Bigg Boss Bangla: বিগ বস বাংলায় ঢুকেই তুলকালাম রাজবীরের! কাদের বললেন ‘চাঙ্গি মুঙ্গি’ দল?
Big Boss Bangla Controversy: ঘটনার সূত্রপাত মনামীর আগেভাগে বেছে নেওয়া সিঙ্গেল খাটটি রাজবীর নিজের দখলে নেওয়াকে কেন্দ্র করে। খাট ছাড়তে অস্বীকার করার পাশাপাশি উল্টে ঘরের বাকি সদস্যদের মেজাজ চড়িয়ে দেন তিনি। ঝগড়ার মাঝে আচমকাই সকলকে ‘কান ধরে সরি’ বলার নিদান দেন রাজবীর।

শিলিগুড়ির ছেলে রাজবীর দে ‘বিগ বস বাংলা’র ঘরে পা রাখতে না রাখতেই ওলটপালট পুরো ঘরের সমীকরণ। দ্বিতীয় সপ্তাহের শুরুতেই ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে এসে ঝিলম, নন্দিনী থেকে শুরু করে মনামী—সবার সঙ্গেই খটকা বাঁধিয়েছেন তিনি। আর মঙ্গলবার ক্যপ্টেন্সি টাস্ক চলাকালীন একের পর এক ঘটনায় পুরো ঘর এখন রাজবীরের বিরুদ্ধে একাট্টা।
ঘটনার সূত্রপাত মনামীর আগেভাগে বেছে নেওয়া সিঙ্গেল খাটটি রাজবীর নিজের দখলে নেওয়াকে কেন্দ্র করে। খাট ছাড়তে অস্বীকার করার পাশাপাশি উল্টে ঘরের বাকি সদস্যদের মেজাজ চড়িয়ে দেন তিনি। ঝগড়ার মাঝে আচমকাই সকলকে ‘কান ধরে সরি’ বলার নিদান দেন রাজবীর। এতেই পরিস্থিতি আগ্নেয়গিরির রূপ নেয়। এখানেই শেষ নয়, হাউজমেটদের ‘চাঙ্গি মুঙ্গির দল’ বলে কটাক্ষ করতেই রাজবীরের ওপর চড়াও হন এতদিন শান্ত থাকা সায়ক। রাগে পঞ্জাবির হাতা গুটিয়ে তীব্র প্রতিবাদ জানান তিনি। অন্যদিকে, দেখা গিয়েছে ঝিলমও সোহিনীকে পরামর্শ দিচ্ছেন রাজবীরকে সম্পূর্ণ একঘরে করার।
ঘরের ভেতরে সহ-প্রতিযোগীরা রাজবীরের ওপর চরম ক্ষুব্ধ হলেও, বাইরের দর্শকেরা কিন্তু এই ড্রামা বেশ উপভোগ করছেন। সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের মতে, এতদিন যে ন্যাকামো আর ফ্যামিলি মার্কা কনটেন্ট চলছিল, তা ভেঙে শো-এ আসল লড়াইয়ের মেজাজ এনেছেন রাজবীরই। অনেকের মতে, হিন্দি ‘বিগ বস’-এর মতো আসল দ্বন্দ ও টিআরপি এখন রাজবীরের দৌলতেই আসছে।
উল্লেখ্য, গ্ল্যামার দুনিয়ায় আসার আগে রাজবীর শিলিগুড়িতে একটি পোশাকের ব্যবসা চালাতেন। ২০১৭ সালে ‘পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা ছাড়াও জাতীয় স্তরে ‘এমটিভি রোডিজ’ ও ‘কসৌটি জিন্দেগি কি ২’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পান তিনি। বর্তমানে মুম্বইবাসী হলেও বাংলা টেলিভিশনে এটাই তাঁর প্রথম প্রজেক্ট। আর প্রথম সুযোগেই গোটা বিগ বসের নজর এখন নিজের দিকে টেনে নিয়েছেন রাজবীর।
