Kangana Ranaut Maa Sita: সীতার ভূমিকায় কঙ্গনা, কোথায় দেখা মিলল অভিনেত্রীর?
Kangana Ranaut Ramayana: সোশাল মিডিয়ার পাতা খুলতেই চমকে উঠলেন অনুগামীরা! ১৯৯৭ সালের এক অচেনা রূপে ধরা দিয়ে হঠাৎই নেটপাড়ায় আলোড়ন তৈরি করলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। শৈশবের এক মিষ্টি স্মৃতির আড়ালে লুকিয়ে ছিল এক ধারালো বার্তা। পুরনো সেই ছবি পোস্ট করে কাদের উদ্দেশ্য করে হঠাৎ বিস্ফোরক মন্তব্য ছুড়ে দিলেন অভিনেত্রী?

রাজনীতি আর অভিনয়, দুই ময়দানেই তিনি সমানভাবে চর্চায় থাকেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। তবে এবার কোনও ধারালো মন্তব্য নয়, বরং শৈশবের একদম অচেনা এক রূপ সামনে এনে সবাইকে চমকে দিয়েছেন এই অভিনেত্রী তথা বিজেপি সাংসদ।
ঘটনাটি ১৯৯৭ সালের। তখন হিমাচল প্রদেশের মান্ডি জেলার সারকাঘাট শহরের একটি স্কুলে পড়তেন ছোট কঙ্গনা। স্কুলের একটি অনুষ্ঠানে রামায়ণ নাটক মঞ্চস্থ হচ্ছিল। আর সেই নাটকেই মা সীতার পোশাক পরে মঞ্চে দাঁড়িয়েছিলেন আজকের এই তারকা। নিজের সেই পুরনো স্মৃতির ধুলো ঝেড়ে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, লাল শাড়ি পরে সীতা সেজে দাঁড়িয়ে আছেন ছোট কঙ্গনা। ঠিক পাশেই রামের সাজে তাঁর এক সহপাঠী, আর সামনে হাত জোড় করে হাঁটু গেড়ে বসে আছে হনুমান সাজা অন্য এক খুদে। ছবিটির নিচে তিনি মিষ্টি করে লিখেছেন, “মিষ্টি কিছু স্মৃতি।”
তবে গল্প কিন্তু এখানেই শেষ নয়! এরপরই কঙ্গনা নিজের চেনা ছন্দে ফিরে আসেন। ছবিটির শুধু নিজের অংশটি জুম করে আলাদা করে পোস্ট করেন তিনি। আর তার সঙ্গেই জুড়ে দেন এক বিস্ফোরক ক্যাপশন। তিনি লেখেন, “সমস্ত লিবারেলদের জন্য আমার আশীর্বাদ রইল।” হঠাৎ কেন এমন কথা? আসলে ইদানীং দেশের জেন জি (Gen Z) আন্দোলন নিয়ে বেশ কড়া অবস্থান নিয়েছেন কঙ্গনা। আন্দোলনকারীদের একাংশের ভাষা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন এবং প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে তাঁদের ‘গুট্টা ছাপ’ বলেও মন্তব্য করেছিলেন। সেই বিতর্কের জের মিটতে না মিটতেই এবার লিবারেলদের উদ্দেশ্যে তাঁর এই মন্তব্য নতুন করে আগুনে ঘি ঢেলেছে।
রাজনৈতিক বিতর্কের পাশাপাশি নিজের অভিনয়ের কাজও চালিয়ে যাচ্ছেন কঙ্গনা। তাঁকে শেষবার দেখা গিয়েছে ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায়। মনোজ তাপাড়িয়া পরিচালিত এই ছবিটি ২০০৮ সালের ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার সত্যি ঘটনা নিয়ে তৈরি। কামা অ্যান্ড অলবলেস হাসপাতালের সাহসী নার্সরা যেভাবে নিজের জীবন বিপন্ন করে প্রায় ৪০০ রোগীর প্রাণ বাঁচিয়েছিলেন, সেই গল্পই পর্দায় ফুটে উঠেছে। ছবিতে এক নার্সের চরিত্রে অভিনয় করে মানুষের প্রশংসা কুড়িয়েছেন কঙ্গনা। বক্স অফিসে ছবিটি মিশ্র সাড়া পেলেও কঙ্গনার কাজ কিন্তু বেশ নজর কেড়েছে।

