Amitabh Bachchan Trick: সাজগোজ করতে দেরি করেন জয়া! জানেন স্ত্রীকে জব্দ করতে কী করেন অমিতাভ?
Amitabh Bachchan Jaya Bachchan: যে কোনও নিমন্ত্রণ সময়মতো পৌঁছনো নিয়ে বর-বউয়ের কচকচানি নতুন কিছু নয়। তবে এই তালিকায় সাধারণ মানুষের পাশাপাশি যে খোদ বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও আছেন, তা কে জানত! বিয়ের নিমন্ত্রণ বা যে কোনও জলসায় যাওয়ার আগে স্ত্রী জয়া বচ্চন যাতে দেরি না করেন, তার জন্য বিগ বি-র ঝুলিতে রয়েছে এক জাদুকরী টিপস।

যে কোনও নিমন্ত্রণ সময়মতো পৌঁছনো নিয়ে বর-বউয়ের কচকচানি নতুন কিছু নয়। তবে এই তালিকায় সাধারণ মানুষের পাশাপাশি যে খোদ বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও আছেন, তা কে জানত! বিয়ের নিমন্ত্রণ বা যে কোনও জলসায় যাওয়ার আগে স্ত্রী জয়া বচ্চন যাতে দেরি না করেন, তার জন্য বিগ বি-র ঝুলিতে রয়েছে এক জাদুকরী টিপস।
‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে এক প্রতিযোগী সুযোগ বুঝে অমিতাভকে প্রশ্ন ছুঁড়ে দেন— গিন্নি সাজগোজ করতে সময় নিলে তিনি কীভাবে পরিস্থিতি সামাল দেন? অমিতাভ এক গাল হেসে তাঁর সেই গোপন ফন্দি ফাঁস করে দেন। অভিনেতা জানান, তিনি নাকি ঘড়ির সময়টাই বদলে দেন স্ত্রীর জন্য!
অমিতাভের কথায়, “যখনই কোথাও নিমন্ত্রণ থাকে, আমি আসল সময়ের ঠিক এক ঘণ্টা আগের সময় বলি জয়াকে। ধরুন, বিয়েবাড়ির আসল সময় সন্ধ্যে ৬টা। আমি ওঁকে গিয়ে বলি ৫টায় বেরোতে হবে! ব্যস, অমনি সাড়ে তিনটা-চারটে থেকে প্রিপারেশন শুরু হয়ে যায়। আর আমরাও কোনও ঝঞ্ঝাট ছাড়া একেবারে কাঁটায় কাঁটায় সঠিক সময়ে গিয়ে পৌঁছই।” অমিতাভের এই মজাদার স্বীকারোক্তিতে স্টুডিওর দর্শকদের হাসি থামানো দায় হয়ে পড়ে। রিলস ও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় আসতেই হু হু করে ছড়িয়ে পড়ে তা। অনুরাগীদের একাংশের মতে, সুদীর্ঘ দাম্পত্যকে দীর্ঘজীবী ও মিষ্টি রাখার টোটকা এটাই!
তবে শুধু হাসি-ঠাট্টাই নয়, কিছুদিন আগে এই একই মঞ্চে দাঁড়িয়ে একটু অন্যরকম সুরে ধরা দিয়েছিলেন অমিতাভ। নিজের ব্লগে মনের গহীন অস্বস্তির কথা জানান বর্ষীয়ান অভিনেতা। প্রতি পর্বেই বহু প্রতিযোগী নিজেদের জীবনের কঠিন লড়াই ও কষ্টের কথা বলতে এসে কান্নায় ভেঙে পড়েন।
বিগ বি আক্ষেপের সুরে লেখেন, মানুষ যখন তাঁদের এত গভীর দুঃখের গল্প বলেন, তখন সঞ্চালক হিসেবে নিজের আবেগকে ধরে রাখা অসম্ভব হয়ে ওঠে। নিজেকে সামলে নিয়ে কীভাবে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবেন, তা নিয়ে দ্বন্দ্বে পড়েন। আর সেই ক্লান্তিকর অনুভূতি থেকেই আক্ষেপ করে তিনি লিখেছিলেন, “আমি এবার অবসর নিতে চাই। খুব দেরি হয়ে গিয়েছে।” অবশ্য মনের টানে এ কথা বললেও, অভিনয় বা সঞ্চালনা থেকে বিরতি নেওয়ার কোনও পাকাপাকি সিদ্ধান্ত তিনি এখনও নেননি।
