Kareena Kapoor parenting advice: ছেলেরা কাঁদলে দুর্বল হয়ে যায়? ছোট্ট তৈমুর, জেহকে কোন শিক্ষায় বড় করছেন করিনা?
Kareena Kapoor parenting: ছেলেরা কাঁদলে দুর্বল হয়ে যায়? এই পুরোনো ধ্যানধারণাকে এক ঝটকায় ভুল প্রমাণ করলেন করিনা কাপুর। দুই ছেলে তৈমুর আর জেহকে কষ্ট চেপে রাখার বদলে মন খুলে কাঁদার ও নিজের আবেগ প্রকাশ করার সম্পূর্ণ স্বাধীনতা দিচ্ছেন তিনি।

করিনা কাপুর (Kareena Kapoor) কি শুধু রূপোলি পর্দার গ্ল্যামারাস নায়িকা? নাকি ঘরে তিনি আর পাঁচজন মায়ের মতোই সন্তানদের মানুষ করতে গিয়ে চিন্তায় পড়েন? সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের মনের সব কথা উজাড় করে দিলেন নবাব-পত্নী। জানিয়ে দিলেন, দুই ছেলে, তৈমুর আর জেহকে মানুষ করার সময় তিনি কখনও চান না তারা মনের কষ্ট চেপে রাখুক। ছেলে হলেও মন খারাপ হলে বুক ফাটিয়ে কাঁদার পুরো স্বাধীনতা রয়েছে তাদের।
বলিউড অভিনেত্রী করিনা কাপুর ও সইফ আলি খানের দুই পুত্র সন্তান। বড় ছেলে তৈমুর আলি খান জন্মের পর থেকেই পাপারাৎজি আর সাধারণ মানুষের চোখের মণি। এমনকি বাজারে তার নামের পুতুল পর্যন্ত বিক্রি হয়েছিল। ছোট ছেলে জেহও সোশাল মিডিয়ায় সমান জনপ্রিয়। তবে এমন তারকা মা হয়েও সন্তানদের বড় করার ক্ষেত্রে করিনা কিন্তু ভীষণ বাস্তববাদী।
মেঘনা গুলজারের পরিচালনায় আসছে করিনার নতুন ছবি ‘দায়রা’। সেই ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসেই মাতৃত্ব নিয়ে মনখোলা আড্ডায় মাতেন অভিনেত্রী। করিনা স্পষ্ট বলেন, “আমি দুটো ছেলের মা। মাঝে মাঝে ভীষণ ভয় করে। মা হিসেবে সবসময় সন্তানদের সেরাটা দিতে চাই, ওদের রক্ষা করতে চাই। কিন্তু একই সঙ্গে চাই ওরা যেন দয়ালু মানুষ হয়ে ওঠে।”
আমাদের সমাজে বহু বছর ধরে একটি ভুল ধারণা চলে আসছে, মেয়েরাই শুধু আবেগপ্রবণ হয়, আর ছেলেদের শক্ত হতে হয়, কাঁদতে নেই। এই ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বেবো। তাঁর কথায়, “এখনকার দিনে ছেলে বা পুরুষদের আবেগ প্রকাশ করতে কোনও লজ্জা নেই। মা বা কোনও মেয়ের সামনে ছেলেদের কাঁদতে ভয় পাওয়া উচিত নয়। আমি নিজেই ছেলেদের বলি, মন খারাপ হলে বা কাঁদতে ইচ্ছে করলে কাঁদতেই পারো। সেই অনুভূতিটা ভেতর থেকে উপলব্ধি করা খুব দরকার।”
আগামী ১৮ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে করিনার নতুন ছবি ‘দায়রা’। যেখানে তাঁর সঙ্গে দেখা যাবে দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনকে। দুই পুলিশ অফিসারের চোখ দিয়ে এক জটিল তদন্তের গল্প বলবে এই ছবি। তবে ছবি মুক্তির উত্তেজনার মাঝেও মা হিসেবে করিনার এই সংবেদনশীল বার্তা নেটপাড়ায় অনেকেরই মন ছুঁয়ে গিয়েছে।
