Khatron Ke Khiladi 15: ফুটন্ত মোমে হাত পুড়ছে! যন্ত্রণায় চিৎকার রুবিনার, জনপ্রিয় গেম শো কি অত্যাচারে পরিণত হচ্ছে?
Boiling Wax Task: "আমার জীবন বেরিয়ে যাচ্ছে!", যন্ত্রণায় আর্তনাদ রুবিনা দিলাইকের! হাতের তালুতে টপটপ করে পড়ছে ফুটন্ত গরম মোম। পাশে দাঁড়িয়ে হাউহাউ করে কাঁদছেন ছোট্ট রুহানিকা ধাওয়ান। 'খতরোঁ কে খিলাড়ি ১৫'-এর সেটে এ কী হচ্ছে? স্টান্টের নামে কি এবার মাত্রা ছাড়াল অত্যাচার? প্রশ্ন তুলছেন অনেকেই।

রুবিনা দিলাইক ( Rubina Dilaik ) চিৎকার করে বলছেন, আমার জীবন বেরিয়ে যাচ্ছে! হাতের উপর টপটপ করে পড়ছে ফুটন্ত গরম মোম। পাশে কাঁদছেন রুহানিকা ধাওয়ান। এই দৃশ্য দেখে এবার রীতিমতো ক্ষুব্ধ দর্শক। প্রশ্ন তুলছেন, ‘এটা কি স্টান্ট নাকি অত্যাচার?’
ঠিক কী ঘটেছে? রোহিত শেট্টি ( Rohit Shetty ) সঞ্চালিত খতরোঁ কে খিলাড়ি ১৫ নিয়ে বিতর্ক তুঙ্গে। এবারের এলিমিনেশন টাস্কে ডাকা হয় রুবিনা দিলাইক, রুহানিকা ধাওয়ান, হর্ষ গুজরাল এবং বিশাল আদিত্য সিংকে। নিয়ম ছিল বেশ ভয়ঙ্কর। হাত পেতে রাখতে হবে, উপর থেকে ফেলা হবে গরম মোম। যে যত বেশি মোম জমাতে পারবে, সে-ই জিতবে। সময় ১০ মিনিট। যখন ইচ্ছে ছেড়ে বেরিয়ে যাওয়া যাবে।
শুরুতেই ভয় পেয়ে যান রুহানিকা। রুবিনা তাঁকে সাহস দিতে গিয়েও নিজেই বলেন, আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই যন্ত্রণা সহ্য করতে সব শক্তি লাগবে। বিশাল এই টাস্ককে বলেন, যন্ত্রণাকে নিলামে ওঠানোর খেলা। শো শুরুর আগে রোহিত জানান, পুরোটা হবে ডাক্তারের নজরদারিতে। কিন্তু মোম পড়তেই পরিস্থিতি বদলে যায়। সবাই যন্ত্রণায় চিৎকার করতে শুরু করেন। রুহানিকা মাঝপথে কেঁদে ফেলে টাস্ক ছেড়ে দেন। রোহিত যখন বলেন মোমের ধারা আরও বাড়ানো হবে, তখন রুবিনা বলে ওঠেন, এবার মনে হচ্ছে ছুঁচ ফুটছে। মোমটা ভিতরে ঢুকে যাচ্ছে। আর পারছি না। এই কথাটা শুনেই নড়েচড়ে বসেছেন দর্শক।
শেষ পর্যন্ত এই টাস্ক জেতেন হর্ষ গুজরাল। আর এলিমিনেশন স্টান্ট শেষ করতে না পারায় শো থেকে ছিটকে যান বিশাল আদিত্য সিং। পরে বিশাল বলেন, আমরা শো করতে এসে নিজের পায়ে নিজেই গুলি করছি। খুব কষ্ট হয়। রুবিনাও বলেন, চামড়া আর সহ্য করতে পারছিল না। কথা বলারও শক্তি ছিল না।
এটা প্রথমবার নয়। ঠিক আগের সপ্তাহে রাবার বুলেটের টাস্কে চারজন প্রতিযোগীর গায়ে কালশিটে পড়ে গিয়েছিল। তখনও নেটপাড়ায় ঝড় ওঠে। এবার গরম মোম দেখে একজন লেখেন, ফোসকা পড়ে যাবে তো। আরেকজন লেখেন, দেখে মনে হচ্ছে অত্যাচার চলছে। অনেকেই মনে করিয়ে দেন, খতরোঁ কে খিলাড়ি ১০-এ তেজস্বী প্রকাশও একই রকম মোমের টাস্ক করেছিলেন।
তবে শো-এর পাশেও দাঁড়িয়েছেন কেউ কেউ। তিনবার এই শো করা করণ ওয়াহি বলেন, আমাদের সব নিয়ম খুব ভালো করে বোঝানো হয়। সুরক্ষার সব ব্যবস্থা থাকে। অভিকা গোরও বলেন, অনেক পরিকল্পনা, ডাক্তার, বিশেষজ্ঞ দল থাকে। বানিজয় এশিয়ার সিইও দীপক ধর বলেন, শো-টা পুরোটা খারাপ নয়। আপাতত বিতর্কের মধ্যেই চলছে খতরোঁ কে খিলাড়ি ১৫। প্রতি শনি ও রবিবার রাত ৯টায় কালার্স টিভি এবং জিও হটস্টারে দেখা যাচ্ছে শোটি।
