
সৃজলা গুহের সঙ্গে একসময় তুমুল প্রেম ছিল অভিনেতা রোহন ভট্টাচার্যের। গোটা লকডাউন একসঙ্গে থাকতেনও তাঁরা। হঠাৎ করেই প্রেম ভাঙে তাঁদের। শোনা যায়, সহ অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সৃজলা। এর পর থেকেই প্রেম-সম্পর্ক নিয়ে খানিক ব্যাকফুটেই ছিলেন তিনি। তবে আর রাখঢাক নয়। নিজের নতুন প্রেমের কথা স্বীকার করেই নিলেন অভিনেতা। কিছু দিন শোনা যাচ্ছিল সহ অভিনেতা অঙ্গনা রায়ের সঙ্গে প্রেম করছেন তিনি। স্টুডিয়ো পাড়াতেও শোনা যাচ্ছিল ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’তে অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েছেন ওঁরা। এতদিন গুঞ্জন হলেও এবার যেন সবটাই স্বীকার করে নিলেন রোহন।
অঙ্গনার সঙ্গে এক মিষ্টি ছবি শেয়ার করে লিখলেন, “তোমার সঙ্গে উড়তে চাই, তোমার সঙ্গে পড়তে চাই।” ব্যস, তাঁদের ভক্তরাও বেজায় খুশি। অনস্ক্রিন কাপল এখন অফস্ক্রিন, হ্যাঁ, ঠিক এমনটাই যে চেয়েছিলেন ওঁরা। যদিও রোহন এখনও অফিসিয়ালি এ নিয়ে মুখ খোলেননি। ওদিকে অঙ্গনাও সলজ্জ হেসে এড়িয়ে গিয়েছেন গোটা ব্যাপারটাই। তবে সত্যি কি আর চাপা থাকে? টলি-টাউনের এই নতুন জুটি নিয়ে এখন চলছে জোর আলোচনা।
সৃজলার সঙ্গে বিচ্ছেদের পর রোহনকে নিয়ে কম আলোচনা হয়নি। সে সময় এ নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, “আমাদের নিজেদের অনেক দিনের অনেক রকম প্রবলেমের কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই সময়টা আমাদের দুজনের জন্যই খুব কঠিন। আশা করি সেটা বুঝে আমাদের তেমন ভাবেই স্পেস দেওয়া হবে।” তবে আবারও নতুন ভাবে জীবন গুছিয়ে নিয়েছেন রোহন