Tiger Shroff firing update: টাইগারের গাড়ি লক্ষ্য করে চলে একের পর এক গুলি! বড়সড় বিপদের পর কী জানালেন বাবা জ্যাকি?
Ayesha Shroff breaks silence: রবিবার মুম্বইয়ের জুহুতে বিএমডব্লিউ গাড়িতে টাইগার শ্রফকে লক্ষ্য করে ভয়াবহ গুলি চলে। একটুর জন্য জমের দুয়ার থেকে ফিরেছেন অভিনেতা। ছেলের এমন ভয়ংকর বিপদের পর অবশেষে মুখ খুললেন মা আয়েশা শ্রফ। কী বললেন তিনি?

রবিবার এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন বলিউড অভিনেতা টাইগার শ্রফ (Tiger Shroff)। বিএমডব্লিউ (BMW) গাড়িতে থাকা অবস্থায় টাইগার শ্রফকে লক্ষ্য করে চলে এলোপাথাড়ি গুলি। একটুর জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন অভিনেতা। এটি কোনও সিনেমার শুটিং নয়, একেবারে বাস্তবের হাড়হিম করা ঘটনা!
১৮ অক্টোবর সন্ধ্যায় জুহুর পুষ্পা পার্কের কাছে তখন রীতিমতো ভিড়। ফুটবল খেলা সেরে নিজের বিএমডব্লিউ গাড়িতে করে বাড়ি ফিরছিলেন টাইগার। অভিনেতাকে এক ঝলক দেখতে সেখানে ভিড় জমেছিল। ঠিক সেই সময়েই বাইকে করে আসে তিন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ভিড়ের মাঝেই অভিনেতাকে লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি চালায় তারা।
ছেলের এমন ভয়ানক বিপদের খবরে স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্কে ছিল গোটা শ্রফ পরিবার। তবে ছেলে সুরক্ষিত থাকায় অবশেষে মুখ খুলেছেন টাইগারের বাবা জ্যাকি শ্রফ (Jackie Shroff) এবং মা আয়েশা শ্রফ। ভক্তদের স্বস্তি দিয়ে জ্যাকি শ্রফের দল একটি বিবৃতি জারি করে জানিয়েছে, “টাইগার ভালো আছে।” অন্যদিকে, সংবাদমাধ্যমকে টাইগারের মা ছেলের শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে হাত দিয়ে ‘থাম্বস-আপ’ দেখান। স্বস্তির নিশ্বাস ফেলে তিনি শুধু বলেন, “ঈশ্বর কৃপাময়” (God is great)। এদিকে, ঘটনার পর টাইগারের প্রথম একটি ভিডিয়ো সামনে এসেছে, যেখানে তাঁকে পুলিশের গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছে। তাঁর ডান হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল এবং ক্যামেরার ফ্ল্যাশ থেকে তিনি মুখ লুকাচ্ছিলেন।
কোনও গুলি সরাসরি টাইগারের গায়ে লাগেনি। তবে খুব কাছ থেকে গুলি চলায় বারুদ এবং গাড়ির কাঁচ ভেঙে তাঁর হাত ও বুকে চোট লেগেছে। তবে তাঁর গাড়ির চালক এবং এক অটোচালক এই ঘটনায় জখম হয়েছেন। ড্রাইভারকে নানাবতী হাসপাতালে এবং অটোচালককে কুপার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই চালকের বয়ান রেকর্ড করেছে।
এদিকে, বিদেশে থাকা অনিল পণ্ডিত ও হরমন সান্ধু নামে দুই গ্যাংস্টার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। পোস্টটি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নামে করা হয়েছে। তবে এই দাবির সত্যতা যাচাই করা যায়নি।
প্রশাসনও এই ঘটনায় কড়া পদক্ষেপ করছে। ইতিমধ্যেই জুহু পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১০৯(১) ও ৩(৫) ধারা এবং অস্ত্র আইনে খুনের চেষ্টার এফআইআর দায়ের করেছে। আন্ধেরি থেকে হামলায় ব্যবহৃত বাইকটি উদ্ধার হয়েছে। তদন্তের জন্য টাইগারের সেই বিএমডব্লিউ গাড়িটিও থানায় নিয়ে গিয়েছে পুলিশ। জানা গিয়েছে, হামলাকারীদের একজনের ছবি পুলিশের হাতে এসেছে এবং সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্তের জন্য ১৫টি পুলিশ দল মোতায়েন করা হয়েছে।
খবর পেয়েই টাইগারের বাড়িতে ছুটে যান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি কড়া ব্যবস্থার আশ্বাস দিয়ে জানিয়েছেন, নব্বইয়ের দশকের মতো গ্যাংওয়ার মুম্বইয়ে আর বরদাস্ত করা হবে না। অন্যদিকে, এই বিপদের খবর পেয়ে রবিবার রাতেই টাইগারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে ছুটে যান চর্চিত প্রাক্তন প্রেমিকা দিশা পাটানি। গিয়েছিলেন পরিচালক জয়া আখতারও।
