Amitabh Bachchan: চুপি চুপি অপারেশন করে বাড়ি ফিরলেন অমিতাভ! কোন রোগ গোপন রেখেছেন বিগবি?
Amitabh Bachchan reveals being admitted: জীবনের বিভিন্ন সময়ে নিজের একাধিক গুরুতর স্বাস্থ্য সমস্যা নিয়ে খোলামেলা কথা বলেছেন অমিতাভ। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির সেটে এক মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি, যার পর জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার এবং দীর্ঘ কয়েক মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছিল।

সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড শহেনশাহ অমিতাভ বচ্চন। তাঁকে বেশ কিছু দিন কাটাতে হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU)। তাঁর আচমকা এই হাসপাতালে যাওয়ার খবর নিজেই দিয়েছেন বিগবি। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরের এই সময়টিকে নিজের জীবনের “সবচেয়ে কঠিন পর্ব” বলে বর্ণনা করলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। যদিও ৮৩ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতা নিজের অস্ত্রোপচারের কারণ বা কবে এটি হয়েছিল তা স্পষ্টভাবে প্রকাশ করেননি, তবে তাঁর এই আবেগঘন ব্লগ পোস্ট অনুরাগীদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে ওঠার লড়াই এবং শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে বিগ বি জানান, হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফেরা মানেই কঠিন সময় পার হয়ে যাওয়া নয়। নিজের সাম্প্রতিক ব্লগে হাসপাতালের দিনগুলো এবং তার পরবর্তী প্রভাব নিয়ে তিনি লিখেছেন, “…হাসপাতালে অস্ত্রোপচার এবং দক্ষ চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের তত্ত্বাবধানে আইসিইউ-তে দিন কাটানো… তার পর ছুটি ও বাড়ি ফেরা… এই বাড়ি ফেরার সময়টাই আসলে শারীরিক, মানসিক এবং বাস্তবিক—সব দিক থেকেই জীবনের সবচেয়ে কঠিন পর্ব।”
পুনরুদ্ধারের এই লড়াইকে অপ্রত্যাশিত কোনো পরাজয়ের মুখোমুখি হওয়ার সঙ্গে তুলনা করে তিনি আরও লেখেন, “…আপনি একজন সম্মানিত চ্যাম্পিয়ন, কিন্তু একদিন হঠাৎ এক পরাজয় আপনার সামনে এসে দাঁড়াল… এটিই আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়।”
জীবনের এই পরিস্থিতির সঙ্গে লড়াই করার বিষয়ে অমিতাভ যোগ করেন, “…কেউ কেউ এর বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়, আবার কেউ হাল ছেড়ে দেয়… যারা লড়াই করে বীরের মতো টিকে থাকে, তারাই চিরকাল চ্যাম্পিয়ন থাকে… আর যারা পারে না, তারা নিজেদের নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয় এবং অতীত গৌরবকে সম্বল করে বেঁচে থাকে… এটি যার যার ব্যক্তিগত পছন্দ, এতে কারও ভুল বা ঠিক নেই… সবাই ভালো থাকুন, সুখে থাকুন।”
এই ব্লগ পোস্টটি প্রকাশের কিছুক্ষণ পরেই ‘এক্স’-এ একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেন অমিতাভ। সেখানে তিনি লেখেন, “খেলা শেষ হয়েছে! কিন্তু কাজ এখনও চলছে।”
তাঁরা প্রিয় তারকার এই বার্তা প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগের ছায়া নেমে আসে। অনুরাগীরা দ্রুত তাঁর আরোগ্য কামনা করে বার্তা পাঠাতে শুরু করেন। তবে তাঁর শারীরিক অবস্থা বা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অমিতাভ বচ্চন কিংবা তাঁর পরিবারের তরফ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, জীবনের বিভিন্ন সময়ে নিজের একাধিক গুরুতর স্বাস্থ্য সমস্যা নিয়ে খোলামেলা কথা বলেছেন অমিতাভ। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির সেটে এক মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি, যার পর জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার এবং দীর্ঘ কয়েক মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছিল। সেই সময় সংক্রমিত রক্ত সঞ্চালনের ফলে তাঁর শরীরে হেপাটাইটিস-বি ভাইরাস প্রবেশ করে। পরবর্তীতে তিনি নিজেই জানিয়েছিলেন যে, তাঁর লিভারের মাত্র ২৫ শতাংশ কার্যকর রয়েছে। তবে সমস্ত শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আজ অবধি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত ও সক্রিয় তারকা হিসেবে কাজ করে চলেছেন তিনি।
