
বলিউডের ‘ঝাকাস’ অভিনেতা অনিল কাপুরের জীবনটা যেন একটা সিনেমার চিত্রনাট্য। মুম্বইয়ের জুহুতে ৩০ কোটির বাংলো, গ্যারেজে ল্যাম্বরগিনি থেকে মার্সিডিজ, আর বছরে কোটি কোটি টাকার রোজগার তাঁর। ২০২৬-এর হিসেবে যার সম্পত্তির পরিমাণ প্রায় ১৫০ কোটি টাকার কাছাকাছি, সেই মানুষটাই কি না আজও কোথাও বেরোনোর আগে স্ত্রীর কাছে হাত পাতেন! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই অনিল কাপুরের জীবনের সবচেয়ে বড় ‘ওপেন সিক্রেট’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনিল কাপুর হাসতে হাসতে ফাঁস করেছেন এই গোপন তথ্য। তিনি জানান, পর্দার বাইরে তাঁর সম্পত্তির চাবিকাঠি আসলে তাঁর স্ত্রী সুনীতা কাপুরের হাতে থাকে। অনিলের কথায়, “আমি আজও ঠিকমতো জানিনা আমার ব্যাঙ্কে কত টাকা আছে বা আমার ইনভেস্টমেন্ট কোথায় কী হচ্ছে। সবটাই সামলায় সুনীতা। এমনকি আমাকে যদি কোথাও যেতে হয় বা কিছু কিনতে হয়, আমাকে আজও ওর কাছেই টাকা চাইতে হয়।”
যেখানে তারকারা নিজেদের পিআর বা স্ট্যাটাস নিয়ে ব্যস্ত, সেখানে অনিল কাপুর বুক ফুলিয়ে বলছেন তিনি তাঁর স্ত্রীর ওপর কতটা নির্ভরশীল। তাঁর এই জীবনযাপন অবাক করার মত। তবে এখনও কেন স্ত্রীর ওপর নির্ভরশীল অভিনেতা? আসলে এই অভ্যাসটা একদিনে তৈরি হয়নি। অনিল যখন বলিউডে স্ট্রাগল করছিলেন, তখন সুনীতা ছিলেন একজন সফল মডেল। সেই কঠিন দিনগুলোতে সুনীতাই অনিলের খরচ চালাতেন। আজ যখন অনিল সাফল্যের শিখরে, তখন তিনি সেই ভরসাটা বজায় রেখেছেন। তাঁর কাছে এই ‘হাত পাতা’টা কোনো লজ্জা নয়, বরং অগাধ বিশ্বাসের পরিচয়।
অভিনেতা আরও জানান, বাড়িতেও তাঁকে কেউ খুব একটা ভয় পায় না। তিন সন্তান- সোনম, রিয়া আর হর্ষবর্ধন- তাঁদের কাছে বাবা মানেই একজন মজার মানুষ, কোনও বিশাল সেলিব্রেটি নন। অনিলের এই ‘মাটির মানুষ’ ইমেজটাই পছন্দ করেন তাঁর ভক্তরা। কোটি টাকার মালিক হয়েও স্ত্রীর কাছে হাতখরচ নেওয়াটা আসলে তাঁর কাছে এক ধরণের মানসিক শান্তি। পর্দার সুপারহিরো অনিল বাস্তব জীবনে নিজের স্ত্রীর কাছে এক ‘আদর্শ বাধ্য ছাত্র’।