
রণজয় বিষ্ণু এই মুহূর্তে ব্যক্তিগত জীবনের জন্য চর্চায়। ১৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়ছেন তিনি। পাত্রী অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে একটা ধারাবাহিকের শুটিং থেকেই রণজয়ের ঘনিষ্ঠতা। সোশ্যাল মিডিয়াতে আইবুড়ো ভাত খেয়ে ছবি পোস্ট করছেন রণজয় আর শ্যামৌপ্তি। তবে অনুরাগীরা নায়ক-নায়িকার কাজের খবর নিয়েও আগ্রহ প্রকাশ করছেন।
টলিপাড়ায় চর্চা হলো, রণজয় বিয়ে নিয়ে ব্যস্ত হলেও, নতুন ধারাবাহিক নিয়ে কথা এগিয়ে রেখেছেন। জি বাংলার জন্য শ্বেতা ভট্টাচার্যর সঙ্গে জুটি বেঁধে রণজয় একটা হিট ধারাবাহিক করেছিলেন। তবে এবার নাকি কথা এগিয়েছে স্টার জলসার সঙ্গে। প্রযোজক-পরিচালক রাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে একটা নতুন ধারাবাহিকে দেখা যেতে পারে রণজয়কে। তবে বিষয়টা চূড়ান্ত নয়।
‘তোমাদের রাণী’ ধারাবাহিকে দেখা গিয়েছিল অভিকা মালাকারকে। এই ধারাবাহিকের জন্য চ্যানেল কর্তৃপক্ষ নাকি তাঁর নামই ভেবেছে। তবে রণজয়-অভিকার জুটি শেষ পর্যন্ত তৈরি হবে কিনা, তা জানতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। অভিকা রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘হোক কলরব’ ছবিতে কাজ করেছেন। সেই কারণে এই মুহূর্তে তিনি চর্চায় রয়েছেন।
অন্যদিকে শ্যামৌপ্তিকে সম্প্রতি ‘রঙ্কিণী ভবন’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে। নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা ছবিতে কাজ করেছেন শ্যামৌপ্তি। রণজয়-শ্যামৌপ্তির কিছু অনুরাগী আবার চাইছেন, তাঁরা জুটি বেঁধে বাংলা ধারাবাহিকে ফিরুন। তবে তেমনটা এখনই নাও হতে পারে। বাংলায় ছ’ টা নতুন ধারাবাহিকের পরিকল্পনা চলছে, দুই নামী বিনোদন চ্যানেল মিলিয়ে। বেশ কিছু নজরকাড়া জুটি ছোটপর্দায় আসবে খুব তাড়াতাড়ি, তা নিশ্চিত করে বলা যায়।