AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ এনে আদালতে সৌরভ, কী বলল হাইকোর্ট?

Delhi High Court: লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানোর ঐতিহাসিক মুহূর্ত নিয়ে এবার শুরু হল আইনি লড়াই। নিজের অনুমতি ছাড়া তাঁর পরিচিতি ব্যবহারের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কী রায় দিল আদালত? কেনই বা আপত্তি ছিল মহারাজের? কী ঘটেছে?

Sourav Ganguly: ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ এনে আদালতে সৌরভ, কী বলল হাইকোর্ট?
কী রায় দিল আদালত?Image Credit: tv9 network
| Updated on: Oct 23, 2026 | 2:58 PM
Share

২০০২ সালের ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনাল। লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে ওড়াচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেটের ইতিহাসের এই আইকনিক মুহূর্তকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বলিউড ছবি ‘দুসরা’। কিন্তু এই ছবির মুক্তি আটকাতে সম্প্রতি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন খোদ সৌরভ এবং প্রযোজনা সংস্থা লভ ফিল্মস। বৃহস্পতিবার আদালত সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে। বিচারপতি দীনেশ ভাট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ছবির মুক্তির ওপর এখনই কোনও স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। অর্থাৎ, নির্ধারিত দিনে ২৩ অক্টোবরই সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘দুসরা’।

কেন এই ছবি নিয়ে আপত্তি তুলেছিলেন সৌরভ?

প্রাক্তন অধিনায়কের মূল অভিযোগ ছিল তাঁর ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। সহজ কথায়, সৌরভের অনুমতি না নিয়েই তাঁর নাম, ছবি, জীবনের বিশেষ মুহূর্ত এবং জনপ্রিয়তাকে এই ছবিতে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর ও প্রযোজনা সংস্থার আশঙ্কা, ছবির প্রচার দেখে সাধারণ দর্শকদের মনে হতে পারে যে ‘দুসরা’-র সঙ্গে সৌরভ সরাসরি যুক্ত বা তাঁর সম্মতিতেই ছবিটি তৈরি হয়েছে।

প্রসঙ্গত ২০২১ সালের অগস্ট মাসে লভ ফিল্মসের সঙ্গে সৌরভের একটি চুক্তি হয়। আগামী ১৪ মে, ২০২৭ সালে এই সংস্থার প্রযোজনাতেই মুক্তি পাওয়ার কথা সৌরভের অফিশিয়াল বায়োপিক ‘দাদা – দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’। সেই কারণেই অন্য একটি ছবিতে তাঁর জীবনের ছোঁয়া থাকায় ‘দুসরা’-র ট্রেলার ও প্রচার নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন তাঁরা।

তবে, ‘দুসরা’ ছবির নির্মাতাদের যুক্তি ছিল সম্পূর্ণ আলাদা। আদালতে তাঁদের আইনজীবী জানিয়েছেন, এটি মোটেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নয়। এই ছবির গল্প আবর্তিত হয়েছে রাজস্থানের এক কিশোরী তারাকে ঘিরে। রক্ষণশীল পরিবারের নিয়মকানুনের বেড়াজাল ভেঙে বেরোনোর সাহস সে পায় সৌরভের ওই লর্ডসের উদযাপন দেখেই। শুধু তাই নয়, নির্মাতারা প্রমাণের ভিত্তিতে জানিয়েছেন, ন্যাটওয়েস্ট সিরিজের ওই বিশেষ ফুটেজ ব্যবহারের জন্য তাঁরা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই (BCCI)-এর কাছ থেকে আগেই লাইসেন্স নিয়েছেন। তাই ওই ফুটেজের ওপর ব্যক্তিগত কোনও অধিকার প্রাক্তন অধিনায়কের নেই।

সব পক্ষের যুক্তি শোনার পর আদালত আপাতত ছবির মুক্তিতে বাধা দেয়নি। শুক্রবার ফের এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। অভিনব দেও পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্লবিতা বোরঠাকুর। সঙ্গে রয়েছেন অঙ্কুর বিকল, সমিধা গুরুর মতো অভিনেতারা। সব মিলিয়ে, মহারাজের বায়োপিক মুক্তির আগেই তাঁকে নিয়ে তৈরি অন্য একটি ছবি ঘিরে আলোচনা এখন তুঙ্গে।

Follow Us