শ্রীদেবীর জন্য নিজেকে পুরো পাল্টে ফেললেন বনি! আবেগপ্রবণ প্রযোজক

বনির এই অভাবনীয় পরিবর্তন দেখে অনুরাগীদের মনে পড়ছে মেয়ে জাহ্নবী কাপুরের এক পুরনো সাক্ষাৎকারের কথা। জাহ্নবী জানিয়েছিলেন, শ্রীদেবী বেঁচে থাকাকালীন বনিকে সুস্থ রাখতে, একটু রোগা করতে আপ্রাণ চেষ্টা করতেন। বারবার অনুরোধ করতেন একটু মর্নিং ওয়াক করার জন্য। কিন্তু বনি ছিলেন নিজের মেজাজে! স্ত্রীর সেই অনুরোধ তখন অতটা গায়ে মাখেননি তিনি।

শ্রীদেবীর জন্য নিজেকে পুরো পাল্টে ফেললেন বনি! আবেগপ্রবণ প্রযোজক
Image Credit source: facebook

Mar 18, 2026 | 6:14 PM

সেই ভারী শরীর, চেনা আদল— সবটাই যেন এক ঝটকায় উধাও! আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আজ হয়তো নিজেকেই চিনতে পারছেন না প্রযোজক বনি কাপুর। দীর্ঘদিনের মেদ ঝরিয়ে, স্টাইলিশ পোশাকে, একেবারে ‘ফিট অ্যান্ড ফাইন’ লুকে ধরা দিয়েছেন তিনি। কিন্তু এই নতুন বনিকে দেখে যার সবথেকে বেশি খুশি হওয়ার কথা ছিল, তিনিই আজ নেই। রূপোলি পর্দার ‘চাঁদনি’, তাঁর প্রিয়তমা স্ত্রী শ্রীদেবী।

সম্প্রতি বনি কাপুর তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভাইরাল। ছবিটি আসলে একটি এডিটেড কোলাজ। একদিকে দাঁড়িয়ে আছেন বর্তমানের ছিপছিপে, স্মার্ট বনি। আর অন্যদিকে, তাঁর স্ত্রী তাঁর ভালোবাসার মানুষ শ্রীদেবী। ছবির ক্যাপশনে বনি যা লিখেছেন তাতে চোখ ভিজেছে ভক্তদের। বনির কথায়, “আমি নিশ্চিত, শ্রী আমাকে এই চেহারায় দেখলে ভীষণ খুশি হতো।” সঙ্গে তিনটি লাল হার্ট ইমোজি। প্রিয়জনকে হারানোর গভীর যন্ত্রণা ফুটে উঠেছে বনির এই পোষ্টে।

বনির এই অভাবনীয় পরিবর্তন দেখে অনুরাগীদের মনে পড়ছে মেয়ে জাহ্নবী কাপুরের এক পুরনো সাক্ষাৎকারের কথা। জাহ্নবী জানিয়েছিলেন, শ্রীদেবী বেঁচে থাকাকালীন বনিকে সুস্থ রাখতে, একটু রোগা করতে আপ্রাণ চেষ্টা করতেন। বারবার অনুরোধ করতেন একটু মর্নিং ওয়াক করার জন্য। কিন্তু বনি ছিলেন নিজের মেজাজে! স্ত্রীর সেই অনুরোধ তখন অতটা গায়ে মাখেননি তিনি। আজ বনি কাপুরের এই নতুন লুক দেখে যেন আরও বেশি করে সেই কথা মনে পড়ছে। শ্রীদেবী যা চেয়েছিলেন, তা আজ সত্যি হয়েছে, কিন্তু সেই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য তিনি আজ বহুদূরে।

১৯৮৭ সালে কালজয়ী সিনেমা ‘মিস্টার ইন্ডিয়া’র সেটে শুরু হয়েছিল বনি আর শ্রীদেবীর এই রূপকথার গল্প। ১৯৯৬ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ দুই দশকের সুখী দাম্পত্যে বারবার ভালোবাসার প্রমাণ দিয়েছেন এই জুটি। বনি মাঝে মাঝেই শ্রীদেবীর স্মৃতিমাখানো ছবি শেয়ার করেন। গত বছর শ্রীদেবীর জন্মদিনে তিনি একটি মজার গল্প শুনিয়েছিলেন। ১৯৯০ সালে বনি শ্রীদেবীর জন্মদিনে তাঁকে বলেছিলেন, “শুভ ২৬তম জন্মদিন”, অথচ সেটি ছিল তাঁর ২৭তম! বনি ভেবেছিলেন, স্ত্রীকে এক বছর কমিয়ে বললে তিনি খুশি হবেন, ভাববেন দিন দিন তরুণী হচ্ছেন। কিন্তু শ্রীদেবী উল্টে রেগে গিয়েছিলেন, ভেবেছিলেন বনি তাঁকে নিয়ে মজা করছেন!

আজ বনি কাপুর তাঁর স্বাস্থ্যের প্রতি যত্নবান হয়েছেন, নিজের ভোল পাল্টেছেন। কিন্তু তাঁর এই নতুন সত্তা, তাঁর স্ত্রী দেখতে পারবেন না ভেবেই মন খারাপ প্রযোজকের।

Follow Us