Bigg Boss Bangla: জীতু কি সৃজলার প্রেমে পড়েছেন?
Jeetu-Srijla: 'বিগ বস'-এর ঘরে দুর্নিবারের বিছানায় এক বালতি জল ঢাললেন জীতু কমল! নেপথ্যে কি শুধুই রাগ, নাকি সৃজলা গুহর প্রতি বিশেষ কোনও দুর্বলতা? এদিকে জীতুর অনুরোধ ফেলতে না পেরে টাস্কেও অংশ নিলেন অভিনেত্রী। তবে কি রেষারেষির মাঝেই নতুন প্রেমের গল্প শুরু হচ্ছে?

‘বিগ বস বাংলা’-র অন্দরমহলে রোজই নতুন নতুন চমক! একদিকে চরম শত্রুতা, অন্যদিকে কি নতুন প্রেমের সম্পর্ক তৈরি হচ্ছে? জীতু কমল এবং দুর্নিবার সাহার আদায়-কাঁচকলায় সম্পর্কের কথা এখন সকলেরই জানা। কিন্তু এবার সেই সংঘাত অন্য পর্যায়ে পৌঁছে গিয়েছে। আর এই গোটা বিতর্কের কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী সৃজলা গুহ। ক্যাপ্টেনের বিছানায় জল ঢালাকে কেন্দ্র করে যে রেষারেষির সূত্রপাত, তার নেপথ্যে নাকি রয়েছে এক অন্য সমীকরণ। সোশাল মিডিয়ায় সবাই আলোচনা করছে তেমনটাই!
ক্যাপ্টেন্সি টাস্ক শেষ হওয়ার পরই জীতু পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, ক্যাপ্টেন দুর্নিবারকে ঘরে একাই ঘুমতে হবে। সেখানে কোনওভাবেই নিরঞ্জনকে থাকতে দেওয়া যাবে না। নির্দেশ অমান্য করলে বিছানায় জল ঢেলে দেওয়ার কড়া হুমকিও দিয়েছিলেন তিনি। কিন্তু বাস্তবে দেখা যায় অন্য চিত্র। রাতে ক্যাপ্টেনের বিছানায় দুর্নিবারের সঙ্গে শুয়ে পড়েন নিরঞ্জন। এরপরই সোজা এক বালতি জল এনে বিছানায় ঢেলে দেন জীতু। ভরত কল, মনামী ঘোষ, নন্দিনী থেকে শুরু করে রাজবীর, সকলেই এই কাজের তীব্র প্রতিবাদ করেন। রাজবীর স্পষ্ট জানান, জীতুর এই আচরণ কখনও সমর্থনযোগ্য নয়।
উইকেন্ডের এপিসোডে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় এই নিয়ে প্রশ্ন তুললে প্রকাশ্যে আসে আসল সত্যিটা। বিছানায় জল ঢালার কারণ হিসেবে জীতু যা জানালেন, তাতে রীতিমতো চমকে গিয়েছেন সকলে। ‘অপরাজিত’ অভিনেতার দাবি, সৃজলার সঙ্গে ভরত কলের যখন তীব্র অশান্তি চলছিল, তখন দুর্নিবার একটিবারের জন্যও অভিনেত্রীর পাশে দাঁড়াননি। সেই রাগ থেকেই নাকি তিনি দুর্নিবারের বিছানায় জল ঢেলেছেন!
জীতুর মুখে এমন কথা শুনে বিগ বসের ঘরের অন্যান্য প্রতিযোগীরাও বেশ অবাক। অন্যদিকে, গতকালের এপিসোডেও দেখা গিয়েছে এক অন্য চিত্র। সৃজলা কিছুতেই একটি টাস্ক করতে চাইছিলেন না। কিন্তু এরপর বারবার জীতু তাঁকে অনুরোধ করতে থাকেন। জীতুর অনুরোধ ফেলতে না পেরে শেষমেশ টাস্কের আংশিক কাজে অংশ নিতে দেখা যায় সৃজলাকে। এই ঘটনা দেখে দর্শকদের একাংশের মত, সৃজলারও হয়তো জীতুকে মনে ধরেছে।
এই অতি-সক্রিয়তা কি নিছকই বন্ধুত্বের খাতিরে, নাকি মনের গহীন কোণে অন্য কোনও অনুভূতি দানা বাঁধছে? জীতু ক্রমশ সৃজলার প্রতি দুর্বল হয়ে পড়ছেন, আবার সৃজলাও তাঁর কথা রাখছেন, এই জল্পনা ঘিরেই সরগরম নেটপাড়া। আগামী দিনে জীতু ও সৃজলার সম্পর্কের সমীকরণ ঠিক কোন দিকে বাঁক নেয়, সেটাই এখন বিগ বসের সবচেয়ে বড় আকর্ষণ।
