AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Janhvi Kapoor: শিখরের সঙ্গেই প্রেম, বিয়েটা করবেন তো? সত্যিটা বলেই ফেললেন জাহ্নবী

Janhvi Kapoor and Shikhar Pahariya Relationship: এবার জনপ্রিয় টক শো ‘কফি উইথ কর্ণ ৯’-এ এসে সেই নীরবতা ভাঙলেন অভিনেত্রী। করণ জোহরের শোয়ে হাজির হয়ে শিখরের সঙ্গে নিজের সম্পর্কের কথা কার্যত স্বীকার করে নেওয়ার পাশাপাশি বিয়ের পরিকল্পনা নিয়েও খোলামেলা কথা বললেন তিনি।

Janhvi Kapoor: শিখরের সঙ্গেই প্রেম, বিয়েটা করবেন তো? সত্যিটা বলেই ফেললেন জাহ্নবী
| Updated on: Oct 30, 2026 | 3:23 PM
Share

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর এবং শিখর পাহাড়িয়ার প্রেমের গুঞ্জন নিয়ে বহু দিন ধরেই চর্চা চলছে গসিপের পাতায়। এতদিন পর্যন্ত দু’জনের কেউই সম্পর্কের কথা জনসমক্ষে স্বীকার না করলেও, এবার জনপ্রিয় টক শো ‘কফি উইথ কর্ণ ৯’-এ এসে সেই নীরবতা ভাঙলেন অভিনেত্রী। করণ জোহরের শোয়ে হাজির হয়ে শিখরের সঙ্গে নিজের সম্পর্কের কথা কার্যত স্বীকার করে নেওয়ার পাশাপাশি বিয়ের পরিকল্পনা নিয়েও খোলামেলা কথা বললেন তিনি।

শো চলাকালীন উপস্থাপক করণ জোহর জাহ্নবীকে সরাসরি প্রশ্ন করেন যে, তিনি কি সত্যিই শিখরের সঙ্গে সম্পর্কে রয়েছেন? উত্তরে জাহ্নবী অকপটে সম্মতি জানান। নিজের সম্পর্কের সমীকরণ নিয়ে অভিনেত্রী বলেন, “আমি সবসময় ভাবতাম, সবাই এত রাখঢাক করে কেন! অবশ্যই আমি চাই না কারও নজর লাগুক বা ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি হইচই হোক। কিন্তু সবকিছু এমনভাবে লুকিয়ে রাখা, যেন কেউ কিচ্ছুটি জানে না— সেটাও বড় বাড়াবাড়ি। লুকোচুরি খেলা এখন বেশ একঘেয়ে লাগে। এটা তো এমন কোনও লুকোনোর মতো অপরাধ নয়।”

কফি উইথ করণের এই এপিসোডে জাহ্নবীর সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা বরুণ ধাওয়ান। শিখরের প্রতি জাহ্নবীর গভীর অনুরাগের কথা বলতে গিয়ে বরুণ এক মজার অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। তিনি বলেন, একবার বিমানে প্রচণ্ড ঝাঁকুনির সময় কীভাবে তিনি এই জুটির ‘বেবিসিটিং’ বা খেয়াল রেখেছিলেন। এরপর আলোচনার মোড় ঘোরে বিয়ের দিকে। জাহ্নবীকে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “আগামী দুই থেকে তিন বছর অন্তত বিয়ে করার কোনও পরিকল্পনা আমার নেই।” চারপাশের নানা সম্পর্ক ভেঙে যাওয়ার খবরের ভিড়েও তাঁদের সম্পর্ক যে বেশ শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে, সে কথাও জোর দিয়ে বলেন তিনি।

কথার মাঝে নিজের জীবনের এক কঠিন অধ্যায়ের কথাও স্মরণ করেন জাহ্নবী। মা শ্রীদেবীর আকস্মিক প্রয়াণের পর শিখরের নিঃশর্ত পাশে থাকার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। তিনি জানান, সেই দুর্দিনে যখন তাঁরা অফিশিয়ালি সম্পর্কে ছিলেন না, তখন লন্ডনে পড়াশোনা ছেড়ে সেমেস্টার মাঝপথেই ফেলে মুম্বইয়ে ছুটে এসেছিলেন শিখর। শুধু তাই নয়, জাহ্নবীর সুবিধার জন্য তিনি নিজের বাড়ি ছেড়ে জুহুতে এক বন্ধুর সঙ্গে থাকতে শুরু করেন। জীবনের সেই কঠিন সময়ে শিখরের এই পাশে থাকা জাহ্নবীর মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে।

প্রসঙ্গত, কিশোর বয়স থেকেই একে অপরকে চেনেন জাহ্নবী ও শিখর। এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর বয়স যখন ১৫ বা ১৬, তখন থেকেই শিখর তাঁর জীবনের অঙ্গ হয়ে রয়েছেন। পারিবারিক অনুষ্ঠান হোক কিংবা মন্দির দর্শন— বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একে অপরের পোস্টে মন্তব্য করা বা শিখরের নাম খোদাই করা নেকলেস ও বিশেষ টি-শার্ট পরে জাহ্নবীর নানা ছবি অতীতেও চর্চায় এসেছে। এমনকী, বনি কাপুরও একাধিকবার শিখরের প্রতি তাঁর স্নেহের কথা প্রকাশ করেছেন।

এর আগে গুঞ্জন রটেছিল যে, চলতি বছর অর্থাৎ ২০২৬ সালেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি। তবে গত মে মাসেই সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন বনি কাপুর। আর এবার খোদ জাহ্নবীর মুখেই পরিষ্কার হয়ে গেল যে, এখনই ছাদনাতলায় যাওয়ার কোনও তাড়া নেই তাঁদের। আগামী কয়েক বছর কেরিয়ার ও সম্পর্কের সুন্দর মুহূর্তগুলোই উপভোগ করতে চান তাঁরা।

Follow Us