AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Karan Johar: ‘কারও ভালো হয়নি…’ ২২ বছরের সফরে ইতি টানছেন করণ! কোন বড় সিদ্ধান্ত নিলেন পরিচালক?

Koffee With Karan New seasons: দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলিপাড়ার এই নামজাদা পরিচালক আরও যোগ করেন, “ভালো কিংবা মন্দ—প্রতিটি মুহূর্তে দর্শকরা আমার পাশে ছিলেন। তাঁরা আমাদের সঙ্গে হেসেছেন, তর্ক জুড়েছেন, সমালোচনা করেছেন, আবার ভালোবাসাও উজাড় করে দিয়েছেন।

Karan Johar: 'কারও ভালো হয়নি...' ২২ বছরের সফরে ইতি টানছেন করণ! কোন বড় সিদ্ধান্ত  নিলেন পরিচালক?
| Updated on: Sep 30, 2026 | 7:08 PM
Share

দীর্ঘ ২২ বছরের আড্ডা, হাসি, গসিপ আর একাধিক বিতর্কের পর এবার চিরতরে বন্ধ হতে চলেছে বলিউডের অন্যতম চর্চিত টক শো ‘কফি উইথ করণ’। সম্প্রতি একটি আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করে এই বড় ঘোষণার কথা জানালেন অনুষ্ঠানের জনপ্রিয় সঞ্চালক তথা প্রযোজক-পরিচালক কর্ণ জোহর। তিনি স্পষ্টভাবে জানান, আগামী নবম সিজনই হতে চলেছে এই সেলিব্রিটি চ্যাট শোর শেষ অধ্যায়। ১৪ অক্টোবর থেকে শুরু হতে চলেছে অন্তিম এই সিজনের সম্প্রচার।

২০০৪ সালে পথচলা শুরু করেছিল ‘কফি উইথ কর্ণ’। তারকাদের ভেতরের খবর, গোপন প্রেম, সমীকরণের বদল এবং ‘র‍্যাপিড ফায়ার’ রাউন্ডের বিতর্কিত সব মন্তব্যের কারণে শুরু থেকেই এই শোর টিআরপি ছিল আকাশছোঁয়া।

নিজের দীর্ঘ অনুভূতির ঝাঁপি খুলে করণ বলেন, “অনেক সফরের শেষ আমরা আগে থেকে পরিকল্পনা করি না। তবে একটা সময় মন থেকেই সায় মেলে যে, এবার থামার সঠিক সময় এসেছে। ‘কফি উইথ করণ’ আমার জীবনের সবচেয়ে স্মরণীয় একটা অধ্যায়। এই শো আমাকে উপহার দিয়েছে অজস্র বন্ধু, অবিশ্বাস্য সব স্মৃতি, পাগলামি আর একরাশ ভালোবাসা। অবশ্য তার পাশাপাশি বিতর্কের ঝড়ও কম ওঠেনি!”

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলিপাড়ার এই নামজাদা পরিচালক আরও যোগ করেন, “ভালো কিংবা মন্দ—প্রতিটি মুহূর্তে দর্শকরা আমার পাশে ছিলেন। তাঁরা আমাদের সঙ্গে হেসেছেন, তর্ক জুড়েছেন, সমালোচনা করেছেন, আবার ভালোবাসাও উজাড় করে দিয়েছেন। তাই এই বিদায়বেলা অত্যন্ত আবেগের। তবে মনে হচ্ছে সিদ্ধান্তটা একদম সঠিক। যাঁরা এতগুলো বছর এই শো-কে ভালোবাসা দিয়েছেন, তাঁদের সঙ্গেই শেষবারের মতো কফির কাপে চুমুক দিতে চাই।”

প্রকাশিত ভিডিওটিতে অতীত স্মৃতিতে ডুব দিয়ে বাবা যশ জোহরের কথাও স্মরণ করেন করণ। ২০০৪ সালের জুন মাসে বাবাকে প্রথম নিজের এই টক শোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। স্মৃতির সরণি বেয়ে করণ বলেন, “বাবা শুনেই হেসে উঠে বলেছিলেন— ‘করণ, তুমি তো বন্ধুদের ডেকে আড্ডা মারবে! যেগুলো এমনিতেই করো, তার জন্য আবার তোমায় কে টাকা দেবে?’ কিন্তু এর কিছুদিন পরেই, অর্থাৎ ২৬ জুন বাবা মারা যান। আর সেই বছরেরই ১৬ আগস্ট এই শোর শুটিং শুরু করি।”

আবেগ সামলে করণ আরও বলেন, “আজ ৮টি সফল সিজন, দীর্ঘ ২২টি বছর এবং ১৬১টি পর্ব পেরিয়ে আমি এখানে দাঁড়িয়ে। এই দীর্ঘ সফরে অনেক সমীকরণ বদলেছে। প্রেমিক-প্রেমিকাদের ডেকেছি, বন্ধুদের এনেছি, পুরো পরিবারকে ডেকেছি। অনেককে ডেকেছি যাঁরা পরবর্তীতে প্রাক্তন হয়েছেন, আবার অনেকে সংসারও পেতেছেন!”

উল্লেখ্য, অন্তিম সিজনে কর্ণের কফির কাউচে অতিথি হিসেবে কারা বসছেন, তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে টিনসেল টাউনে। উদীয়মান তারকা আহান পাণ্ডে ও অনীত পড্ডা থেকে শুরু করে চর্চিত জুটি বিজয় দেবেরকোন্ডা ও রশ্মিকা মন্দানার নাম নিয়ে শোরগোল তুঙ্গে। এখন দেখার, বিদায়বেলায় বিনোদনের ঠিক কী কী নতুন ধামাকা নিয়ে হাজির হন করণ জোহর।

Follow Us