ক্যানসারের মরণ কামড়, ফের অস্ত্রোপচার দীপিকার, কেমন আছেন নায়িকা?

গত ২৩ ফেব্রুয়ারি যখন তাঁর এই নতুন সিস্টের কথা জানা যায়, তার মাঝেই ছিল তাঁর আর শোয়েবের বিবাহবার্ষিকী। যন্ত্রণায় নিজের ভালোবাসার বিশেষ দিনটাও পালন করতে পারেন নি অভিনেত্রী। স্বামী শোয়েব ইব্রাহিম সারাক্ষণ আগলে রেখেছেন তাঁকে, কিন্তু প্রিয়তমা স্ত্রীর এই কষ্ট দেখে তাঁর চোখেও জল। শোয়েব জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হলেও দীপিকার এই শারীরিক কষ্ট তিনি আর সহ্য করতে পারছেন না।

ক্যানসারের মরণ কামড়, ফের অস্ত্রোপচার দীপিকার, কেমন আছেন নায়িকা?
Image Credit source: facebook & instagram

Feb 27, 2026 | 5:12 PM

সংসার সামলে, একরত্তি সন্তানকে বুকে নিয়ে যখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিলেন, ঠিক তখনই যেন আকাশ ভেঙে পড়ল দীপিকা কক্করের মাথায়। গত বছর থেকে মারণ রোগ লিভার ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘শ্বশুরাল সিমর কা’-র প্রিয় ‘সিমর’। শরীরের ২২ শতাংশ লিভার কেটে বাদ দিতে হয়েছে আগেই। কিন্তু লড়াই কি এত সহজে শেষ হয়? মাত্র কয়েকদিন আগেই ফের অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। ১৩ মিলিমিটারের একটি সিস্ট বাদ দেওয়ার পর প্রবল যন্ত্রণায় কার্যত কুঁকড়ে যাচ্ছেন তিনি।

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ঠিকই, কিন্তু তীব্র কষ্ট পিছু ছাড়ছে না অভিনেত্রীর। নিজের জীবনের এই কঠিনতম সময়ের কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় দীপিকা জানান, এবারের অস্ত্রোপচারটা যেন আরও বেশি ভীতি ধরিয়ে দিয়েছিল মনে। ক্যানসারের ধকল সইতে না সইতে আবারও দ্বিতীয় ধাক্কা! অভিনেত্রীর কথায়, “এবারে যখন ওটি-র দিকে যাচ্ছিলাম, খুব ভয় করছিল। অঝোরে কাঁদছিলাম। চিকিৎসকরা অনেক বুঝিয়ে শান্ত করেন।” অপারেশন থিয়েটার নয়, সিটি রুমে ‘আরএফএ’ পদ্ধতিতে পুড়িয়ে ফেলা হয়েছে সেই সিস্ট। কিন্তু তার পরের যন্ত্রণা? দীপিকা বলছেন, “এখনও সেই জায়গায় প্রচণ্ড ব্যথা। শরীরটা একটু নড়াচড়া করলেই ভিতর থেকে টান ধরছে। মনে হচ্ছে সব ছিঁড়ে যাচ্ছে।”

গত ২৩ ফেব্রুয়ারি যখন তাঁর এই নতুন সিস্টের কথা জানা যায়, তার মাঝেই ছিল তাঁর আর শোয়েবের বিবাহবার্ষিকী। যন্ত্রণায় নিজের ভালোবাসার বিশেষ দিনটাও পালন করতে পারেন নি অভিনেত্রী। স্বামী শোয়েব ইব্রাহিম সারাক্ষণ আগলে রেখেছেন তাঁকে, কিন্তু প্রিয়তমা স্ত্রীর এই কষ্ট দেখে তাঁর চোখেও জল। শোয়েব জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হলেও দীপিকার এই শারীরিক কষ্ট তিনি আর সহ্য করতে পারছেন না।

২০২৩ সালে রুহানের জন্ম দেন অভিনেত্রী। মা হওয়ার আনন্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই ক্যানসারের এই ছোবল দীপিকাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল ঠিকই, কিন্তু অনুরাগীদের ভালোবাসা তাঁকে আবার উঠে দাঁড়াতে শিখিয়েছে। দীপিকা আবেগপ্রবণ হয়ে বলেন, “যখনই খুব একা লাগে বা কষ্ট হয়, আপনাদের কমেন্টগুলো পড়ি। দেখি কত মানুষ আমার জন্য প্রার্থনা করছেন। তখন মনে হয়, না আমি হারলে চলবে না।”
স্টেজ-২ লিভার ক্যানসারের এই দীর্ঘ পথ চলায় দীপিকা আজ একা নন, তাঁর সঙ্গে রয়েছে লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদ। আপাতত যন্ত্রণায় কাতর হলেও, মনের জোরে এই মারণ রোগকে জয় করে আবার পর্দার সামনে ফিরতে চান এই লড়াকু অভিনেত্রী।