Sohail Khan Love Story: বাধা ছিল ধর্ম, সলমনের ভাই হওয়াতেও বাধা! সীমাকে পেতে কোন শর্ত মানতে হয় সোহেলকে?
Sohail Khan marriage: একদিকে ভিন্ন ধর্মের টানাপোড়েন, অন্যদিকে সীমার নাকি আগেই অন্য জায়গায় বাগদান সম্পন্ন! পরিবারের অমতে এক রাতে চ্যাঙ্কি পাণ্ডের বাড়িতে গিয়ে ওঠে সীমা। খবর পেয়ে ছুটে আসেন বাবা। কান্নায় ভেঙে পড়েন দু’জনেই। আর ঠিক সেই চরম নাটকীয় মুহূর্তেই সোহেল খানের সামনে এক অবিশ্বাস্য শর্ত রেখে বসেন সীমার বাবা! কী ছিল সেই শর্ত?

একদিকে ভিন্ন ধর্মের টানাপোড়েন, অন্যদিকে সীমার নাকি আগেই অন্য জায়গায় বাগদান সম্পন্ন! পরিবারের অমতে এক রাতে চ্যাঙ্কি পাণ্ডের বাড়িতে গিয়ে ওঠেন সীমা। খবর পেয়ে ছুটে আসেন তাঁর বাবা। কান্নায় ভেঙে পড়েন দু’জনেই। আর ঠিক সেই চরম নাটকীয় মুহূর্তে সোহেল খানের সামনে এক অবিশ্বাস্য শর্ত রেখে বসেন সীমার বাবা। প্রেমের টান বনাম পরিবারের জেদের এই লড়াই শেষ পর্যন্ত কীভাবে পরিণতি পেয়েছিল? সম্প্রতি এক রিয়্যালিটি শো ‘দ্য অ্যালায়েন্স’-এ প্রাক্তন স্ত্রী সীমা সচদেবের সঙ্গে নিজেদের প্রেম ও বিয়ের সেই অজানা অধ্যায় নতুন করে ভাগ করে নিলেন অভিনেতা-প্রযোজক সোহেল খান।
নব্বইয়ের দশকের শেষের দিকে দিল্লিতে এক বিয়েবাড়িতে সীমার সঙ্গে প্রথম দেখা হয় সোহেলের। প্রথম দেখাতেই প্রেম। কিন্তু বিয়ের কথা এগোতেই বেঁকে বসে সীমার পরিবার। বাধা ছিল মূলত দুটি, প্রথমত, দু’জনের ভিন্ন ধর্ম। আর দ্বিতীয়ত, বলিপাড়ায় সলমন খানকে ঘিরে একাধিক বিতর্ক! সলমনের ছোট ভাই সোহেলের সঙ্গে মেয়ের বিয়ে দিলে সামাজিক নানা সমস্যার মুখে পড়তে হতে পারে, এই ভয়ে খান পরিবারে মেয়ে পাঠাতে একেবারেই নারাজ ছিলেন সীমার বাবা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে টানা চার মাস দু’জনের মধ্যে কোনও দেখাসাক্ষাৎই ছিল না।
এরপর মুম্বইয়ের এক রেস্তরাঁয় আচমকাই আবার দেখা হয় তাঁদের। সোহেল জানতে পারেন, তত দিনে অন্য এক যুবকের সঙ্গে সীমার বাগদান হয়ে গিয়েছে। বিতর্ক এড়াতে সোহেল নিজে থেকেই সীমাকে দূরে থাকার পরামর্শ দেন। কিন্তু সীমা স্পষ্ট জানান, ওই বাগদানে তিনি একেবারেই সুখী নন। এর পরই গল্পে আসে টুইস্ট। এক রাতে পরিবারকে না জানিয়ে বন্ধু চ্যাঙ্কি পাণ্ডে ও চিকি পাণ্ডের বাড়িতে চলে যান সীমা। সোহেল নিজে দায়িত্ব নিয়ে সীমার পরিবারকে খবর দেন যে সীমা কোথায় আছেন। বাবা-মেয়ের আবেগঘন সাক্ষাতের পর বরফ গলতে শুরু করে।
তবে একটি শর্ত রেখে বসেন সীমার বাবা, তিনি বলেন, “বিয়েটা হতে হবে হিন্দু মতে!” প্রখ্যাত চিত্রনাট্যকার সোহেলের বাবা সেলিম খানেরও অনুমতি নিতে বলেন তিনি। শেষমেশ দুই পরিবার মুখোমুখি বসে আলোচনা করার পর এবং মাত্র এক সপ্তাহের মধ্যে চার হাত এক হয় তাঁদের।
১৯৯৮ সালে সাতপাকে বাঁধা পড়ার পর টানা ২৪ বছর একসঙ্গে সংসার করেছেন এই জুটি। তাঁদের দুই সন্তানও রয়েছে, নির্বাণ ও রোহান। তবে ২০২২ সালে দীর্ঘ বিবাহিত জীবনের ইতি টেনে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। বর্তমানে বিচ্ছেদ হলেও সন্তানদের একসঙ্গে বড় করছেন দু’জনে। আর এখন একই রিয়্যালিটি শো-তে প্রতিযোগী হিসেবে দেখা যাচ্ছে প্রাক্তন এই দম্পতিকে।
