Cocktail: ‘ককটেল-এ অভিনয় করাটা ভুল সিদ্ধান্ত ছিল’, কেন বললেন সইফ?
Cocktail movie: সুপারহিট সিনেমা, বক্স অফিসেও দারুণ ব্যবসা! ২০১২ সালে মুক্তি পাওয়া তাঁর সুপারহিট ছবি 'ককটেল' আজও দর্শকদের মনে এক বিশেষ জায়গা করে রেখেছে। তবুও কেন ১২ বছর পর নিজেরই ছবি 'ককটেল'-কে বড় 'ভুল' বললেন ছোট নবাব? জানুন আসল কারণ। ঠিক কী বলেছেন সইফ?

সইফ আলি খান (Saif Ali Khan) মানেই পর্দায় এক আলাদা ম্যাজিক। ২০১২ সালে মুক্তি পাওয়া তাঁর সুপারহিট ছবি ‘ককটেল’ আজও দর্শকদের মনে এক বিশেষ জায়গা করে রেখেছে। মুক্তির সময়ে এই সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু শুনলে অবাক হবেন, বক্স অফিসে তুমুল সাফল্য পাওয়া এই ছবিটিতে কাজ করা নিয়ে এবার আক্ষেপের সুর শোনা গেল খোদ অভিনেতার গলায়। ব্যবসা সফল এই ছবির গল্পের বুনন নিয়ে এখন রীতিমতো বিরক্ত ছোট নবাব! কিন্তু এতদিন পর হঠাৎ কেন এমন কথা বললেন তিনি?
‘ককটেল-এ অভিনয় করাটা ভুল ছিল’
সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফ জানিয়েছেন, ‘ককটেল’ ছবিতে গৌতমের চরিত্রে কাজ করাটা তাঁর কাছে এখন একটা “ভুল” বলে মনে হয়। অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, ছবির গল্প বা চিত্রনাট্য তাঁর কাছে কিছুটা “রিগ্রেসিভ” বা পিছিয়ে পড়া চিন্তাধারার বলে মনে হয়েছে। আধুনিক, স্বাধীনচেতা এক তরুণীর স্বাধীনতাকে এই ছবিতে শেষ পর্যন্ত যেভাবে উপস্থাপন করা হয়েছিল, তা নিয়ে মুক্তির সময় থেকেই অনেক সমালোচক প্রশ্ন তুলেছিলেন। ব্যবসায়িক সাফল্যের মাঝেও গল্পের এই দিকটি নিয়ে অনেকেই বিরক্ত হয়েছিলেন।
চরিত্র পছন্দ না হলেও কেন কাজ করলেন?
গল্প বা চরিত্র পছন্দ না হলেও সইফ কেন এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন? এর উত্তরে সইফ জানান, তিনি নিজেই এই ছবির অন্যতম প্রযোজক ছিলেন। গৌতম চরিত্রটির প্রতি তাঁর কোনও আলাদা আকর্ষণ ছিল না। কিন্তু প্রযোজক হিসেবে তাঁকে ছবির সাফল্যের কথা ভাবতে হয়েছিল। অভিনেতা হিসেবে প্রজেক্টটি নিয়ে মনে দ্বিধা থাকলেও, শুধুমাত্র পরিস্থিতির বিচারে তিনি মুখ্য চরিত্রে কাজ করতে রাজি হয়েছিলেন।
কেরিয়ার বদলে দিয়েছিল ‘ভেরোনিকা’
ইমতিয়াজ আলির লেখা এবং হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবিতে সইফের সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন এবং ডায়ানা পেন্টি। সইফ নিজের চরিত্র নিয়ে আক্ষেপ করলেও, এই ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র ছিল দীপিকা অভিনীত ‘ভেরোনিকা’। ২০২১ সালে দীপিকা নিজে জানিয়েছিলেন যে, এটি তাঁর অভিনয় জীবনের অন্যতম বিশেষ কাজ। এই চরিত্রটি তাঁর কেরিয়ারে এক বিরাট পরিবর্তন এনেছিল। অনেক ফিল্ম ক্রিটিকও যদিও একই মত।
ব্যর্থ সিক্যুয়েল
দেখতে দেখতে এক যুগেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। সইফ, দীপিকা ও ডায়ানার সেই ত্রিকোণ প্রেমের গল্প বক্স অফিসে ঝড় তুললেও, কিছু দিন আগে মুক্তি পাওয়া ‘ককটেল ২’ দর্শকদের মন একেবারেই জয় করতে পারেনি। শাহিদ কাপুর, কৃতি স্যানন এবং রশ্মিকা মন্দানা অভিনীত এই সিনেমাটি সইফ-দীপিকাদের প্রথম ছবির মতো সাফল্য পায়নি। আর এর মাঝেই পুরনো ছবিটির চিত্রনাট্য নিয়ে সইফের এই মন্তব্য ফের একবার ‘ককটেল’ নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।
