
আপনার মাসিক বেতন কত? ধরলাম ১ লাখ টাকা। শুনতে খারাপ নয়। বছরে হল ১২ লাখ। যদি খুব ভাগ্য ভালো হয়, কয়েক বছর পর সেটা বেড়ে ২ লাখে দাঁড়ায়। তা হলে বছরে ২৪ লাখ। এবার একটু বড় করে ভাবুন—পুরো ৬০ বছর ধরে যদি গড়ে বছরে ২৪ লাখও রোজগার করেন, তা হলে মোট দাঁড়ায় প্রায় ১৪ কোটি ৪০ লাখ টাকা।
হিসেবটা এখানেই থামান। কারণ এখন যে অঙ্কটা শুনবেন, সেটা অনেকের সারাজীবনের আয়ের থেকেও বড়।
নতুন ছবি Toxic: A Fairytale for Grown-Ups-এর জন্য যশের পারিশ্রমিক নিয়ে ইন্ডাস্ট্রিতে জোর চর্চা চলছে। একাধিক প্রতিবেদনে দাবি, তিনি নাকি এই ছবির জন্য প্রায় ৫০ কোটি টাকা নিচ্ছেন। শুধু অভিনয়ের পারিশ্রমিক হিসেবেই। অর্থাৎ, একজন সাধারণ চাকরিজীবী ৬০ বছরে যা আয় করতে পারেন, যশ সেই অঙ্কের তিন গুণেরও বেশি পাচ্ছেন একটি ছবির জন্য!
এখানেই শেষ নয়। অন্য একটি সূত্র বলছে, যেহেতু যশ এই ছবির প্রযোজনার সঙ্গেও যুক্ত, তাই লাভের অংশ ধরলে তাঁর মোট প্রাপ্য ১৫০ কোটির কাছাকাছি পৌঁছতে পারে। যদিও এই সংখ্যা নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবু চর্চা থামছে না। ‘কেজিএফ’-এর পর যশের বাজারদর যে আকাশছোঁয়া হয়েছে, তাতে সন্দেহ নেই। আর সেই বাজারদরের প্রতিফলনই হয়তো দেখা যাচ্ছে ‘টক্সিক’-এর পারিশ্রমিকের অঙ্কে।
টিজার প্রকাশ হতেই যেন আগুনে ঘি পড়েছে। প্রায় ২ মিনিটের টিজার, একেবারে রহস্য, অন্ধকার, হিংসা আর চমকে পরিপূর্ণ। সার্কাসের মঞ্চ থেকে শুরু করে রক্তমাখা লড়াই সব মিলিয়ে ‘টক্সিক’ যে একেবারে অন্য ঘরানার ছবি হতে চলেছে, তা নিয়ে সন্দেহ নেই। তবে ছবির উত্তেজনার একেবারে কেন্দ্রবিন্দুতে যশ। ‘কেজিএফ’-এর পর তাঁর প্রত্যেকটা ছবি নিয়েই আলাদা উত্তেজনা তৈরি হয়, এটাও তার ব্যতিক্রম নয়।
‘Toxic: A Fairytale for Grown-Ups’ পরিচালনা করছেন গীতু মোহনদাস। গল্পটা প্রতিশোধের, কিন্তু স্রেফ অ্যাকশনের ছবি নয়, এমনটাই দাবি নির্মাতাদের। টিজার দেখলে বোঝা যায়, একেবারে ভিন্ন স্বাদের ছবি হতে চলেছে এটি। কখনও সার্কাস, কখনও অদ্ভুত অন্ধকারে ঢাকা শহর। টিজারের রহস্যময় অনুভুতি ছবির প্রতি প্রত্যাশা আরও বাড়িয়ে তুলেছে দর্শকদের।
যশের লুক নিয়েও ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। একেকটা দৃশ্যে একেক রকম চেহারা। কোথাও রোগা, দ্রুত চলাফেরা করা এক মানুষ, কোথাও আবার অ্যাকশন দৃশ্যে তুমুল মারপিট করছেন। শোনা যাচ্ছে, চরিত্রের জন্য দীর্ঘদিন শরীরচর্চা করেছেন তিনি। আর সেই পরিবর্তন টিজারেই স্পষ্ট।
এছাড়াও ছবিতে রয়েছেন কিয়ারা আডবাণী, হুমা কুরেশি, তারা সুতারিয়ার মত নামজাদা তারকা। বিশাল বাজেটের এই ছবি মুক্তি পাবে ১৯ মার্চ ২০২৬। টিজারের চমকের পর অধীর আগ্রহে বড় পর্দায় এই ছবি দেখার জন্য অপেক্ষা করছেন থ্রিলার প্রেমীরা। অপেক্ষা আর মাত্র কয়েকদিনের।