Bigg Boss Bangla: ‘ইটস ওভার!’ নন্দিনীর সঙ্গে সম্পর্ক ভাঙলেন রাজবীর?
Rajveer Breaks up with Nandini Dutta: অন্যদিকে সেই একই ঘটনার রেশ ধরে এবার ফাটল ধরল রাজবীর ও নন্দিনীর সম্পর্কে। টাস্কে যে কীর্তি করেছেন মাশুল গুনতে গিয়ে কি এবার কাছের মানুষকেও হারালেন নন্দিনী? ঘরের অন্দরে তাঁদের সাম্প্রতিক কথোপকথন ঘিরে এখন জোর চর্চা নেটপাড়ায়।

বিগ বস বাংলা’র অন্দরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। একদিকে ক্যাপ্টেনসি টাস্কে প্রতিযোগী সৃজলা গুহকে চোট পাইয়ে পুরো ঘরের খলনায়িকা নন্দিনী দত্ত, অন্যদিকে সেই একই ঘটনার রেশ ধরে এবার ফাটল ধরল রাজবীর ও নন্দিনীর সম্পর্কে। টাস্কে যে কীর্তি করেছেন মাশুল গুনতে গিয়ে কি এবার কাছের মানুষকেও হারালেন নন্দিনী? ঘরের অন্দরে তাঁদের সাম্প্রতিক কথোপকথন ঘিরে এখন জোর চর্চা নেটপাড়ায়।
টাস্ক শেষ হতেই সোজা বাথরুম এরিয়ার দিকে চলে যান রাজবীর। তাঁর পিছু পিছু সেখানে পৌঁছন নন্দিনীও। কিন্তু নন্দিনীকে দেখেই রাজবীর স্পষ্ট ভাষায় জানিয়ে দেন— “ইটস ওভার!”। রাজবীরের মুখ থেকে এই রুক্ষ বার্তা শোনামাত্রই কান্নায় ভেঙে পড়েন নন্দিনী। রাজবীরের হাত ধরে আকুতি জানিয়ে বলতে থাকেন, “দয়া করে এমন কথা বলো না!” কিন্তু রাজবীর নিজের সিদ্ধান্তে অনড় থেকে উত্তর দেন, “তুমি আমার মন ভেঙেছ।”
নন্দিনী আত্মপক্ষ সমর্থন করে বোঝানোর চেষ্টা করেন যে, তিনি কোনও মিথ্যে বলছেন না বা কাউকে ইচ্ছে করে আঘাত করতে চাননি। তবে রাজবীর স্পষ্ট জানান, টাস্কে সৃজলার পাশাপাশি নন্দিনী তাঁকেও ঘোড়া থেকে নামিয়ে দিয়েছিলেন বলে তিনি এতটাও ক্ষুব্ধ নন। তাঁর আসল রাগ নন্দিনীর কূটকচালি ও মিথ্যে কথার ওপর, যা দিয়ে রাজবীরকে চালনা করার চেষ্টা করা হয়েছিল।
প্রসঙ্গ তুলে রাজবীর ফাঁস করেন, নন্দিনী তাঁকে ভুয়ো তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিলেন। নন্দিনী দাবি করেছিলেন প্রতিযোগী জীতু নাকি বলেছিলেন— ‘রাজবীরকে আজ কিছুতেই জিততে দেব না!’ কিন্তু আসল সত্যি প্রকাশ্যে আসতেই রাজবীরের ক্ষোভ দ্বিগুণ হয়। নন্দিনী সাফাই দেওয়ার চেষ্টা করে বলেন, মনামী নাকি তাঁকে এই কথাটি বলেছিলেন। তবে রাজবীর তা মানতে নারাজ। তিনি সপাট জানান, “মনামী আজ স্পষ্ট করে দিয়েছে যে জীতু এমন কথা বলেইনি। জীতু বলেছিল ও একা খেলছে। তুমি এই বানানো গল্প বলে আমার মাথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছ।”
রাজবীর ও নন্দিনীর মধ্যে যে সম্পর্কের সুবাস এতদিন দর্শক পাচ্ছিলেন, তা কি তবে এখানেই ইতি টানল, নাকি এটি কেবল সাময়িক মনোমালিন্য—তাই এখন দেখার।
অন্যদিকে, সৃজলাকে আঘাত করা এবং খেলায় হিংস্র আচরণের জন্য পুরো ঘর এখন নন্দিনীর বিরুদ্ধে। সোহিনী ও ঝিলমের মতো প্রতিযোগীরা তো নন্দিনীকে ‘টেরোরিস্ট’ আখ্যা দিতেও পিছপা হননি। নন্দিনীর এই বেপরোয়া আচরণের পর বিগ বস তাঁর বিরুদ্ধে কী কঠোর পদক্ষেপ নেন, সেদিকেই নজর সকলের। তবে সাধারণ দর্শকরা ইতিমধ্যেই সরব হয়েছেন—নিয়ম ভাঙার অপরাধে নন্দিনীকে অবিলম্বে ঘর থেকে বের করে দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। অন্তত সোশাল মিডিয়া তাই বলছে।
