AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জানেন বাইশগজে নামার আগে কোন গান শোনেন বিরাট কোহলি?

মানুষ বারবার সেই সুরের বুকেই আশ্রয় খোঁজে, কারণ তা কোনও এক ফেলে আসা সোনালি অতীত বা স্মৃতির ঘর মনে করিয়ে দেয়। বিশ্বখ্যাত ক্রিকেট তারকা বিরাট কোহলির জীবনেও ঠিক তেমনই একটি বিশেষ গান রয়েছে, যার প্রতিটা লাইনের সঙ্গে তিনি একাত্ম বোধ করেন।

জানেন বাইশগজে নামার আগে কোন গান শোনেন বিরাট কোহলি?
| Updated on: Jun 22, 2026 | 2:12 PM
Share

কিছু গান সময়ের গণ্ডি পেরিয়ে মানুষের মনে চিরন্তন আসন গেঁড়ে নেয়। মানুষ বারবার সেই সুরের বুকেই আশ্রয় খোঁজে, কারণ তা কোনও এক ফেলে আসা সোনালি অতীত বা স্মৃতির ঘর মনে করিয়ে দেয়। বিশ্বখ্যাত ক্রিকেট তারকা বিরাট কোহলির জীবনেও ঠিক তেমনই একটি বিশেষ গান রয়েছে, যার প্রতিটা লাইনের সঙ্গে তিনি একাত্ম বোধ করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলি তাঁর এই ভালোলাগার কথা ভাগ করে নিয়েছেন। তিনি জানান, জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও সঙ্গীতশিল্পী কর্ণ আউজলার ‘উইনিং স্পিচ’ গানটি তাঁর হৃদয়ের অত্যন্ত কাছাকাছি। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে বিরাটকে কর্ণের ভূয়সী প্রশংসাও করতে দেখা গিয়েছে। কোহলি সেখানে গায়ককে উদ্দেশ্য করে বলেন, “তুমি একদম মন থেকে গান লেখো। তোমার গানগুলোর মধ্যে ‘উইনিং স্পিচ’-এর সঙ্গে আমি নিজেকে সবচেয়ে বেশি মেলাতে পারি। কারণ এই গানটি যেমন তোমার জীবনযুদ্ধের গল্প বলে, ঠিক তেমনই আমি আমার নিজের লড়াইয়ের দিনগুলোর প্রতিচ্ছবিও এর মধ্যে খুঁজে পাই। তোমার মতোই আমিও খুব অল্প বয়সে বাবাকে হারিয়েছি। তাই গানটি আমার কাছে ভীষণ স্পেশাল। অনেক সময় মাঠে নামার আগে নিজেকে তাতাতে আমি এই গানটি শুনি।”

এই সাক্ষাৎকারেই কোহলির অদম্য মানসিকতার একটি ঝলক পাওয়া যায়। তিনি স্পষ্ট জানান, পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, ‘হাল ছেড়ে দেওয়া’ শব্দবন্ধটি তাঁর অভিধানে নেই। উদাহরণ হিসেবে তিনি ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে সেই ঐতিহাসিক ম্যাচের প্রসঙ্গ টানেন।

বিরাট বলেন, “যখন সবাই ধরে নেয় যে ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছে, আমি ঠিক তখনই পাশা উল্টে দেওয়ার সুযোগ খুঁজি। ছোটবেলা থেকেই আমার চিন্তাভাবনা এই রকম। শেষ মুহূর্ত পর্যন্ত আমি ভরসা হারাই না; কখনোই ভাবি না যে ম্যাচটা হেরে গেলাম বা জেতা অসম্ভব। আর এই জেদের কারণেই অনেক সময় একেবারে অসম্ভব পরিস্থিতি থেকেও অবিশ্বাস্য সব জয় ছিনিয়ে আনা সম্ভব হয়েছে।”

মেলবোর্নের সেই রোমাঞ্চকর রাতের স্মৃতিচারণ করে ভারতের প্রাক্তন অধিনায়ক আরও বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্নের ওই ম্যাচটি আমার জীবনের অন্যতম সেরা অধ্যায় হয়ে থাকবে। পরে শুনেছিলাম, একটা সময়ে নাকি আমাদের জেতার সম্ভাবনা ছিল মাত্র ৩ শতাংশ। কিন্তু আমি ওসব পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাইনি। আমার কাছে ১ শতাংশ সুযোগ থাকলেই তা যথেষ্ট। যতক্ষণ ক্রিজে টিকে থাকা যায়, ততক্ষণই আশা থাকে। খেলা শেষ হওয়ার আগে আপনি কখনোই পুরোপুরি হেরে যান না।”

প্রসঙ্গ উল্লেখ্য, সঙ্গীতশিল্পী কর্ণ আউজলা ‘তওবা তওবা’, ‘গ্যাংস্টার’, ‘বচকে বচকে’, ‘বয়ফ্রেন্ড’ এবং ‘ফর আ রিজন’-এর মতো একাধিক সুপারহিট গানের জন্য শ্রোতামহলে অত্যন্ত জনপ্রিয়।

Follow Us