AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোটি কোটি টাকার গয়না উধাও, নিউইয়র্কে অনুষ্ঠানে গিয়ে বিপাকে সোনম কাপুরের বোন

আন্তর্জাতিক ফ্যাশন জগতের সবচেয়ে বড় মঞ্চ ‘মেট গালা’য় যোগ দিতে গত এপ্রিলের শেষে নিউইয়র্ক উড়ে গিয়েছিলেন রিয়া কাপুর ও তাঁর টিম। সেই রাজকীয় অনুষ্ঠানের জন্যই মুম্বইয়ের দুই নামজাদা গয়না প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে ধার নেওয়া হয়েছিল দু’জোড়া এক্সক্লুসিভ হিরের দুল।

কোটি কোটি টাকার গয়না উধাও, নিউইয়র্কে অনুষ্ঠানে গিয়ে বিপাকে সোনম কাপুরের বোন
| Updated on: Jun 20, 2026 | 2:28 PM
Share

নিউইয়র্কের ‘মেট গালা’র রেড কার্পেটে কীভাবে উধাও কোটি টাকার হিরের? ১ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যের বহুমূল্য দু’জোড়া হিরের দুল চুরির ঘটনায় তোলপাড় বলিপাড়া। বিখ্যাত ফ্যাশন স্টাইলিস্ট রিয়া কাপুরের সংস্থার সদস্য তথা তারকা মেকআপ আর্টিস্ট সভলীন সিংহ ইতিমধ্যেই মুম্বইয়ের সহার থানায় এই মর্মে একটি লিখিত এফআইআর দায়ের করেছেন।

আন্তর্জাতিক ফ্যাশন জগতের সবচেয়ে বড় মঞ্চ ‘মেট গালা’য় যোগ দিতে গত এপ্রিলের শেষে নিউইয়র্ক উড়ে গিয়েছিলেন রিয়া কাপুর ও তাঁর টিম। সেই রাজকীয় অনুষ্ঠানের জন্যই মুম্বইয়ের দুই নামজাদা গয়না প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে ধার নেওয়া হয়েছিল দু’জোড়া এক্সক্লুসিভ হিরের দুল। নিয়ম ছিল, বিদেশ সফর সেরে ফিরে এসে সেই গয়না অক্ষত অবস্থায় ফেরত দেওয়া হবে। কিন্তু নিয়তির পরিহাসে তা আর সম্ভব হল না।

অভিযোগকারী সভলীন সিংহ পুলিশকে জানিয়েছেন, মেট গালায় ব্যবহারের জন্য ওই গয়নাগুলি অত্যন্ত সাবধানে দুটি আলাদা বাক্সে ভরে তিনি নিজের হ্যান্ডব্যাগে রেখেছিলেন। গত ২৭ এপ্রিল রাত ১০টা ২৫ মিনিটে ‘এমিরেট্‌স’-এর বিমানে মুম্বই থেকে রওনা দেয় রিয়ার পুরো টিম। দুবাইয়ে ট্রানজিট সেরে ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টা নাগাদ তাঁরা পৌঁছন নিউইয়র্ক বিমানবন্দরে। কিন্তু এর মাঝেই ঘটে যায় বিপত্তি।

ঠিক কী কী চুরি হয়েছে?

পুলিশের কাছে দেওয়া হিসাব অনুযায়ী, উধাও হওয়া গয়নাগুলির মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা। ১৮ ক্যারেটের সোনা, পান্না ও হিরে দিয়ে তৈরি একজোড়া দুল, যার আনুমানিক মূল্য ৬৬ লক্ষ টাকা। রাজকীয় জাম্বিয়ান পান্না বসানো সোনা ও হিরের বর্ডারযুক্ত আরও একজোড়া দুল, যার দাম প্রায় ৬৯ লক্ষ টাকা।

মুম্বইয়ে পা রেখেই তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হন সভলীন। তাঁর অভিযোগের ভিত্তিতে সহার থানার পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (BNS)-র ৩০৩(২) ধারায় চুরির মামলা রুজু করেছে।

তবে তদন্তকারীদের খটকা লাগছে এক জায়গায়— চুরিটা ঠিক কখন এবং কোথায় হল? মুম্বই বিমানবন্দর, বিমানের অন্দরমহল, দুবাইয়ের ট্রানজিট লাউঞ্জ নাকি নিউইয়র্কে নামার পর— কোন ফাঁকে হাতসাফাই হল কোটি টাকার গয়না, তা এখনও ধোঁয়াশায়। অপরাধীকে চিহ্নিত করতে আপাতত সিসিটিভি ফুটেজ ও বিমানের কর্মীদের তালিকা খতিয়ে দেখছে পুলিশ।

Follow Us