Bigg Boss Bangla: একদিকে রোম্যান্স, অন্যদিকে লাল রং! বিগ বসে নন্দিনীকে ধোঁকা দিলেন রাজবীর?
Bigg Boss Bengali elimination: বিগ বস বাংলার ঘরে এ যেন এক অদ্ভুত খেলা! রাতে বিছানায় হাত ধরে ফিসফিসানি আর রোম্যান্স, অথচ উইকেন্ডে সেই নন্দিনীকেই লাল রং দিলেন রাজবীর। এর মাঝেই ডেঞ্জার জোনে চলে গেলেন চারজন সদস্য।

বিগ বস বাংলা (Bigg Boss Bangla) মানেই পরতে পরতে চমক আর নানা রকম নাটকীয় ঘটনা। বিগ বসের ঘরে কখন যে কী হয়, তা আগে থেকে বলা বেশ মুশকিল! এতদিন দর্শকরা দেখছিলেন রাজবীর দে এবং নন্দিনী দত্তর মধ্যে দারুণ একটা সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু এবার সেই সমীকরণে এল এক নতুন মোড়! যাকে বলে, একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন রাজবীর।
কী ঘটেছে দাদার দরবারে?
রাজবীরের কাণ্ড দেখে দর্শকদের রীতিমতো চোখ কপালে উঠেছে। কারণ, এর ঠিক আগেই ঘরের ভিতর দেখা গিয়েছিল এক অন্য ছবি। সারাদিনের মন কষাকষির পর রাতে বিছানায় পাশাপাশি শুয়ে থাকতে দেখা যায় রাজবীর আর নন্দিনীকে। রাজবীর শক্ত করে ধরে ছিলেন নন্দিনীর হাত! তিনি ফিসফিস করে নন্দিনীকে বলেন, “তুমি এত স্ট্রং? আসলে তুমি যোগ্য বলেই আমি ওদের খেলায় একটু কাঠি করেছি।” সেই কথা শুনে নন্দিনী লজ্জায় একেবারে লাল হয়ে যান।
সম্পর্কের টানাপোড়েন ও লাল রং
রাতে যাঁর হাত ধরে এত রোম্যান্স, শনিবারের এপিসোডে তাঁকেই লাল রং দিলেন রাজবীর! সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় একটা মজার খেলা দেন। নিয়ম হল, পছন্দের মানুষকে সবুজ এবং অপছন্দের মানুষকে লাল রং লাগাতে হবে। যখন নন্দিনীর পালা এল, তিনি কিন্তু কোনও দ্বিধা না করেই রাজবীরকে সবুজ রং দিয়ে পছন্দের তালিকায় রাখলেন। কিন্তু রাজবীরের পালা আসতেই পুরো হিসাব বদলে গেল! তিনি পছন্দের মানুষ হিসেবে বেছে নিলেন তনুশ্রীকে। আর নন্দিনীকে করলেন অপছন্দ! তবে শুধু লাল রং মাখিয়ে ছেড়ে দিলেন না, অপছন্দের মানুষ হিসেবে নন্দিনীর গালে লাল রং দিয়ে একটা লাভ বা হৃদয়ের চিহ্ন এঁকে দিলেন তিনি। রাজবীর জানান, ভরত কলের সঙ্গে তাঁর ঝামেলার পর নন্দিনী ভরতের দলের সঙ্গে বসে হাসাহাসি করেছিলেন। আর সেটাই তাঁর একদম পছন্দ হয়নি। তাই এই সিদ্ধান্ত।
ডেঞ্জার জোন
এদিকে উইকেন্ডে ‘দাদার দরবার’-এ এসে রীতিমতো মেজাজ হারালেন সৌরভ। কারণ, বারবার বারণ করা সত্ত্বেও ঘরের সদস্যরা ইংরেজিতে কথা বলা থামাননি। এরপর এল এলিমিনেশন টাস্ক। বাক্স ফাটিয়ে লাল রং পেয়ে ডেঞ্জার জোনে চলে গিয়েছেন দুর্নিবার সাহা, জয়িতা চ্যাটার্জি, সৃজলা গুহ এবং আলেকজান্দ্রিয়া। অন্যদিকে সবুজ রং পেয়ে সেফ জোনে জায়গা করে নিয়েছেন দীপেন্দু বিশ্বাস ও ভরত কল। এবার দেখার পালা, রবিবার কে বিগ বসের ঘরকে চিরতরে বিদায় জানান!
