AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: জীতু-রাজবীরের বন্ধুত্বে ফাটল! দাদার দরবারে জীতুর গেমপ্ল্যান ফাঁস করলেন রাজবীর

Entertainment News: বিগ বস বাংলার ঘরে নিত্যদিন বদলাচ্ছে সমীকরণ। রবিবার দাদার দরবারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনেই বোমা ফাটালেন রাজবীর দে। প্রকাশ্যে ফাঁস করলেন জীতু কমলের আসল গেমপ্ল্যান। কোন চাল চালছেন জীতু? কী জানালেন রাজবীর?

Bigg Boss Bangla: জীতু-রাজবীরের বন্ধুত্বে ফাটল! দাদার দরবারে জীতুর গেমপ্ল্যান ফাঁস করলেন রাজবীর
কী ঘটেছে বিগ বসের ঘরে?
| Updated on: Oct 19, 2026 | 10:22 AM
Share

বিগ বস বাংলার ঘরে কখন যে কার সঙ্গে কার সমীকরণ বদলে যায়, তা আগে থেকে বোঝা রীতিমতো মুশকিল। এই তো কয়েকদিন আগেও দু’জনের গলায় গলায় ভাব ছিল। কিন্তু এবার সেই রিয়্যালিটি শোয়ের অন্দরেই ফাটল ধরল জীতু কমল এবং রাজবীর দের বন্ধুত্বে। রবিবারের ‘দাদার দরবার’ পর্বে খোদ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনেই জীতুর আসল গেমপ্ল্যান ফাঁস করলেন রাজবীর। এতদিন যাঁদের ‘ভাই-ভাই’ সম্পর্ক বলে মনে করা হচ্ছিল, তাঁদের এমন প্রকাশ্য দ্বন্দ্বে অবাক দর্শকরা।

রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলার সময় রাজবীর স্পষ্ট জানান, তিনি জীতুর সব চাল ধরে ফেলেছেন। বিগ বসের ঘরে জীতু ঠিক কী কৌশল নিয়ে এগোচ্ছেন, তা আর রাজবীরের কাছে আর অজানা নয়। তাঁর কথায়, “ও সবার সঙ্গে আগে মিশবে। তারপর খুঁত বা লুপহোল ধরবে। আর সেটা নিয়েই ঘাঁটতে থাকবে।” নিজের এই দাবির সপক্ষে দুর্নিবার সাহা এবং মনামী ঘোষের সঙ্গে জীতুর করা আচরণের উদাহরণও সকলের সামনে তুলে ধরেন তিনি।

রাজবীর প্রকাশ্যে এও দাবি করেন যে, জীতু নিজে এই মুহূর্তে ক্যাপ্টেন হতে চান না। তিনি আসলে পর্দার আড়ালে থেকে ‘কিংমেকার’ হতে চান। রাজবীরের দাবি, নিজের খেলা খারাপ করে জীতু নাকি তাঁকেই জেতাতে চাইছেন। তাঁকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। কিন্তু জীতুর এই ছক খুব সন্তর্পণে বানচাল করে দিয়েছেন রাজবীর নিজেই। শেষ দিনের ক্যাপ্টেন্সি টাস্কে জেতার পর তিনি নিজে বা জীতুকে নয়, সোজা দুর্নিবারকে ক্যাপ্টেন তৈরি করেছেন।

রাজবীরের মুখে জীতুর বিরুদ্ধে এমন কথা শুনে অবাক হয়ে যান খোদ দাদা। তিনি বলেন, “এই প্রথমবার রাজবীর জীতুর বিরুদ্ধে কথা বলল।” যদিও জীতু এই বিষয়ে পালটা কোনও আক্রমণ করেননি। তিনি বেশ শান্ত মেজাজেই স্পষ্ট জানান, রাজবীর যা-ই বলুন না কেন, তিনি তাঁর বিরুদ্ধে একটি শব্দও বলবেন না।

তবে রবিবার দাদার দরবারে জীতুকে কড়া ধমক খেতে হয় সৌরভের কাছে। পিরামিড টাস্কে ক্রমাগত মনামীকে টার্গেট করে বল মারা এবং ক্যাপ্টেনের বিছানায় জল ঢেলে দেওয়ার তীব্র বিরোধিতা করেন দাদা। খেলার মধ্যে কখনও কোনও মহিলাকে যেন আঘাত না করা হয়, সেই বিষয়ে জীতুকে কড়া ভাষায় সতর্ক করে দেন তিনি।

গত ৩০ অগস্ট থেকে শুরু হয়েছে বিগ বস বাংলা। ইতিমধ্যেই খেলা থেকে বাদ পড়েছেন জয়িতা চট্টোপাধ্যায়, অ্যালেক্সজান্দ্রা টেলর এবং সায়ক চক্রবর্তী। বাদ গিয়েছেন সোহিনী পাল, দীপেন্দু বিশ্বাস,অনুষ্কা। শারীরিক অসুস্থতার কারণে বেরিয়ে গিয়েছেন ঝিলম। অন্যদিকে, ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন সৌরভ দাস এবং রণিতা দাস। এখন দেখার জীতু ও রাজবীরের এই নতুন সমীকরণ আগামী দিনে বিগ বসের খেলার মোড় কোন দিকে ঘোরায়।

Follow Us