বক্স অফিসে ‘ধুরন্ধর ২’ ঝড়, জানেন কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন রণবীর-আর মাধবনরা?
সূত্রের খবর, ছবির প্রথম ও দ্বিতীয় পর্বের শুটিং আলাদা করে নয়, বরং একসঙ্গেই সেরে ফেলেছিলেন পরিচালক। কিন্তু ব্যবসার খাতিরে এবং গল্পের ব্যাপ্তির কারণে ছবিটিকে দুটি ভাগে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই কারণেই অভিনেতারা শুটিং চলাকালীন যে চুক্তি করেছিলেন, তাতেই দুটি পর্বের কাজ সম্পন্ন হয়েছে।

১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘ধুরন্ধর ২’। আদিত্য ধর পরিচালিত এই হাই-ভোল্টেজ ড্রামাটি নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে থাকলেও, ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এক অবাক করা তথ্য। রণবীর সিং থেকে শুরু করে আর মাধবন বা সঞ্জয় দত্ত—ছবির কোনও প্রধান অভিনেতাই নাকি দ্বিতীয় পর্বের জন্য আলাদা করে কোনও পারিশ্রমিক নেননি।
আদিত্য ধর গত দুই বছর ধরে এই মেগা প্রজেক্টের শুটিং করেছেন। সূত্রের খবর, ছবির প্রথম ও দ্বিতীয় পর্বের শুটিং আলাদা করে নয়, বরং একসঙ্গেই সেরে ফেলেছিলেন পরিচালক। কিন্তু ব্যবসার খাতিরে এবং গল্পের ব্যাপ্তির কারণে ছবিটিকে দুটি ভাগে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই কারণেই অভিনেতারা শুটিং চলাকালীন যে চুক্তি করেছিলেন, তাতেই দুটি পর্বের কাজ সম্পন্ন হয়েছে।
পারিশ্রমিকের খতিয়ান বলছে, এই প্রজেক্টের জন্য রণবীর সিং নিয়েছেন মোট ৫০ কোটি টাকা। প্রথম পর্বে রহমান ডাকাতের চরিত্রে অভিনয়ের পর অক্ষয় খন্নার কেরিয়ার যে নতুন উচ্চতায় পৌঁছেছে, তা বলার অপেক্ষা রাখে না। প্রথম পর্বে তাঁর মৃত্যু হলেও ‘ধুরন্ধর ২’-তে একটি বিশেষ ক্যামিও চরিত্রে তাঁকে দেখা যাবে, যার জন্য তিনি পেয়েছেন ২.৫ কোটি টাকা। আর মাধবন পেয়েছেন ৯ কোটি টাকা। সঞ্জয় দত্ত পেয়েছেন ১০ কোটি টাকা। সারা অর্জুন ও অর্জুন রামপাল পেয়েছেন ১ কোটি টাকা করে।
প্রথম পর্বে রহমান ডাকাতের প্রশংসা সর্বত্র শোনা গেলেও, দ্বিতীয় পর্বে আকর্ষণের কেন্দ্রে রয়েছেন সারা অর্জুন অভিনীত চরিত্র ‘ইয়ালিনা’। এই পর্বে তাঁর চরিত্রের এক নতুন রূপ দর্শকদের সামনে আসবে বলে জানা গিয়েছে। একই পরিশ্রম ও পারিশ্রমিকে দুই পর্বের এই ‘মাস্টারপ্ল্যান’ আদিত্য ধরকে বক্স অফিসে কতটা মাইলেজ দেয়, এখন সেটাই দেখার।
