানা গল্প।
অভিনেতার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিয়ো আসতেই কমেন্ট সেকশনে লাইক আর ভালোবাসার বন্যা বয়ে গিয়েছে। অনুরাগীদের বক্তব্য, “আইনি জটিলতা যাই থাকুক, রাজপালের ম্যাজিক কমেনি।” অভিনেতা নিজেও ভিডিয়োতে প্রতিশ্রুতি দিয়েছেন যে, ‘হাসি আর মাস্তি’র সেই পুরনো মেজাজ, যা সাধারণ দর্শক বারবার দেখতে চান সেটাই তিনি তাঁর ভিডিয়োতে তুলে ধরবেন।