Diya Mirza: সিনেমার জন্য বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা! ঠিক কী ঘটেছিল?
Dia Mirza Producer: বিনোদন জগতে একজন মহিলা প্রযোজক হিসেবে পা বাড়ানোর কারণেই হয়তো তাঁকে এমন অনাকাঙ্ক্ষিত প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছিল। এমনকী, ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে পরামর্শ দিয়েছিলেন যে, প্রযোজনা করলে অভিনেত্রী হিসেবে তাঁর কেরিয়ার নাকি শেষ হয়ে যাবে!

শুধু ক্যামেরার সামনে অভিনয়ই নয়, ঝুঁকি নিয়ে প্রযোজকের চেয়ারেও বসেছেন অভিনেত্রী দিয়া মির্জা। আর নিজের সেই প্রথম ছবি তৈরি করতে গিয়ে নিজের রক্তজল করা উপার্জনে কেনা প্রথম বাড়িটি পর্যন্ত ব্যাঙ্কে বন্ধক রাখতে হয়েছিল তাঁকে।
২০০১ সালে ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ দিয়ে বলিউডে পা রাখা দিয়া ২০১৪ সালে নির্মাণ করার সিদ্ধান্ত নেন ‘ববি জাসুস’। বিদ্যা বালানকে মূল চরিত্রে রেখে ছবির সব প্রস্তুতি যখন প্রায় চূড়ান্ত, তখনই শেষ মুহূর্তে হাত গুটিয়ে নেন মূল প্রযোজক ও বিনিয়োগকারীরা। দিয়ার অভিজ্ঞতা অনুযায়ী, বিনোদন জগতে একজন মহিলা প্রযোজক হিসেবে পা বাড়ানোর কারণেই হয়তো তাঁকে এমন অনাকাঙ্ক্ষিত প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছিল। এমনকী, ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে পরামর্শ দিয়েছিলেন যে, প্রযোজনা করলে অভিনেত্রী হিসেবে তাঁর কেরিয়ার নাকি শেষ হয়ে যাবে!
তবে কোনও বাধাই তাঁকে দমাতে পারেনি। ছবিটি যেকোনও মূল্যে শেষ করার এক জেদ চেপে বসেছিল তাঁর মনে। ব্যাকআপ না পেয়ে ব্যাঙ্ক লোন নেন এবং নিজের মাথা গোঁজার ঠাঁই—প্রথম কেনা বাড়িটি বন্ধক রেখে দেন।
এক সাক্ষাৎকারে অতীতকে স্মরণ করে দিয়া জানান, প্রতিকূল আর্থিক পরিস্থিতি সত্ত্বেও তিনি বিদ্যা বালানকে চুক্তিবদ্ধ পারিশ্রমিকের এক টাকাও কম দেননি, কিংবা পারিশ্রমিক মেটাতে কোনও বিলম্বও করেননি। বরং বিদ্যার কেরিয়ারের অন্যতম সেরা পারিশ্রমিকটি তিনিই সেসময় তুলে দিয়েছিলেন। সমস্ত ঝুঁকি নিজের কাঁধে নিয়েই ঠিক যেভাবে তিনি ছবিটি বানাতে চেয়েছিলেন, ঠিক সেভাবেই রুপোলি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ‘ববি জাসুস’।
