
বহুদিনের জল্পনা, গুঞ্জন, স্বীকারোক্তির পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণের জনপ্রিয় জুটি রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। অনুরাগীদের দেওয়া নাম—‘ভিরোশ’। সেই নামেই তাঁরা ভালোবাসার এই অধ্যায়কে স্বীকৃতি দিয়েছেন। ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে তাঁদের বিয়ে। ভেন্যু হিসাবে বেছে নিয়েছেন হয়েছে আরাবল্লির কোলে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট। শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে পাহাড়ঘেরা এই রাজপ্রাসাদে ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রাক্বিবাহ ও বিয়ের অনুষ্ঠান।
সোমবার অতিথিদের নিয়ে উদয়পুরে পৌঁছন রশ্মিকা ও বিজয়। শুরু থেকেই তাঁরা জানিয়েছেন, এ একান্ত ব্যক্তিগত আয়োজন। আমন্ত্রিতের সংখ্যা নাকি মাত্র ১০০। বড় তারকাদের ভিড় নেই, তবে শোনা যাচ্ছে তেলঙ্গানার কয়েকজন রাজনীতিক ও ঘনিষ্ঠ চলচ্চিত্র পরিচালক থাকছেন অতিথি তালিকায়।
তবে ব্যক্তিগত হলেও আনন্দে কোনও কমতি রাখেননি তাঁরা। ইনস্টাগ্রাম স্টোরিতে বিজয় শেয়ার করেছেন পুলের মধ্যে ভলিবল খেলার ঝলক, জলের উপর ভাসমান বলের ছবি। আরেকটি ছবিতে দেখা গিয়েছে ভাসমান পানীয়ের আয়োজন—লাল কাপ, নীল জলের পটভূমি, দূরে দেখা যাচ্ছে পাহাড়। যেন বিয়ের আগে এক টুকরো অবকাশ।
অন্যদিকে রশ্মিকা তুলে ধরেছেন সাজসজ্জার ছবি। সোনালি আলোয় ভেসে থাকা টেবিল, গোলাপি লিলি ও সবুজ হাইড্রেনজার মেলবন্ধন ঘটেছে তার ছবিতে, সঙ্গে সবুজ আপেল ও ঝরে পড়া আঙুর—প্রকৃতি ও ঐশ্বর্যের মিশেল। টেবিলে রাখা বিশেষ ছাপা মেনুকার্ড জানাচ্ছে, অতিথিদের থাকছে জাপানি বিশেষ পদ। বিয়ের মেনুতেও কয়েছে বিশ্বস্বাদের ছোঁয়া।
উল্লেখ্য, গত বছর ৩ অক্টোবর হায়দরাবাদে বিজয়ের বাড়িতে ঘনিষ্ঠ পরিসরে তাঁদের আংটি বদল হয়। রবিবার যৌথ বিবৃতিতে তাঁরা লিখেছেন, “আমরা কোনও পরিকল্পনা করার আগেই তোমরা আমাদের নাম দিয়েছিলে—ভিরোশ।” এখন ভক্তরা সকলেই তাঁদের চার হাত এক হওয়ার অপেক্ষায়।