AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Kapoor: সানাই বাজার অপেক্ষায় কাপুর পরিবারে, জুলাইয়ের শুরুতেই বিয়ের পিঁড়িতে বনি-কন্যা!

Janhvi Kapoor Khushi Kapoor sister wedding: তাই বিন্দুমাত্র খামতি রাখতে রাজি নন নামী প্রযোজক-পরিচালক বনি কাপুর। ধুমধাম করে বিয়ের আয়োজনে ব্যস্ত তিনি। অন্যদিকে, আদরের বোনের জীবনের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে দাদা অর্জুন কাপুরও নাকি ইতিমধ্যেই সাজিয়ে ফেলেছেন দারুণ সব পরিকল্পনা। ঘনিষ্ঠ বৃত্তে বিয়ের আমন্ত্রণপত্র পাঠানোও শুরু করে দিয়েছেন বনি। বলিউডের চাঁদের হাট বসতে চলেছে এই বিয়েতে, তা বলাই বাহুল্য।

Arjun Kapoor: সানাই বাজার অপেক্ষায় কাপুর পরিবারে, জুলাইয়ের শুরুতেই বিয়ের পিঁড়িতে বনি-কন্যা!
| Updated on: May 28, 2026 | 8:19 PM
Share

কাপুর পরিবারে এখন উৎসবের মেজাজ যেন ফুরোতেই চাইছে না। কিছুদিন আগেই পুত্রসন্তানের জন্ম দিয়ে পরিবারে আনন্দের জোয়ার এনেছেন সোনম কাপুর। সেই খুশির রেশ মিলিয়ে যাওয়ার আগেই কাপুর পরিবারে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। বলিপাড়ার অন্দরের জোর খবর, আগামী ৬ জুলাই চার হাত এক হতে চলেছে। বিয়ের পিঁড়িতে বসছেন বনি-কন্যা অংশুলা কাপুর।

মেয়ের বিয়ে বলে কথা, তাই বিন্দুমাত্র খামতি রাখতে রাজি নন নামী প্রযোজক-পরিচালক বনি কাপুর। ধুমধাম করে বিয়ের আয়োজনে ব্যস্ত তিনি। অন্যদিকে, আদরের বোনের জীবনের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে দাদা অর্জুন কাপুরও নাকি ইতিমধ্যেই সাজিয়ে ফেলেছেন দারুণ সব পরিকল্পনা। ঘনিষ্ঠ বৃত্তে বিয়ের আমন্ত্রণপত্র পাঠানোও শুরু করে দিয়েছেন বনি। বলিউডের চাঁদের হাট বসতে চলেছে এই বিয়েতে, তা বলাই বাহুল্য।

অংশুলার দুই কাকা— অনিল কাপুর এবং সঞ্জয় কাপুর নিজেদের ঠাসা কাজের সূচির মধ্যেও ভাইঝির বিয়ের জন্য ৬ জুলাইয়ের দিনটি সম্পূর্ণ ফাঁকা করে রেখেছেন। তবে বিয়ের অন্দরমহলের আসল দায়িত্ব সামলাচ্ছেন অংশুলার দুই বোন জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর। দিদির পোশাক নির্বাচন, সাজগোজ থেকে শুরু করে বিয়ের তদারকি— সবটাই সামলাচ্ছেন এই দুই স্টার-সিস্টার।

এই মুহূর্তে জাহ্নবী তাঁর আসন্ন ছবি ‘পিদ্দী’-র প্রচারে দারুণ ব্যস্ত, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ। অন্যদিকে, খুশি কাপুরও সদ্যই গ্রিস থেকে ‘মম ২’ ছবির শুটিং পর্ব শেষ করে মুম্বইয়ে ফিরেছেন। উল্লেখ্য, মেয়ের এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন খোদ বনি কাপুরই। সমস্ত ব্যস্ততা সামলেও দিদির বিয়ে পার করতে কোমর বেঁধে নেমে পড়েছেন দুজনে। পরিবারের অন্যতম আদুরে মেয়ে অংশুলা। তাই বোনের বিয়ের এই বিশেষ মুহূর্তটি কোনওভাবেই ‘মিস’ করতে চান না দিদি সোনম কাপুর। লন্ডন থেকে দুই সন্তানকে নিয়ে তড়িঘড়ি মুম্বই উড়ে আসছেন তিনি। সঙ্গে থাকছেন স্বামী আনন্দ আহুজাও। কাপুর পরিবারের প্রায় সকলেই যখন বিয়ের প্রস্তুতিতে মশগুল, তখন এই হাই-প্রোফাইল বিয়ে নিয়ে এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও বিবৃতি দেওয়া হয়নি পরিবারের তরফে। খোদ কনে অংশুলাও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে টিনসেল টাউনের খবর, জুলাইয়ের শুরুতেই আরও এক রাজকীয় বিয়ের সাক্ষী হতে চলেছে বলিউড।

Follow Us