
সোনারপুর দক্ষিণ থেকে বিধানসভা নির্বাচনে টিকিট পেলেন অভিনেত্রী লাভলি মৈত্র। টিকিট পেয়ে কতটা উচ্ছ্বসিত? TV9 বাংলাকে লাভলি বললেন, ”আমি খুব উচ্ছ্বসিত, দল-নেত্রীর কাছে কৃতজ্ঞ। দ্বিতীয়বার সুযোগ পেলাম, একই কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার। খুব ভালো লাগছে। দায়িত্ব অনেক বেড়ে গেল। কারণ একই কেন্দ্রে মানুষের বেশি প্রত্যাশা থাকবে। আমার লক্ষ্য বেশি ব্যবধানে জয় পাওয়া।”
চিরসখা ধারাবাহিকে আপাতত দেখা যাবে না লাভলিকে। অভিনেত্রী বললেন, ”নির্বাচনের সময়ে ধারাবাহিকে কাজ করা সম্ভব নয়। ‘চিরসখা’-র শুটিং বন্ধ রাখতেই হবে। এখন পুরোপুরি নির্বাচন সংক্রান্ত কাজ করব। অন্য সময়ে দু’টোর মধ্যে ভারসাম্য রাখি। যেহেতু অভিনয় আর রাজনীতি দু’টোই আমার ভালোবাসার জায়গা।”
লাভলি টিকিট পাবেন না, এরকম জল্পনা ছিল। মুখ্যমন্ত্রী নাকি লাভলিকে বলেছেন, সোনারপুর দক্ষিণ থেকে টিকিট দেওয়া যাবে না, এমন খবর ছড়িয়ে পড়েছিল। এই বিষয়ে কী বলছেন লাভলী? ”দল কোথা থেকে কাকে প্রার্থী করবে, সেটা শুধু দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত। সেটা নিয়ে আমি-তুমি যা জল্পনা-কল্পনা করি, সেগুলোর কোনও গুরুত্ব নেই। কিছু মানুষ আছে, যাঁদের কাজ কুত্সা করা, অপপ্রচার করা। তাঁদের কেউ আটকাতে পারবেন না। আটকাতে চাই না। যাঁরা খুব নিম্নরুচির লোক, এগুলো তাঁদের কাজ। অসত্য কথা বলা, মিথ্যা স্টোরি, মিথ্যা ঘটনা, যেটা হয়নি সেটা বলা…বহু বছর অভিনয় করে দেখেছি, কিছু মানুষ ট্রোল করেন। কুরুচিকর এসব কথায় কান না দেওয়াই ভালো। আবার বহু মানুষ ভালোবাসা দেন, আশীর্বাদ দেন। সেজন্যই আমরা সফলভাবে কারতে পারি”, বক্তব্য বিধায়কের।
লাভলী যোগ করেন, ”এসব কুত্সা, অপপ্রচার আমাকে বিচলিত করে না। আমার ভরসা আছে দলের উপর, নেতৃত্বের উপর। সোনারপুর দক্ষিণে আমি কী কাজ করেছি নিজে বলব না। এখানকার মানুষ বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে আমি সাধ্যমতো চেষ্টা করেছি। আশাবাদী, এই আসন থেকে আবার জয় পাবো।”